নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
খেজুরের রসে জাগে গ্রামীণ অর্থনীতি, গুড়ে বদলায় হাজারো জীবন

‘শীতের রসে ৬৪ কোটির অর্থনীতি : গুড় ঘিরে সাড়ে পাঁচ হাজার মানুষের জীবিকা

‘শীতের রসে ৬৪ কোটির অর্থনীতি : গুড় ঘিরে সাড়ে পাঁচ হাজার মানুষের জীবিকা

পুবের আকাশ তখনো পুরোপুরি ফর্সা হয়নি। ঘাসের ডগায় জমে আছে শিশির, চারপাশ কুয়াশায় ঢাকা। এমন ভোরেই খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে বাড়ি ফিরছেন গাছিরা। উঠানে জমা হচ্ছে মাটির হাঁড়িভর্তি রস। এরপর শুরু হয় ছাঁকা, চুলায় আগুন জ্বালানো, বড় কড়াইয়ে রস জ্বাল দেওয়া। কয়েক ঘণ্টার শ্রমে তরল রস ঘন হয়ে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। শীতের এই পরিচিত দৃশ্য এখন শুধু গ্রামীণ ঐতিহ্যের অংশ নয়; নাটোরের লালপুরে এটি হয়ে উঠেছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ডের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। লালপুরের ওয়ালিয়া গ্রামের কমেলা বেগমের বাড়িতে শীতের সকাল শুরু হয় এভাবেই। সম্প্রতি এক সকালে ওয়ালিয়া মধ্যপাড়ায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে বড় চুলার পাশে ব্যস্ত তিনি। ছোট ছোট হাঁড়ি থেকে রস ঢালছেন বড় পাত্রে। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই রস ঢালছেন টিনের তৈরি বড় কড়াইয়ে। চুলায় জ্বলছে আগুন, ধীরে ধীরে ফুটছে রস। পানি শুকিয়ে ঘন হচ্ছে, তৈরি হচ্ছে গুড়। পঞ্চাশোর্ধ্ব কমেলা বেগমের সংসারে স্বামী, ছেলে, ছেলের স্ত্রী ও ছোট নাতি—পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই শীত মৌসুমে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত হন। প্রায় ১০ বছর ধরে তাঁরা এ কাজ করছেন। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি গুড় তৈরি করে বাড়তি আয় করছেন কমেলা। তাঁদের নিজস্ব পাঁচটি খেজুরগাছ রয়েছে। পাশাপাশি মৌসুমের জন্য আরও ১১৫টি গাছ ইজারা নিয়েছেন। প্রতিটি গাছের জন্য মালিককে দিতে হয় ৬০০ থেকে ৭০০ টাকা। অর্থাৎ শুধু গাছ ইজারা নিতেই মৌসুমে তাঁদের খরচ হয় ৬৯ হাজার থেকে ৮০ হাজার ৫০০ টাকা। পরিবারটির হিসাব অনুযায়ী, এসব গাছ থেকে প্রতিদিন ৩৫ থেকে ৪০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। প্রতি কেজি গুড় পাইকারি বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকায়। সে হিসাবে দৈনিক বিক্রির পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৭৫০ থেকে ১২ হাজার টাকা। তবে গাছ ইজারার অর্থ ছাড়াও জ্বালানি, শ্রম ও পরিবহনসহ রয়েছে নানা খরচ। ফলে বিক্রির পুরো অর্থই তাঁদের লাভ নয়। কমেলা বেগম বলেন, রং কিংবা চিনি মেশানো ছাড়াই তাঁরা খাঁটি খেজুরের গুড় তৈরি করেন। শীতের কয়েক মাস গুড় তৈরি করে যে বাড়তি আয় হয়, তা দিয়ে সংসারের প্রয়োজন মেটান। এই কাজের আয়েই পরিবারে সচ্ছলতা এসেছে, বাড়িতে দালান তুলেছেন। কমেলা বেগমের পরিবারের গল্পটি বিচ্ছিন্ন নয়। ওয়ালিয়া গ্রামেই আরও ২০ থেকে ২৫টি পরিবার খেজুরের গুড় তৈরি করে। লালপুরের বিভিন্ন গ্রামে শীত এলেই শুরু হয় এমন কর্মযজ্ঞ। এতে যুক্ত হচ্ছেন বিপুলসংখ্যক নারী। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ। তাঁদের মধ্যে নারী প্রায় দেড় হাজার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি—চার মাস চলে এই মৌসুমি উৎপাদন। অর্থাৎ খেজুরের রস ও গুড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থানীয় কর্মসংস্থান ও ব্যবসার একটি বিস্তৃত ক্ষেত্র।
রস থেকে গুড়, ভোর গড়িয়ে দুপুর :
খেজুরের গুড় তৈরির কর্মযজ্ঞ শুরু হয় ভোর হওয়ার আগেই। আগের দিন বিকেলে গাছিরা খেজুরগাছের মাথা পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করেন। গাছের কাটা অংশে বাঁশের নল বসিয়ে ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাঁড়ি। রাতভর সেই হাঁড়িতে ফোঁটায় ফোঁটায় জমে রস। ভোরে গাছিরা গাছ থেকে হাঁড়ি নামিয়ে রস বাড়িতে নিয়ে আসেন। এরপর রস ছেঁকে বড় কড়াইয়ে ঢালা হয়। চুলায় আগুন জ্বালিয়ে শুরু হয় জ্বাল দেওয়ার কাজ। দীর্ঘ সময় তাপ দেওয়ায় রসের পানি বাষ্প হয়ে উড়ে যায়। ধীরে ধীরে রস ঘন ও আঠালো হয়ে ওঠে। নির্দিষ্ট ঘনত্বে পৌঁছালে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে তৈরি করা হয় গুড়। চাহিদা অনুযায়ী তা পাটালি কিংবা ঝোলা গুড় হিসেবে বিক্রি হয়। এই পুরো প্রক্রিয়ায় সময় ও শ্রম দুটিই লাগে। রস সংগ্রহের কাজ মূলত গাছিরা করলেও রস ছাঁকা, জ্বাল দেওয়া এবং গুড় তৈরিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নেওয়ায় মৌসুমজুড়ে উৎপাদন চালিয়ে নেওয়া সহজ হয়। ফলে ঐতিহ্যবাহী এই পেশা গ্রামীণ নারীদের ঘরে বসে আয় করারও সুযোগ তৈরি করেছে।
দুইশ বছরের ঐতিহ্যে নতুন অর্থনীতি :
স্থানীয়ভাবে প্রচলিত আছে, লালপুরে খেজুরের রস থেকে গুড় তৈরির ঐতিহ্য প্রায় ২০০ বছরের। স্থানীয় প্রবীণ গাছি আবু তালেব জানান, তাঁর দাদার কাছেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির গল্প শুনেছেন। আগে বাড়িতে পিঠাপুলি তৈরির জন্যই মূলত গুড় বানানো হতো। বাজারে বিক্রির চল ছিল খুব কম। সময়ের সঙ্গে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি মানুষ বাজারে গুড় বিক্রি শুরু করেন। এখন খেজুরের গুড়ের চাহিদা বেড়েছে, খাঁটি গুড়ের দামও ভালো। তাই শীত এলেই গ্রামে গ্রামে শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা। ঐতিহ্যকে আরও বড় বাজারে পৌঁছে দেওয়ার সম্ভাবনাও দেখছেন উৎপাদকরা। ওয়ালিয়া গ্রামের গাছি জাহিদ হাসান মনে করেন, খেজুরের গুড় দেশের বাইরের বাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হলে উৎপাদকরা আরও লাভবান হবেন। এ জন্য সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থারও দাবি জানান তিনি।
হাট পেরিয়ে গুড়ের বাজার অনলাইনে :
লালপুরের গোপালপুর ও ওয়ালিয়া খেজুরের গুড়ের বড় বাজার হিসেবে পরিচিত। পাশের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারেও রয়েছে গুড়ের উল্লেখযোগ্য বেচাকেনা। মৌসুমজুড়ে এসব বাজারে স্থানীয় উৎপাদকদের পাশাপাশি বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসেন। এখান থেকে গুড় কিনে তাঁরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ঢাকা থেকে বনপাড়া বাজারে গুড় কিনতে আসেন ব্যবসায়ী আহসান হাবিব। তিনি জানান, প্রতি হাটে চার থেকে পাঁচ টন গুড় কেনেন। পরে সেগুলো প্যাকেটজাত করে ঢাকায় পাঠান। তাঁর মতো আরও ব্যবসায়ী নাটোরের বিভিন্ন হাট থেকে গুড় কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। এতে স্থানীয় উৎপাদকদের পাশাপাশি পরিবহন, প্যাকেটজাতকরণ ও বিপণনকাজেও তৈরি হচ্ছে আয়ের সুযোগ। প্রচলিত হাটবাজারের পাশাপাশি অনলাইনেও বাড়ছে লালপুরের খেজুরের গুড়ের বেচাকেনা। ওয়ালিয়া গ্রামের অনলাইন উদ্যোক্তা সোহান আলী নিজের ফেসবুক পেজের মাধ্যমে সারাদেশে গুড় বিক্রি করেন। তাঁর দাবি, প্রতিবছর অনলাইন ব্যবসায় প্রায় ৫০ লাখ টাকার গুড় বিক্রি করেন তিনি। বর্তমানে তাঁর ২০টির বেশি গুড় তৈরির চুলা রয়েছে। রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত রয়েছেন প্রায় ৫০ জন। সোহান আলী জানান, লালপুরে প্রায় ২০০টি অনলাইন পেজের মাধ্যমে খেজুরের গুড় বিক্রি হচ্ছে। অনলাইন বিপণনের ফলে উৎপাদক ও ব্যবসায়ীরা স্থানীয় হাটের বাইরেও সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। তবে এই ব্যবসার প্রসারে পণ্যের মান বজায় রাখা, ভেজালমুক্ত গুড় নিশ্চিত করা এবং পরিবহনের সময় গুণগত মান অক্ষুণ্ন রাখা গুরুত্বপূর্ণ।
৬৪ কোটি টাকার উৎপাদন সম্ভাবনা :
খেজুরের গুড় এখন শুধু লালপুরের ঐতিহ্য নয়, স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে লালপুরে খেজুরগাছের সংখ্যা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৫। চলতি মৌসুমে এসব গাছ থেকে ৩ হাজার ২১০ দশমিক ৫ টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গুড়ের গড় দাম ২০০ টাকা ধরে সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৪ কোটি ২১ লাখ টাকা। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, গ্রামীণ সড়কের পাশ, জমির আইল, অনাবাদি জমি ও বাড়ির আশপাশে খেজুরগাছ জন্মে। শীত মৌসুমে এসব গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। এতে স্থানীয় মানুষের বাড়তি আয় হয়, একই সঙ্গে অর্থনৈতিক কর্মকান্ডও বাড়ে। পুরোনো গাছ কাটার পাশাপাশি কৃষকরা নতুন গাছও লাগাচ্ছেন। খেজুরগাছের সংখ্যা ধরে রাখতে পরিচর্যা ও নতুন গাছ রোপণের বিকল্প নেই।
ঐতিহ্য থেকে টেকসই কর্মসংস্থানের সম্ভাবনা :
লালপুরের খেজুরের গুড়ের অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণও বাড়ছে। রস সংগ্রহ থেকে গুড় তৈরি, বাজারজাতকরণ ও অনলাইনে বিক্রি—প্রতিটি পর্যায়েই তৈরি হচ্ছে কাজের সুযোগ। মৌসুমি এই আয় দিয়ে অনেক নারী সংসারের খরচ জোগানোর পাশাপাশি নিজেদের প্রয়োজনও মেটাচ্ছেন। পরিবারে আসছে সচ্ছলতা। তবে এই সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে প্রয়োজন উৎপাদনের ধারাবাহিকতা, খেজুরগাছ সংরক্ষণ, উন্নত প্রক্রিয়াজাতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং বাজার সম্প্রসারণ। উৎপাদকদের সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও বিপণন সহায়তা দেওয়া গেলে এ খাতের বিকাশের সুযোগ আরও বাড়তে পারে। দেশের বাইরের বাজারে প্রবেশের উদ্যোগও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। শীতের ভোরে খেজুরগাছ থেকে ঝরে পড়া রস তাই এখন আর কেবল পিঠাপুলির উপকরণ নয়। এর প্রতিটি ফোঁটার সঙ্গে জড়িয়ে আছে গাছির শ্রম, নারীর কর্মসংস্থান, পরিবারের সচ্ছলতা এবং স্থানীয় ব্যবসার বিস্তার। দুইশ বছরের ঐতিহ্যকে ঘিরে গড়ে ওঠা এই অর্থনীতি যথাযথ পরিচর্যা ও পরিকল্পনা পেলে গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধির একটি কার্যকর সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে।