সিংহল রাজ্যের জমিদার বাবু ও পন্ডিতের ‘ডিজি-ট্যাঁশ’ বৈঠক পুরোনো সখ্য ও নতুন আর্জি
একদা সিংহল রাজ্যের অধিপতি হলেন জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবু । রাজ্যের একমাত্র পাঠশালার শিক্ষক মৃনাল পন্ডিত। কড়া স্বভাবের মানুষ, ব্যাকরণ আর গণিতে ভুল দেখলে তার চোখ-মুখ লাল হয়ে যায়। অন্যদিকে এলাকার জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবু সবসময় ব্যস্ত, মুখে হাসি আর পকেটে এক গাদা উদ্বোধনী ফিতা। জমিদার ভানু বাবু সিংহাসনে বসার পূর্বে ঐ পাঠশালার প্রধান পন্ডিত ছিলেন। সেই সুবাদে জমিদার ভানু বাবুর সংগে মৃনাল পন্ডিতের একটি গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
একদিন মৃনাল পন্ডিত তার পাঠশালার ভাঙা চাল মেরামতের জন্য সরাসরি জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবুর-র সেরেস্তায় গিয়ে হাজির হলেন।
সেরেস্তায় ঢুকতেই মৃনাল পন্ডিত দেখলেন, জমিদার ভানু বাবু চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। মৃনাল পন্ডিত সজোরে গলা খাঁকারি দিলেন—"উহুম! জমিদার বাবু নমস্কার।
জমিদার ভানু বাবু ধড়ফড় করে চোখ মেলে চাইলেন। মৃনাল পন্ডিতকে দেখে চট করে মুখে সেই চেনা রাজনৈতিক হাসিটা ফুটিয়ে বললেন, "আরে পন্ডিত মশাই! আসুন, আসুন। বসুন। দেশের মেরুদণ্ডদের দেখলে আমার বুকটা জুড়িয়ে যায়। তা, হঠাৎ এই গরিবের কুটিরে?"
মৃনাল পন্ডিত গম্ভীর মুখে চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, "জমিদার বাবু, দেশের মেরুদণ্ড তো সোজা রাখার চেষ্টা করছি, কিন্তু পাঠশালার চালের যে অবস্থা, আগামী বর্ষায় সোজা হয়ে বসার উপায় থাকবে না। টিনগুলো সব চালুনির মতো হয়ে গেছে। হুজুর একটু অনুদানের ব্যবস্থা না করলে..."
জমিদার ভানু বাবু হাত তুলে তাকে থামিয়ে দিলেন। বেশ আধুনিক ভঙ্গিতে বললেন, "পন্ডিত মশাই, আপনি এখনো সেই পুরোনো আমলের ‘আবেদনপত্র আর অনুদান’ নীতিতে পড়ে আছেন? যুগ বদলেছে! এখন দেশ ডিজিটাল, গ্লোবাল! আমরা এখন ‘স্মার্ট’ উপায়ে কাজ করি।"
মৃনাল পন্ডিত ভুরু কুঁচকে বললেন, "স্মার্ট উপায়টা কীরকম হুজুর?"
জমিদার ভানু বাবু টেবিল চাপড়ে বললেন, "সিম্পল! আপনি পাঠশালায় গিয়ে একটা সেলফি তুলবেন। ব্যাকগ্রাউন্ডে থাকবে সেই ভাঙা চাল। ক্যাপশনে আমাকে ট্যাগ করে লিখবেন—‘জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবু মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি'। ব্যস! আমি সেটা আমার পেজ থেকে শেয়ার দিয়ে দেব। কমেন্ট বক্সে ঝড় উঠবে, লাইক পড়বে হাজার হাজার। ব্যস, ফান্ডিং এমনিতেই চলে আসবে!"
মৃনাল পন্ডিত কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর পকেট থেকে একটা লাল কালির কলম আর ডায়েরি বের করলেন।
জমিদার ভানু বাবু অবাক হয়ে বললেন, "কী লিখছেন পন্ডিত মশাই? কোনো কবিতার লাইন?"
মৃনাল পন্ডিত বললেন, "না জমিদার বাবু। আপনার ‘স্মার্ট’ ব্যাকরণটা একটু সংশোধন করছি। আপনি যে বললেন ‘সুদৃষ্টি কামনা করছি’—এখানে ‘সুদৃষ্টি’ শব্দটা ভুল। নেতিবাচক বিষয়ের ওপর দৃষ্টি আকর্ষণ করতে ‘তীব্র দৃষ্টি’ বা ‘জরুরি নজর’ বলতে হয়। আর আপনি যে বললেন ‘ফান্ডিং এমনিতেই চলে আসবে’, এটা ব্যাকরণগতভাবে ‘ভবিষ্যৎ অনিশ্চিত কাল’। লাইক আর কমেন্ট দিয়ে তো আর টিনের চাল কেনা যাবে না, ওটার জন্য ‘নগদ টাকা’ নামক বিশেষ্য পদের প্রয়োজন।"
জমিদার ভানু বাবু একটু আমতা আমতা করে বললেন, "আরে পন্ডিত মশাই, আপনি তো দেখি সেরেস্তায় এসেও ক্লাস নেওয়া শুরু করলেন! রাজনীতিতে ব্যাকরণ চলে না, এখানে চলে আবেগ আর অ্যালগরিদম!"
মৃনাল পন্ডিত হাসলেন। তিনি বললেন, "আচ্ছা ঠিক আছে। তাহলে একটা চুক্তি হোক। আমি একটা সেলফি তুলব আপনার সাথে। ক্যাপশনে লিখব—‘এলাকার অদ্যক্ষ জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবু মৃনাল পন্ডিতের ক্লাসে ব্যাকরণ শিখছেন’। এটা পোস্ট করলে লাইক-কমেন্ট আরও বেশি হবে। যুবসমাজ অনুপ্রাণিত হবে।"
জমিদার ভানু বাবু এবার একটু ঘাবড়ে গেলেন। নিজের এলাকায় ব্যাকরণ না জানার ট্রোল হওয়া কোনো ব্যক্তির জন্যই ভালো নয়! আর তিনি তো জমিদার বাবু। জমিদার ভানু বাবু চট করে ড্রয়ার খুলে একটা চেক বই বের করলেন। কলম দিয়ে খপখপ করে একটা অঙ্ক লিখে মৃনাল পন্ডিতের হাতে বাড়িয়ে দিলেন।
জমিদার ভানু বাবু হেসে বললেন, "এই নিন পন্ডিত মশাই, পাঠশালার চাল মেরামতের বিশেষ বরাদ্দ। তবে একটা অনুরোধ..."
মৃনাল পন্ডিত চেকটা পকেটে পুরে বললেন, "কী অনুরোধ?" হুজুর বলুন
"ডিজিটাল যুগে সব ঠিক আছে, কিন্তু দয়া করে আমার ব্যাকরণ নিয়ে আর কোথাও কোনো ‘পোস্ট’ দেবেন না! রাজনীতির চাল ভাঙলে জোড়া দেওয়া কঠিন!" পন্ডিত মশাই, এখন থেকে আপনার সববিষয় আমি পাশ করে দিব।
মৃনাল পন্ডিত হেসে বললেন, "সঠিক বলেছেন জমিদার বাবু। তাহলে আপনার সংগে আমাই এই চুক্তিই রইল। একেই বলে ‘শুদ্ধ প্রয়োগ’। আসি হুজুর!"
পন্ডিত মশাই কক্ষ থেকে বের হতেই জমিদার ভানু বাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে পেয়াদা-কে ডেকে বললেন, "শোনো, এরপর থেকে মৃনাল পন্ডিত সেরেস্তায় এলে আগেই বলবে তার বসকিছু হয়ে যাবে, তবে জমিদার বাবু জরুরি ‘বানান’ সংশোধনের কাজে ঢাকায় আছে!"
