নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

শাকিল হত্যা মামলা : ফের দুই দিনের রিমান্ড অভিযুক্ত মিন্টুর

ছাত্রদল নেতা শাকিল হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার নয়াবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা মোটরসাইকেলটি নীল-সাদা রঙের। ঘটনার সময় সড়কে পড়ে যাওয়ায় এর ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। মোটরসাইকেলটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রবাসী রাসেল হোসাইন ও মিন্টুকে ঘিরে পাওয়া বিভিন্ন সন্দেহ ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাননি তিনি। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন শাকিল ইসলাম। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মালিকানা শনাক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

শাকিল হত্যা মামলা : ফের দুই দিনের রিমান্ড অভিযুক্ত মিন্টুর

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। এ মামলায় গ্রেপ্তার স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর আমলি আদালতে মিন্টুকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। শুনানি শেষে বিচারক মো. মাহমুদুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর একই মামলায় মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় তাকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে সেদিন শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের অনুমতি দেন। তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুর রিমান্ড চাওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার দুপুর থেকে বুধবার (৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তার রিমান্ড কার্যক্রম চলবে। তবে তদন্তের অগ্রগতি কিংবা হত্যাকান্ডে কারা জড়িত থাকতে পারেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পরিকল্পিত হামলা, ১২ দিনের লড়াই শেষে মৃত্যু :
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। হেলমেট পরিহিত কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুরুতর আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গুরুদাসপুরসহ নাটোরের রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন ২৭ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ এলাকা গুরুদাসপুরে। রাত সাড়ে ১০টার দিকে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমপি-পুত্র গ্রেপ্তার, যুবদল থেকে বহিষ্কার :
শাকিল হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের একজন সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর ঘটনায় জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত মিন্টুর ব্যক্তিগত কর্মকান্ডের দায় দল নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের দিকে তাকিয়ে স্বজন ও এলাকাবাসী :
একজন তরুণ রাজনৈতিক কর্মীর এমন নৃশংস হত্যাকান্ডে গুরুদাসপুরজুড়ে এখনো শোক ও উদ্বেগ বিরাজ করছে। অন্যদিকে, মামলার তদন্ত এবং ধারাবাহিক রিমান্ডকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে হত্যাকান্ডের নেপথ্যের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয়। তবে নুরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের প্রকৃত রহস্য, হামলার উদ্দেশ্য এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। এখন সবার নজর তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে। শাকিল হত্যার পেছনে কারা ছিল, কী ছিল হামলার নেপথ্যের কারণ এবং এই হত্যাকান্ডের বিচার কত দ্রুত নিশ্চিত হয়—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।