কাগজে পর্যাপ্ত মজুত-মাঠে কৃষকের হাহাকার, সার আতঙ্কের নেপথ্যে বিতরণ ব্যবস্থাপনা ও মজুত প্রবণতা
বাংলাদেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিল অঞ্চল (নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, ও বগুড়ার অংশবিশেষ) দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রতি মৌসুমেই এ অঞ্চলের কৃষকদের সার সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং সঠিক ব্যবস্থাপনার অভাবের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হয়। পাশাপাশি অনিয়ম, আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে নতুন সার ডিলার নিয়োগ করায় পরিস্থিতি আরও সংকটাপূর্ণ হতে পারে।
চলনবিল অঞ্চলে আমন ও আসন্ন বোরো মৌসুমকে কেন্দ্র করে রাসায়নিক সারের বাজারে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি তথ্য ও কৃষি মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী দেশে ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সারের কোনো ঘাটতি বা সংকট নেই এবং মজুত গত বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। তবে মাঠপর্যায়ে ডিলারদের একাংশের কারসাজি, কৃত্রিম সংকট এবং কৃষকদের মাঝে ছড়িয়ে পড়া আতঙ্কের কারণে সাধারণ চাষিরা সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। ফলে ফসলহানির আশঙ্কায় কৃষকদের মধ্যে অগ্রিম সার কিনে রাখার বা মজুত করার এক আত্মঘাতী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কেউ স্বীকার করুক বা না করুক সার বিতরণ ব্যবস্থা যে স্বাভাবিক অবস্থায় চলছে না এটা সত্য। কৃষকরা যে চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না এটাও সত্য। তাই কৃষকরা আতঙ্কিত হয়ে ছুটছে সার সংগ্রহের জন্য। চলনবিল অঞ্চলের প্রধান ফসল ইরি ধান। আসন্ন বোরো মৌসুমের ইরি আবাদকে কেন্দ্র করে কৃষকের কর্মযজ্ঞ শুরু হয়েছে। আর এই ইরি আবাদের প্রধান উপকরণ রাসায়নিক সার। সার ব্যতীত ইরি ধান চাষ করা যেমন অসম্ভব। তেমনই সঠিক সময় ধান রোপন এবং সার দিতে না পারলে উৎপাদন কমে যাবে। কৃষক ধান উৎপাদন করতে না পারলে আগামী দিনে তাদের জীবন ধারণ ব্যয় নির্বাহ অনিশ্চিত হয়ে পড়বে। তাই চলনবিলের কৃষকরা আতঙ্কিত হয়ে আগাম সার সংগ্রহের জন্য ছুটাছুটি করছেন।
বর্তমান সার সংকটের কারণ চিহ্নিত করে এখান থেকে উত্তরণের পথ উদঘাটন করতে হবে। যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে সংকট মোকাবেলা ততই সহজ হবে। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের প্রথম এবং প্রধান কাজ হবে জনমনে সৃষ্ট আতঙ্ক দূর করার জন্য সারের সরবরাহ বৃদ্ধি করা। বাজারে সারের সরবরাহ বৃদ্ধি পেলে স্বাভাবিক ভাবেই চাহিদা কমে আসবে। আর কৃষক যখন দেখবে সার সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং ইচ্ছা করলেই সার ক্রয় করতে পারছেন তখন তাদের মধ্যে সৃষ্ট আতঙ্ক দূর হয়ে যাবে। কৃষকের আতঙ্ক দূর হলে তাদের অগ্রিম সার ক্রয় বা সার মজুত এর প্রবণতা থাকবে না। এছাড়াও চাহিদার পরিসংখ্যানগত গড় মিল ও বিতরণ অব্যবস্থাপনা বর্তমান সার সংকট তৈরির জন্য অনেকাংশেই দায়ী। তাই আমরা প্রথমেই সার সংকটের কারণগুলি চিহ্নিত করার চেষ্টা করি-
বর্তমান সার সংকটের কারন সমূহ:
কৃত্রিম সংকট ও সিন্ডিকেট: সরকারিভাবে সারের দাম নির্ধারণ করা থাকলেও চলনবিল অঞ্চলের অনেক ডিলার ও খুচরা বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করছে। তারা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছে। অনেক সময় গোডাউনে পর্যাপ্ত সার থাকলেও কৃষকদের না দিয়ে টালবাহানা করা হয়।
কৃষকদের মাঝে 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত ক্রয়: বাজারে সার পাওয়া যাবে না—এমন গুজব ও আতঙ্কের কারণে বিত্তশালী ও সাধারণ কৃষকরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার অগ্রিম কিনে ঘরে মজুত করছেন। এই আতঙ্কিত ক্রয়ের ফলে বাজারে সারের কৃত্রিম ঘাটতি আরও তীব্র রূপ ধারণ করছে।
চাহিদা নির্ধারণে ত্রুটি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের চাহিদাপত্র ও প্রকৃত চাহিদার মধ্যে গরমিল বা বিরাট ফারাক লক্ষ্য করা যায়। মাঠপর্যায়ের সঠিক তথ্য যাচাই-বাছাই ছাড়া চাহিদাপত্র তৈরির ফলে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম পাওয়া যায়। আর এই ঘাটতিই বাজারে সারের সংকট তৈরীর কারন হিসাবে পরিলক্ষিত হয়।
অসম ও অতিরিক্ত সার ব্যবহার: সচেতনতার অভাব ও মাঠপর্যায়ে পরামর্শের ঘাটতির কারণে কৃষকরা জমিতে সুষম সার ব্যবহার করেন না। গবেষণা অনুযায়ী, সিংহভাগ কৃষকই নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ সারের সুষম মাত্রা বজায় না রেখে অতিরিক্ত সার ব্যবহার করেন, যা দীর্ঘমেয়াদে জমির উর্বরতা নষ্ট করে এবং বাজারে অতিরিক্ত সারের চাহিদা তৈরী করে।
মাঠপর্যায়ে তদারকির অভাব: উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের একাংশের নিয়মিত বাজার মনিটরিং ও ডিলারদের সার উত্তোলনের হিসাব যাচাইয়ে গাফিলতির কারণে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে সার পাচারের সুযোগ পাচ্ছে।
বিতরণ ও টোকেন জালিয়াতি: অনেক স্থানে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অসাধু চক্র জালিয়াতির মাধ্যমে টোকেন সংগ্রহ করে সার তুলে নিয়ে যাচ্ছে। এতে লাইনে দাঁড়িয়েও সাধারণ কৃষকেরা সার না পেয়ে ক্ষোভ ও সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।
পরিবহন ও জলাবদ্ধতা সমস্যা: চলনবিল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও বর্ষাকালের পানি নিষ্কাশন এবং কচুরিপানা জমার কারণে অনেক সময় সময়মতো কৃষি উপকরণ বা সার মাঠে নেওয়া কঠিন হয়ে পড়ে। যার ফলে সারের চাহিদা হঠাৎ করেই তুঙ্গে ওঠে।
অফিসিয়াল অস্বীকৃতি াং বাস্তব চিত্র: স্থানীয় কৃষি বিভাগ বা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায়ই দাবি করেন যে পর্যাপ্ত সার মজুদ আছে এবং সংকট নেই। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা—কৃষকরা দ্বারে দ্বারে ঘুরেও সার কিনতে পারছেন না।
সার সংকটের বাস্তবধর্মী সমাধানসমূহ: চলনবিল অঞ্চলের কৃষি অর্থনীতি সচল রাখতে এবং কৃষকদের এই আতঙ্ক থেকে মুক্তি দিতে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন:
তদারকি ও মনিটরিং জোরদার করা: ডিলারদের গুদাম নিয়মিত মনিটরিং করতে হবে যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা সরকার নির্ধারিত মূল্যের বেশি নিতে না পারে। স্থানীয় পর্যায়ে কোন ডিলারের গুদামে কী পরিমাণ সার মজুত আছে এবং প্রতিদিন কতটুকু বিক্রি হচ্ছে, তা ইউনিয়ন পরিষদ ও উপজেলা কৃষি অফিসের নোটিশ বোর্ডে বা অনলাইনে প্রতিদিন প্রকাশ করা বাধ্যতামূলক করতে হবে।
মোবাইল কোর্ট ও কঠোর আইনি ব্যবস্থা: কৃত্রিম সংকট ও কালোবাজারির সাথে জড়িত ডিলার ও খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাতিলসহ ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে বড় অঙ্কের জরিমানা ও কারাদন্ড নিশ্চিত করতে হবে।
কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও গুজব রোধ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে চলনবিলের প্রতিটি ব্লকে মাইকিং ও উঠান বৈঠকের আয়োজন করে কৃষকদের আশ্বস্ত করতে হবে যে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। অতিরিক্ত সার মজুত করলে সারের গুণগত মান নষ্ট হয়—এই বৈজ্ঞানিক সত্যটি কৃষকদের বোঝাতে হবে।
বাস্তবসম্মত চাহিদা নিরূপণ: উপজেলা কৃষি অফিস ও স্থানীয় ইউনিয়ন পরিষদকে সাথে নিয়ে মাঠপর্যায়ের প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী সঠিক পরিমাণে সারের বরাদ্দ নিশ্চিত করতে হবে।
স্মার্ট কার্ড ও ই-ভাউচার প্রবর্তন: প্রকৃত কৃষকের হাতে সরাসরি সার পৌঁছাতে এবং অনিয়ম রোধে কৃষক কার্ড বা ই-ভাউচার ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করতে হবে।
সুষম সার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি: মাটি পরীক্ষা করে জমির ধরন অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে যাতে কৃষকরা জৈব ও রাসায়নিক সারের সঠিক ভারসাম্য রক্ষা করতে পারেন।
জৈব সারের ব্যবহার বাড়ানো: রাসায়নিক সারের ওপর চাপ কমাতে চলনবিলে কৃষকদের কম্পোস্ট ও জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে, যা মাটির স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি সারের বাজারের ওপর নির্ভরশীলতাও কমাবে।
সারের সরবরাহ বৃদ্ধি: চলনবিলের বিশাল জমিতে আবাদের পরিমাণ বিবেচনায় সারের বরাদ্দ ও ডিলারদের কোটা বৃদ্ধি করতে হবে।
বিতরণ ব্যবস্থার সংস্কার: দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে স্বচ্ছতার সাথে টোকেন বা কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকদের মাঝে সার বিতরণ করতে হবে।
যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন: চলনবিল অঞ্চলের অভ্যন্তরীণ খাল-নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা প্রয়োজন, যাতে সারসহ অন্যান্য কৃষি উপকরণ খুব সহজে কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায়।
চলনবিল অঞ্চলে সারের এই সংকট কোনো জাতীয় উৎপাদন বা আমদানির সংকট নয়, এটি মূলত একটি "বিতরণ ও ব্যবস্থাপনা সংকট"। চলনবিল অঞ্চলের সার সরবরাহ ও বিতরণ স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। কারণ চলনবিল অঞ্চলের কৃষকের জীবন জীবিকার প্রধান ফসল ইরি ধান। এই ইরি ধান চলনবিল অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কৃষিকে কেন্দ্র করেই চলনবিলের অর্থনীতি ঘূর্ণায়মান। ইরি ধান উৎপাদন ব্যাহত হলে চলনবিলের কৃষকের জীবন জীবিকা অনিশ্চয়তায় পতিত হবে। আবার বাংলাদেশের শস্য ভান্ডার খ্যাত চলনবিলের ধান উৎপাদন ব্যাহত হলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পতিত হবে। স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ এবং সচেতন কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় সারের সুষম বণ্টন নিশ্চিত করা গেলে দ্রুতই এই আতঙ্ক কেটে যাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় থাকবে।
