সমবায় সমিতি-ই হতে পারে দেশের অর্থনৈতির মুল চালিকা শক্তি
‘করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ নভেম্বর-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সমবায়ের মূলকথা একতাই বল। নিজের পৃথক অস্তিত্বকে উপেক্ষা করে অপরের সঙ্গে এক হয়ে যাওয়ার নামই একতা। একতাবদ্ধ থাকলে শক্তি বৃদ্ধি পায়, মনে সাহস সৃষ্টি হয় এবং জীবনের সাফল্য অনিবার্য হয়ে উঠে। জাতীয় সংহতি বা একতা জাতিকে শক্তিশালী করে তোলে। এতে জাতীয় উন্নতির পথ সুগম হয়। সভ্যতার অগ্রগতির পেছনেও কাজ করছে একতাবোধ। তাই ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এই প্রবাদ বাক্যে একতার প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। একতার মাঝেই জাতি তথা বিশ্বের মুক্তি ও কল্যাণ নিহিত।
সমবায় সমিতির মাধ্যমেই সমাজ থেকে পুঁজিবাদী অর্থনীতিতে বিদায় দেয়া সম্ভব। ব্যাংক এনজিও ফাউন্ডেশন ও আর্থিক প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে। অপরদিকে সমবায় সমিতির কার্যক্রমের মাধ্যমে সকল সদস্য আর্থিক সমৃদ্ধি অর্জন করেছে। পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলিতে নির্দিষ্ট মালিকপক্ষ সকল অর্থ ও সম্পদ দখলে রাখে। অপরদিকে সমবায় সমিতির সকল সদস্য মুনাফা থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকে। সমবায় অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ১,৭৫,৭২৯টি সমবায় সমিতির রয়েছে। বর্তমানে দেশের সমবায় সমিতি সদস্য সংখ্যা ১,২৩,৯১,৯৯৬ জন। মোট শেয়ার মূলধন ৩,৫৭,৫৯৩ লক্ষ টাকা। মোট সম্পদের পরিমাণ ৩৯,৪০,২১৩ লক্ষ টাকা। এই সকল সম্পদের অংশীদার কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়। সকল সম্পদের অংশীদার সমবায় সমিতির ১ কোটি ২৩ লক্ষ ৯১ হাজার ৯৯৬ জন সদস্য। এখান থেকেই প্রতীয়মান হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হবার জন্য সমবায় সমিতি ব্যতিত বিকল্প কোনো পথ নেই।
সরকারের সফল প্রচেষ্টায় সমবায় প্রতিষ্ঠানগুলো স্বতঃপ্রণোদিতভাবে মূলধন গঠন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
আমাদের দেশের ৭৫% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত তাই ব্যাপকভাবে কৃষি বা কৃষিভিত্তিক সমবায় সমিতি গড়ে তুলতে হবে। যদি কৃষিভিত্তিক সমবায় সমিতির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়, তাহলে কৃষক যেমন ঘুরে দাঁড়াবে, তেমনি ভাবে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। কৃষিক্ষেত্রে সমবায় পদ্ধতি যুগান্তকারী অবদান রাখতে পারে। কৃষকরা সমবায়ী হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের মনোবলও বৃদ্ধি পাবে। একতার মূলমন্ত্রে উজ্জীবিত হলে কৃষক সমাজ আর্থসামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সমবায় হলো অনেকে মিলে বা যৌথভাবে কাজ করা। সমবায় সমিতি গঠন করে অনেক বড় কাজ করা যায়। সবার সমান অধিকার ও অংশগ্রহণ দ্বারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে সবার প্রচেষ্টা একত্রিত করা হয় তাকে সমবায় প্রতিষ্ঠান বলে। সমবায় সমিতির সদস্যরা সমবায়ী নামে পরিচিত।
কৃষি সমবায় সমিতির মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়, সে বিষয়ে নিম্নে আলোচনা করছি-
কৃষি ও কৃষককে বাদ দিয়ে চলন বিল এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি সাধন সম্ভব নয়। তাই আধুনিক বিজ্ঞান ভিত্তিক টেকসই কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত কৃষি পণ্যের ন্যয্য মুল্যপ্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গোড়ে তোলার জন্য সমবায় সমিতির ভুমিকা রাখতে পারে
সমবায় সমিতির তৈরী করে সামাজিক ব্যবসার মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেবা, বন্টন সহ সকল ক্ষেত্রে কৃষক সদস্যদের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কৃষকের আর্থিক কল্যাণ ও সমৃদ্ধি অর্জনই করা সম্ভব। সমিতির মাধ্যমে পুজিতান্ত্রিক সমাজ ব্যবস্থার শোষণ-নিষ্পেষণের হাত থেকে কৃষক ও কৃষিকে বাঁচানোর জন্য মূলধন সরবরাহ, সহযোগিতা, পরামর্শ ও সমর্থন প্রদান করে কৃষকের অর্থনৈতিক কল্যাণ সাধন করা যেতে পারে।
সমবায় সমিতির মাধ্যমে এলাকায় কৃষিতে আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা এবং জলাবদ্ধতা দুর করার জন্য খাল-খনন ও নদী শাসন কার্যক্রম জোরদার করে কৃষির সেচ সমস্যার সমাধান করা যেতে পারে। সমিতির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সমভাবে মৎস্য সম্পদ আহরণে সকলকে সচেতন করা এবং যুগো-উপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করে কৃষক ও কৃষির উন্নয়ন করা যেতে পারে।।
এলাকায় কৃষি উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত প্রত্যেক স্তরে ছোট ছোট সমবায় ইউনিট তৈরি করে সমন্বিত সমবায় পদ্ধতি গড়ে তোলা যা সরাসরি কৃষক নিয়ন্ত্রণ করবে। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবে। ফলে মধ্যস্বত্বভুগি বা পূজিবাদীর হাত থেকে কৃষকরা রক্ষা পাবে।
সমিতির মাধ্যমে সদস্যদের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র কৃষকদের চ্যালেঞ্জগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করতে ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বাড়াতে সহায়তা প্রদান করা।
সমিতির মাধ্যমে সদস্যদের কৃষি উৎপাদনের জন্য সুলভ মূল্যে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা, যেমন- বীজ, সার, রাসায়নিক, জ্বালানি, কৃষি যন্ত্রপাতি, যান্ত্রিক পরিষেবা সহ অন্যান্য প্রয়োজনী সহায়তা প্রদান সহজ হবে।
সমিতি এলাকায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে সহযোগিতা পাওয়ার যোগ্য কৃষকদের তালিকা প্রণয়ন করবে এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্য সকল সুযোগ সুবিধা প্রাপ্তিতে সমিতি পরামর্শ ও সহায়তা প্রদান করবে।
এলাকায় সমবায় কৃষি খামার গড়ে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ করা। কৃষকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব গড়ে যৌথ খামার প্রবর্তনে সহায়তা ও পরামর্শ প্রদান করা। সমবায়ের নীতি অনুসারে যার জমি তারই থাকবে কেবল সবাই একত্রে কাজ করবে এবং উৎপাদিত ফসল প্রত্যেকের জমি অনুপাতে ভাগ করে নেবে। এই পদ্ধতি অনুসরণ করা হলে ভূমির সর্বত্র ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হাড়ে কমে আসবে। সমবায় খামার স্থাপনের মাধ্যমে কৃষিতে সাফল্য অর্জন করা সম্ভব হবে। তাই কৃষি ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের জন্য সমবায়ের ভিত্তিতে জমি জমা আবাদের ব্যবস্থা গ্রহণে সহায়তা ও পরামর্শ প্রদান করতে হবে।
মানুষের মিলিত শক্তিকে সংগঠনের মাধ্যমে মঙ্গলজনক কাজে ব্যবহারের জন্য সমবায় আন্দোলন গড়ে উঠেছে। অবশ্য এর প্রধান লক্ষ্য হলো জনগণের আর্থিক অবস্থার উন্নয়ন। সুতরাং এ দেশের কৃষক, তাঁতি, জেলে সবাইকে সমবায়ের কলাকৌশল আয়ত্ত করে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কাজে লাগাতে হবে। সবাইকে মনেপ্রাণে বুঝতে হবে সহযোগিতা এবং সমবায় হলো দেশ গড়ার বড় হাতিয়ার ও উন্নয়নের চাবিকাঠি।
কৃষি উন্নয়নের জন্য গ্রামের কৃষকদের নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে। স্থানীয়ভাবেই শুধু নয়, জাতীয় ভিত্তিতে সুসংগঠিত হওয়াও কৃষকদের জন্য একান্ত প্রয়োজন।
