ক্ষমতাসীন দল আইন শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করলে জনমনে আতঙ্ক দুর হবে
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম দুর্বৃত্তদের হামলায় মারা গেছে। শাকিল ইসলামের এই মৃত্যু কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ও পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা। সচেতন মহল মনে করেন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবার সহ অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা উন্নতির জন্য দ্রুততম সময় শাকিল হত্যার রহস্য উদঘাটন করতে হবে। আলামত নষ্ট হওয়ার আগেই তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করতে হবে। সচেতন মহল মনে করেন এমন ঘটনার কারণে জননিরাপত্তা সংকটজনক পর্যায়ে চলে যাচ্ছে। জীবনের মূল্য সস্তা হয়ে গেছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। এমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে অপরাধীকে চিহ্নিত করতে না পারলে আগামীতে আইনশৃঙ্খলার আরো অবনতি ঘটতে পারে। শাকিল হত্যাকাণ্ড যে পূর্ব পরিকল্পিত এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এই হত্যার সঙ্গে একটি শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী জড়িত, তা স্পষ্টভাবেই বলা যায়। অতীতে এমন হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও তথ্য উদঘাটন হয়েছে এমন নজির খুব কম। কারণ এসব হত্যার সঙ্গে যেসব শক্তিশালী গোষ্ঠী জড়িত থাকে তারা এই মামলা গুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাদের শক্তির কারণে তদন্তকারী সংস্থা সঠিকভাবে কাজ করতে পারে না। আবার অর্থের বিনিময়ে বাদীপক্ষে ম্যানেজ করা হয়। অনেক সময় ভয় ভীতি প্রদর্শন করেও বাদী ও সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা সরকার দলের ছাত্র সংগঠনের নেতার যদি এমন পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। শাকিল হত্যার দায়ে মিন্টুকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। এমপি মন্ত্রীসহ কেন্দ্রীয় নেতারা শাকিলের পরিবারকে সমবেদনা জানাতে আসছেন। নাটোর-৪ এর এমপি আব্দুল আজিজ শাকিলের বাবাকে ২০ লক্ষ টাকা দেবার ঘোষণা দিয়েছেন।
কিন্তু মানুষের মাঝে প্রশ্ন শাকিল হত্যার রহস্য কি উদঘাটিত হবে? প্রকৃত হত্যাকারীদের কি আটক করে বিচার করা হবে? না কি বাবু হত্যার মতো হত্যাকারীরা ধোঁরা ছোঁয়ার বাহিরের থেকে যাবে? মানুষের এই প্রশ্নের সমাধান হবে তখন। যদি শাকিল হত্যার রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় আনা হয়।
জনমনে আতঙ্ক দূর করতে হলে আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। দীর্ঘদিন স্থবির থাকা ক্ষমতাসীন দলের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে হবে। ক্ষমতাসীন দলের সকল নেতাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাংগঠনিক বিষয়ে কেন্দ্রের নজরদারি জোরদার করতে হবে এবং কোথাও কোন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি দলের মাঝে শৃঙ্খলা ফেরাতে হবে। আর দলে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সমস্যার সমাধান সহজ হবে। কারণ বেশিরভাগ ঘটনাই ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের ছত্রছায়ায় ঘটে থাকে। অন্যথায় আগামী দিনে এর চাইতেও বড় সমস্যার সম্মুখীন হতে পারে ক্ষমতাসীন দল। তাই দ্রুত ক্ষমতাসীন দলকে আইন শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করতে হবে। তবেই জনমনে আতঙ্ক দুর হবে।
