নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
সম্পাদকীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকা জরুরি

সংবাদমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে গণতন্ত্রের একটি স্তম্ভ হিসেবে কাজ করে। গত ১৯/১১/২০০২৬ তারিখ “সাপ্তাহিক হিসাব”-এ “সিংড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা, কমিটি ও নিয়োগ বাণিজ্যে ক্ষোভ চরমে, অভিযোগের তীর এমপি আনুর দিকে ”শিরোনামে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, স্থানীয় বাসিন্দা, শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়। প্রতিবেদনে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাম জড়িয়ে যে ক্ষোভ ও অস্থিরতার কথা উঠে এসেছে, তা ছিল সম্পূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট এবং পেশাদারিত্বের জায়গা থেকে প্রকাশিত।
শিক্ষাপ্রতিষ্ঠান কোনো বিশেষ বলয় বা গোষ্ঠীর নিয়ন্ত্রণের জায়গা নয়; এটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আস্থার কেন্দ্র। কমিটি গঠন বা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার মানদন্ড বজায় রাখা একান্ত প্রয়োজন। তা না হলে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। অভিযোগ যাই হোক না কেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। প্রতিবেদনে উঠে আসা কমিটি ও নিয়োগ বানিজ্যের অভিযোগ বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
কিন্তু অত্যন্ত উদ্বেগ ও পরিতাপের বিষয়, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের কোনো গঠনমূলক ব্যাখ্যা বা প্রতিবাদলিপি না পাঠিয়ে একটি মহল ভিন্ন পথ বেছে নিয়েছে। লক্ষ করা যায়, এমপি আনুর ব্যক্তিগত সহকারী সহ এমপি-র অনুসারী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সাপ্তাহিক হিসাব’-এর সম্পাদকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।
সংবাদপত্রের কোনো প্রতিবেদনে কারও দ্বিমত বা আপত্তি থাকলে তা জানানোর সুনির্দিষ্ট, গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ থাকে। তা না করে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সম্পাদককে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা কেবল শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং এটি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার গলা টিপে ধরার শামিল।
শিক্ষাপ্রতিষ্ঠান মানুষ গড়ার কারিগর। সব মিলিয়ে, সিংড়ার শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়োগ ও কমিটি গঠনে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক ও আস্থাপূর্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরী।
সেখানে কোনো ধরনের অনিয়ম বা অস্থিরতা দেখা দিলে তা নিয়ে কথা বলা এবং কলম ধরা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে যদি সাইবার বুলিং ও চরিত্রহননের শিকার হতে হয়, তবে সমাজে জবাবদিহিতা বলে কিছু অবশিষ্ট থাকে না। অন্যদিকে, প্রতিবেদন প্রকাশের পর সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানোর প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
আমরা এই মিথ্যা, ন্যক্কারজনক অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ ধরনের কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সেইসাথে জনপ্রতিনিধিদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, তারা যেন নিজ অনুসারীদের এ ধরনের অগণতান্ত্রিক আচরণ থেকে বিরত রাখেন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকেন।
হুমকি, ধামকি কিংবা অপপ্রচার চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যায় না। ‘সাপ্তাহিক হিসাব’ অতীতেও যেমন আপসহীনভাবে জনগণের কথা বলেছে, ভবিষ্যতেও সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে।
আমরা মনে করি, সিংড়ার শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান অস্থিরতা নিরসনে যেমন স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন, তেমনি সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমকর্মীদের হয়রানি বা অপপ্রচার বন্ধ করাও জরুরি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সংযত আচরণ এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে।