ট্রাফিক বিভাগের আধুনিক দায়িত্ব ১৩৩ বছরের পুরনো ভবনে
ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি, দেয়ালে ফাটল, হেলে পড়েছে সীমানাপ্রাচীর; দুর্ঘটনার শঙ্কায় পুলিশ সদস্য ও সাধারণ মানুষ
সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। রোদ-বৃষ্টি, ঝড় কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো কিছুই তাঁদের দায়িত্ব পালনে বাধা হতে পারে না। অথচ মানুষের নিরাপত্তায় নিয়োজিত এই পুলিশ সদস্যদের নিজেদের কর্মস্থলেই নেই নিরাপত্তার নিশ্চয়তা। নাটোর শহরে প্রায় ১৩৩ বছরের পুরোনো, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ভবনে চলছে ট্রাফিক পুলিশের দাপ্তরিক কার্যক্রম। ভবনের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে, দেয়ালে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল, খসে পড়েছে পলেস্তারা। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনের সীমানাপ্রাচীর ও পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকও। ফলে কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে সীমানাপ্রাচীর ঘেঁষে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।
নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর হাসপাতালসংলগ্ন স্থানে অবস্থিত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কার্যালয় এবং ট্রাফিক বিভাগের এই স্থাপনাটির বর্তমান অবস্থা দেখলে যে কারও মনে প্রশ্ন জাগবে—যে পুলিশ সদস্যরা প্রতিদিন অন্যের নিরাপত্তা নিশ্চিত করছেন, তাঁদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?
ইতিহাসের সাক্ষী ভবন, বর্তমানের ঝুঁকি :
সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কোথাও কোথাও খসে পড়েছে পলেস্তারা, আবার কোথাও দেয়ালের অবস্থা এতটাই নাজুক যে সামান্য আঘাতেই ইট ও পলেস্তারা খুলে পড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি ঢোকে অফিসকক্ষে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও অন্যান্য দাপ্তরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। শুধু দাপ্তরিক কার্যক্রমই নয়, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকের অবস্থাও একই রকম। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে বিছানাপত্র ও কাপড়চোপড় ভিজে যায়। প্রতিকূল পরিবেশে থাকতে হচ্ছে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের। কর্মস্থল ও আবাসিক স্থাপনা—দুই জায়গাতেই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ভবনটির বয়স ও জরাজীর্ণ অবস্থা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে সঙ্গে এর অবকাঠামোগত দুর্বলতা বেড়েছে। কিন্তু প্রয়োজনীয় সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম।
সীমানাপ্রাচীর ঘিরে বড় দুর্ঘটনার শঙ্কা :
ভবনটির সবচেয়ে উদ্বেগজনক অংশগুলোর একটি হলো সীমানাপ্রাচীর। বিশেষ করে নাটোর সদর হাসপাতালসংলগ্ন সড়কের পাশের প্রাচীরের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কয়েকটি অংশ হেলে পড়েছে সড়কের দিকে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাসপাতালের রোগী, তাঁদের স্বজন, চিকিৎসাসেবা নিতে আসা মানুষ, পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। এ অবস্থায় সীমানাপ্রাচীরের কোনো অংশ ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে হাসপাতালমুখী মানুষের জন্য এটি বাড়তি ঝুঁকি তৈরি করেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
নিরাপত্তাহীনতায় কর্মরত পুলিশ সদস্যরা :
ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে কর্মরত ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দা রিনা গত সাত-আট মাস ধরে পুলিশ সদস্যদের জন্য রান্নার কাজ করছেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এখানে সাত-আট মাস ধরে পুলিশ সদস্যদের জন্য রান্নার কাজ করছি। ভবনটির ইট ও অন্যান্য অংশ অনেক পুরোনো হয়ে গেছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে বলে ভয় হয়। সরকার যদি এটি সংস্কার করে দিত, তাহলে পুলিশ সদস্যদের পাশাপাশি আমরাও নিরাপদে থাকতে পারতাম। শহরের মল্লিকহাটি এলাকার বাসিন্দা সিয়াম বলেন, এটি নাটোর সদর হাসপাতালের পাশের ট্রাফিক অফিস। এখান দিয়ে প্রতিদিন অনেক রোগী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। অফিসের সীমানাপ্রাচীরের অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন দ্রুত প্রাচীরটি সংস্কার করেন অথবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেন।’
দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন পুলিশ সদস্যরাও। কার্যালয়ের কম্পিউটার অপারেটর পুলিশ সদস্য বিশারদ আলী বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ভেতরে প্রবেশ করে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়। এমনকি কম্পিউটার রুমে পিসি ও মনিটরের ওপরও বৃষ্টির পানি পড়ে। ভবনটি সংস্কার করা হলে আমাদের কাজের পরিবেশ অনেক ভালো হতো।’ আবাসিক ব্যারাকের দুরবস্থার কথা তুলে ধরে নাটোর ট্রাফিকে কর্মরত এটিএসআই মোহাম্মদ মতিউর রহমান বলেন, ‘আমাদের ব্যারাকটি দীর্ঘদিন ধরেই নষ্ট অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে, এতে কাপড়চোপড় ভিজে যায়। ফলে এখানে বসবাস করতে বেশ অসুবিধা হয়। ভবনটির বয়স অনেক হয়েছে। আমরা চাই, এটি মেরামত করে দেওয়া হোক। পাশাপাশি সীমানাপ্রাচীরটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় সেটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
১৮৯৩-৯৪ সালে নির্মিত ভবনে এখনো চলছে কার্যক্রম :
ভবনটির বয়স ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক বলেন, ‘এটি পুলিশের জন্য একটি বিব্রতকর বিষয়। পুলিশের কিছু স্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমাদের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে দায়িত্ব পালন করছেন। দিন-রাত ২৪ ঘণ্টা মানুষের সেবায় কাজ করছেন। তিনি জানান, নাটোরে ট্রাফিক পুলিশের জন্য সরকারিভাবে আলাদা কোনো ভবন নেই। বর্তমানে যে ভবনে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলছে, সেখানে আগে নাটোর সদর থানা ছিল। ২০১৩ সালের দিকে সদর থানা নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর থেকে সেখানে অস্থায়ীভাবে ট্রাফিক পুলিশের
কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশ সুপার বলেন, ‘ভবনটি ১৮৯৩-৯৪ সালের দিকে নির্মিত। এর অবস্থা অত্যন্ত শোচনীয়। ভবনটি মেরামতের জন্য ইতঃপূর্বে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু ভবনটির অবস্থা এতটাই খারাপ যে, সেখানে মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়নি।’
নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বিকল্প পরিকল্পনা :
ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে পুলিশের পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছেন পুলিশ সুপার শরিফুল হক। তিনি বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক কার্যালয়টি অন্য কোনো ভাড়া করা ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান ভবনটিকে অকেজো বা কনডেম ঘোষণা করে ভেঙে ফেলার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।
নিরাপত্তার প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত জরুরি :
নাটোর ট্রাফিক পুলিশের এই ভবনটি এখন শুধু একটি পুরোনো স্থাপনা নয়; এটি কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের নিরাপত্তা, সরকারি সম্পদের সুরক্ষা এবং সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কার্যালয় থেকে শহরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা করা হয়, সেই কার্যালয়ই যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, তাহলে তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। বিশেষ করে সদর হাসপাতালসংলগ্ন সড়কের পাশে হেলে পড়া সীমানাপ্রাচীরটি যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। অন্যদিকে, ছাদ চুইয়ে পানি পড়া ও দেয়ালে ফাটলধরা ভবনে দীর্ঘ সময় দায়িত্ব পালন এবং বসবাস করা পুলিশ সদস্যদের জন্যও নিরাপদ নয়। পুলিশ সুপার নিজেই ভবনটির শোচনীয় অবস্থা স্বীকার করেছেন এবং বিকল্প স্থানে কার্যালয় স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন। এখন প্রয়োজন দ্রুত কার্যকর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ ভবনটির যথাযথ কারিগরি মূল্যায়ন, সীমানাপ্রাচীরের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থায়ীভাবে নতুন ট্রাফিক কার্যালয় নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সিদ্ধান্তই পারে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে। কারণ, যাঁরা প্রতিদিন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে দায়িত্ব পালন করেন, তাঁদের নিজেদের কর্মস্থল ও আবাসনও নিরাপদ হওয়া জরুরি।
