নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
সিংড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা

সিংড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা: কমিটি ও নিয়োগ বাণিজ্যে ক্ষোভ চরমে, অভিযোগের তীর এমপি আনুর দিকে

সিংড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা: কমিটি ও নিয়োগ বাণিজ্যে ক্ষোভ চরমে, অভিযোগের তীর এমপি আনুর দিকে

স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন আর মানুষ গড়ার কারখানা নেই, বরং এগুলো রাজনৈতিক প্রভাব বিস্তার ও অর্থ উপার্জনের মাধ্যমে পরিণত হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার প্রয়োজন।"

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠন এবং শিক্ষক-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে চরম অস্থিরতা দেখা দিয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে পকেট কমিটি গঠন ও ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী এসব অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করে প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন।
অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের অভিযোগের সকল তীর এখন নাটোর-৩ (সিংড়া) আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এবং তার অনুসারীদের দিকে।
স্থানীয় একাধিক সূত্র ও সচেতন মহলের অভিযোগ, উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থানীয়দের মতামত উপেক্ষা করে নিজেদের পছন্দের লোকজনকে দিয়ে অ্যাডহক ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপে এবং তার অনুসারীদের একটি চক্র প্রতিটি প্রতিষ্ঠানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।
এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট) এবং শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলে স্থানীয়দের দাবি।
সম্প্রতি সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম গেদাকে ঘিরে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে সভাপতি মো. রেজাউল করিম গেদাকে কিল ঘুসি সহ বেদম মারপিট করে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সভাপতিকে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে উদ্ধার করে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কলেজের ৯টি শূন্য পদে নিয়োগকে কেন্দ্র করে সভাপতি প্রায় কোটি টাকা উৎকোচ গ্রহন করেছেন। এ ছাড়া নিয়োগ প্রাপ্তদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় চারজন কর্মী রয়েছেন—এমন অভিযোগ তুলে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন।
স্থানীয় বিএনপি নেতা রিপন ও শাহিনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষের যোগসাজশে এসব পদে নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সমর্থিত চারজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন ও নিয়োগবঞ্চিত প্রার্থীদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সভাপতির সঙ্গে তাদের বাগবিতন্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারপিটের ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। একই সঙ্গে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিকে সেখান থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
অন্যদিকে, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম গেদা বলেন, ৯টি শূন্য পদের বিপরীতে প্রায় শতাধিক প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ৯ জনকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বঞ্চিতদের একটি অংশ বিতর্ক সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়ম হয়নি বলেও তিনি দাবি করেন।
উপজেলার জয়নগর তাজপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে। অপর দিকে প্রধান শিক্ষক বলেন, সাবেক সভাপতি খাইরুজামান ছিটু উক্ত টাকা আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করেছেন বলে দাবি করেন। এই খাইরুজামান ছিটু স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপে স্কুলের সভাপতি হয়েছিলেন এবং ছিটু এমপি অনুসারীদের একজন অন্যতম বলে জানান এলাকাবাসী।
উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম আরকে এইচ দাখিল মাদ্রাসায় গোপনে নিয়োগ ও অনিয়মের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ তুলে নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়া, নৈশপ্রহরী ও অফিস সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক সদস্যরা জানান, রাজনৈতিক
চাপ ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের কারণে অনেক প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
উপজেলার শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত না করলে সিংড়ার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে। তারা শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অনিয়মের এসব ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী দ্রুত স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অসন্তোষ:
সিংড়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগের ক্ষেত্রে চরম দলীয়করণের অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি, নাটোর-৩ (সিংড়া) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর প্রত্যক্ষ অনুসারী না হলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হওয়া যাচ্ছে না।
উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা কিংবা শিক্ষানুরাগী হওয়ার চেয়ে রাজনৈতিক আনুগত্যকেই প্রধান মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কোনো প্রতিষ্ঠানে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলেই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন বা অনুসারীদের নাম প্রস্তাব করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ সৃষ্টি করা হয়। তাতেও কাজ না হলে প্রতিষ্ঠান প্রধানকে তুলেনিয়ে গিয়ে জোরপূর্বক কাগজে স্বাক্ষর আদায় করে নেওয়া হয়।
উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মতামত উপেক্ষা করে ‘পকেট কমিটি’ বা পছন্দের ব্যক্তিদের সভাপতি পদে বসানোর অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে গোপনে কমিটি অনুমোদন নেওয়ার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের বাদ দিয়ে দলীয় বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বহিরাগত সভাপতি নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
সিংড়া উপজেলায় ১১টি কলেজ ৪৩টি উচ্চ বিদ্যালয় ১৪টি মাদ্রাসা ৩০টি কারিগরি প্রতিষ্ঠান সহ মোট ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মাঝে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন যাবত অসন্তোষ চলছে।
কলম সিংড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে স্বনামধন্য ও শিক্ষিত মানুষের বসবাস কিন্তু সেই কলম কলেজে স্থানীয় কাউকে সভাপতি করা হয় নাই। এমপি আনু ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বাহির থেকে এনে রেজাউল করিমকে কলেজের সভাপতি নিয়োগ দিয়েছে বলে অভিযোগ। বহিরাগত রেজাউলকে কলেজের সভাপতি করায় স্থানীয়দের মাঝে দীর্ঘদিন যাবত অসন্তোষ বিরাজ করছে।
সিংড়া উপজেলার আরেক ঐতিহ্যবাহী গ্রাম হুলহুলিয়া। এই গ্রামের শিক্ষিতের হার ৯০% এর উপরে দেশে ও দেশের বাহিরে এই গ্রামের অসংখ্য মানুষ কর্মের মাধ্যমে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। হুলহুলিয়া স্কুল থেকে পড়াশোনা করে আজ তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন পেশায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠা অর্জন করেছেন। সেই ঐতিহ্যবাহী গ্রামের হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ে চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বড়িয়া গ্রামের এমদাদুল হক মিলন-কে সভাপতির নিয়োগ দেয়া হয়েছে। হুলহুলিয়া গ্রামবাসী বলেন, আমাদের মতামত উপেক্ষা করে এমপি আনু ও তার অনুসারীরা বহিরাগত একজনকে স্কুলের সভাপতি হিসাবে চাপিয়ে দিয়েছেন। হুলহুলিয়া গ্রামে এত যোগ্যতা সম্পুর্ন মানুষ থাকা শর্তেও বহিরাগত সভাপতি নিয়োগ দিয়ে গ্রামবাসীকে অপমানিত করা হয়েছে। গ্রামবাসীর দাবি, অবিলম্বে এসব বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে এলাকার গ্রহণযোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের দিয়ে বিদ্যালয়ের কমিটি গঠন করা হোক।
উপজেলার স্থাপনদিঘী উচ্চবিদ্যালয়, বাদপাড়া উচ্চ বিদ্যালয়, বড়িয়া উচ্চ বিদ্যালয়, সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ, সিংড়া দমদমা পাইলট স্কুল এ্যান্ড কলেজ, চামারী কলেজ এবং বামিহাল কলেজসহ বেশীর ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আবার বিএনপি নেতা ও এমপি আনুর একান্ত আস্থাভাজন শারফুল ইসলাম বুলবুল একা ধারে দমদমা স্কুল এন্ড কলেজ ও চলনবিল মহিলা কলেজের সভাপতি হিসাবে নিয়োগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক ও দাতা পরিবারের সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট এলাকার বাইরের বা বহিরাগত ব্যক্তিদের সভাপতি পদে আসীন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, "প্রতিষ্ঠানের ভালো-মন্দ স্থানীয় মানুষই সবচেয়ে ভালো বোঝেন। কিন্তু সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও তাঁর ঘনিষ্ঠ অনুসারীরা নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে এলাকার বাইরের লোকদের নিয়ে এসে সভাপতি বানাচ্ছেন। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।"
অভিযোগ রয়েছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে দলীয় ও ব্যক্তিগত অনুসারীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ফলে প্রতিষ্ঠান প্রধানরা অনেক ক্ষেত্রে সভাপতিদের অনৈতিক সিদ্ধান্তের কাছে জিম্মি হয়ে পড়েছেন।
প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ, অভ্যন্তরীণ অডিটে গরমিল এবং বিনা রসিদে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের মতো ঘটনা ঘটছে বলে অভিভাবকরা জানিয়েছেন।
স্থানীয় এমপির নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সভাপতিরা প্রশাসনিক নজরদারি এড়িয়ে যাচ্ছেন বলে সাধারণ শিক্ষক ও এলাকাবাসীর অভিযোগ।
স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন আর মানুষ গড়ার কারখানা নেই, বরং এগুলো রাজনৈতিক প্রভাব বিস্তার ও অর্থ উপার্জনের মাধ্যমে পরিণত হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার প্রয়োজন।"
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, সরকারি বিধিমালা মেনেই কমিটি গঠন ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। তবে সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, আনিত এসব অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ মহল ও দলীয় নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সংসদ সদস্য কোনো ধরনের অনিয়ম বা নিয়োগ বাণিজ্যকে প্রশ্রয় দেন না বলেও তারা দাবি করেন।