কাজিপুরের স্থলবাড়িতে অভিযানে ১০২ পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩।
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (রবিবার) দুপুরে উপজেলার স্থলবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার একটি দল স্থলবাড়ি গ্রামের মাদক কারবারি মো. শাহ আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় চান মিয়া শেখের ছেলে মাদক কারবারি শাহ আলমকে (৩৪) গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও একই বাড়ি থেকে স্থলবাড়ি গ্রামের মৃত আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নতুন মাইজবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে রাশেদ রানাকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, স্থলবাড়ি গ্রামটিকে বর্তমানে মাদকের একটি নিরাপদ স্পট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক সচেতন মানুষ এলাকায় মাদকের এ ভয়াবহ বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এই স্পটটি পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
