নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
গল্প-কবিতা

বন্ধক

তোমার উপহার দেয়া কবিতা লেখার কলম
বন্ধক রেখে ফেরিওয়ালা হয়েছি প্রিয়তমা
গণিকা শহরতলীতে ফেরি করি সুগন্ধি সাবান
তাদের গোসলের সাবানের ফেনা অফুরান
তাদের গায়ে মাখা সাবানের ঘ্রাণে প্রত্যহ
আকাশ থেকে খসে পড়ে দু'একটা নক্ষত্র
পা পিছলে পড়ে যায় দুই এক জন সাধু
হরেকরকম বিবেক হেথা সন্ধান করে মধু।

সাদা অন্ধকারে রোজই দেখি রেলিং বিহীন সিঁড়ি,
পলেস্তারা খসে পড়া ঘর, ছাদে মেলা স্তন বেষ্টনী
উলটা করে সেমিজ পরিহিতা রমনীর বিছানা
তার পাশে ঝোল মাখা আড়ষ্ট ভাতের থালা।

কবিতা লেখার কলম বন্ধক রেখে এসেছি প্রিয়
উড়িয়ে এনেছি সুগন্ধি সাবান দামী পানীয়
আকাশ থেকে নিয়ত খসে পড়া নক্ষত্ররাজি
প্রায়শই পা পিছলে পড়ে যাওয়া সাধু-সন্ন্যাসী
খালি তেলের বোতলে লাগানো নয়নতারা
কাঙ্ক্ষিত রমনীকে না দিতে পারা রজনীগন্ধ্যা
টুকরো স্মৃতি, চেপে রাখা অভিমানী শব্দমালা
কলম দিয়েছি বন্ধক, এখন এসব যাবে কি বলা?