নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
প্রচ্ছদ প্রতিবেদন

কচুরিপানা সরাতে বিষের ব্যবহার, মৃত্যুফাঁদে চলনবিলের প্রাণ-প্রকৃতি

আগাছানাশকের অবাধ ব্যবহার, দূষিত হচ্ছে পানি ও কৃষিজমি; মাছ-পাখির অস্তিত্বে সংকট, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য

কচুরিপানা সরাতে বিষের ব্যবহার, মৃত্যুফাঁদে চলনবিলের প্রাণ-প্রকৃতি

একসময় চলনবিল ছিল পানি, ঢেউ আর জীবনের এক অপূর্ব সম্মিলন। বর্ষায় দিগন্তজোড়া জলরাশি, পানির বুক চিরে ছুটে চলা নৌকা, মাছের অবাধ বিচরণ, পাখির কলকাকলি আর বিলপাড়ের মানুষের কর্মচাঞ্চল্যে মুখর থাকত এ জনপদ। প্রকৃতির এই বিশাল জলাভূমি শুধু মাছের আধার কিংবা কৃষকের ফসলি জমি ছিল না; ছিল অসংখ্য উদ্ভিদ, প্রাণী ও জলজ জীবের নিরাপদ আশ্রয়। কিন্তু সময়ের সঙ্গে সেই চেনা দৃশ্যপটে জমেছে উদ্বেগের কালো মেঘ। পানির স্বাভাবিক প্রবাহ হারিয়ে যাওয়া, মাঠের পর মাঠ কচুরিপানায় ঢেকে যাওয়া এবং তা পরিষ্কারে নির্বিচারে আগাছানাশক ও বালাইনাশক ব্যবহারের ফলে বিপন্ন হয়ে উঠছে চলনবিলের প্রাণ-প্রকৃতি। কচুরিপানা এখন কৃষকের কাছে এক বড় দুর্ভোগের নাম। আর সেই দুর্ভোগ থেকে মুক্তি পেতে একশ্রেণির কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তি বেছে নিচ্ছেন আরও ভয়ংকর পথ- রাসায়নিক বিষের ব্যবহার। মুহূর্তের সুবিধা পেতে জমিতে ছিটানো হচ্ছে আগাছানাশক ও বালাইনাশক। ফলে এই বিষ শুধু কচুরিপানাকেই নিঃশেষ করছে না। পাশাপাশি ধীরে ধীরে বিষিয়ে তুলছে বিলের পানি, মাটি, মাছ, পাখি এবং মানুষের জীবনকেও।
কচুরিপানার দখলে ফসলি জমি :
উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদজুড়ে অবস্থিত চলনবিল একসময় ছিল প্রবহমান জলধারার অনন্য আধার। কিন্তু গত কয়েক বছরে পানিপ্রবাহের স্বাভাবিকতা নষ্ট হওয়া, খাল-বিলের মুখে প্রতিবন্ধকতা এবং পানি নিষ্কাশনের সংকটের কারণে বিভিন্ন স্থানে কচুরিপানার ব্যাপক বিস্তার ঘটেছে। স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছর চলনবিলের প্রায় ৬ হাজার হেক্টর জমিতে কচুরিপানার জট তৈরি হয়েছে। এর মধ্যে সিংড়া উপজেলাতেই প্রায় ৪ হাজার হেক্টর জমি কচুরিপানায় আক্রান্ত বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। মাঠের পর মাঠ কচুরিপানায় ঢেকে থাকায় কৃষকের পক্ষে সময়মতো জমি প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রবি ফসল ও বোরো ধান রোপণের আগে জমি থেকে কচুরিপানা অপসারণ করতে গিয়ে বাড়তি শ্রম ও অর্থ ব্যয় করতে হচ্ছে। গত তিন বছর ধরে এ সমস্যায় চলনবিলের বিপুলসংখ্যক কৃষককে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো কোনো এলাকায় কচুরিপানার কারণে জমি অনাবাদি পড়ে থাকছে। কৃষকের জন্য সমস্যাটি শুধু আগাছা পরিষ্কারের নয়। এটি তার উৎপাদন, আয় ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। স্বাভাবিক সময়ে যে জমিতে ফসল ফলানোর কথা, সেই জমি প্রস্তুত করতেই এখন বিঘাপ্রতি অতিরিক্ত ৪ থেকে ৫ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরির বাড়তি চাপের মধ্যে এই অতিরিক্ত ব্যয় কৃষকের জন্য নতুন করে সংকট তৈরি করেছে।
বিষ দিয়ে আগাছা দমন, বিপদ বাড়ছে প্রকৃতির :
কচুরিপানা অপসারণে যান্ত্রিক কিংবা পরিবেশবান্ধব পদ্ধতি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ মনে হওয়ায় অনেকে দ্রুত সমাধানের আশায় রাসায়নিক আগাছানাশক ও বালাইনাশক ব্যবহার করছেন। কোথাও কোথাও সস্তা ও নিম্নমানের রাসায়নিক পণ্যও ব্যবহারের অভিযোগ রয়েছে। এতে সাময়িকভাবে কচুরিপানার বিস্তার নিয়ন্ত্রণ করা গেলেও পরিবেশের ওপর এর সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ জলাভূমিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কেবল নির্দিষ্ট আগাছার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ব্যবহৃত উপাদান, প্রয়োগের মাত্রা ও পরিবেশগত অবস্থার ওপর নির্ভর করে তা পানিতে মিশতে পারে, মাটিতে অবশিষ্ট থাকতে পারে কিংবা খাদ্যশৃঙ্খলে প্রবেশ করতে পারে। এর ফলে জলজ উদ্ভিদ, অণুজীব, মাছের পোনা, শামুক, ঝিনুক, ব্যাঙসহ বিভিন্ন প্রাণীর জীবন ও প্রজননব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যকর্মকর্তামহ পরিবেশবিদদের মতে একটি জলাভূমির পরিবেশ কোনো বিচ্ছিন্ন ব্যবস্থায় চলে না। সেখানে ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বড় মাছ, জলজ পাখি, সরীসৃপ এবং মানুষ—সবাই কোনো না কোনোভাবে পরস্পরের ওপর নির্ভরশীল। পানির গুণাগুণ নষ্ট হলে প্রথমে ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র প্রাণ ও উদ্ভিদ। এরপর তার প্রভাব ছড়িয়ে পড়ে মাছের খাদ্য, প্রজনন ও বেঁচে থাকার ওপর। একসময় সেই ক্ষতির প্রভাব পড়ে পাখি ও মানুষের জীবনেও। বিশেষজ্ঞ পর্যায়ের পরীক্ষা ও পর্যবেক্ষণ ছাড়া নির্দিষ্ট রাসায়নিকের কারণে কতটা ক্ষতি হচ্ছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে জলাভূমিতে অনিয়ন্ত্রিত রাসায়নিক প্রয়োগ যে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে, তা উপেক্ষা করার সুযোগ নেই।
বিলের পানিতে বিষ, খাদ্যশৃঙ্খলে অদৃশ্য বিপদ :
চলনবিলের মাছ শুধু স্থানীয় মানুষের খাদ্যের উৎস নয়। এটি বহু পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম অবলম্বন। বিলের পানিতে রয়েছে নানা প্রজাতির দেশীয় মাছ, শামুক, ঝিনুক, ব্যাঙসহ অসংখ্য জলজ প্রাণী। এদের প্রত্যেকের রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু পানিতে রাসায়নিক দূষণ বাড়লে মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন ব্যাহত হতে পারে। বিশেষ করে মাছের ডিম ও পোনা রাসায়নিক দূষণের প্রতি বেশি সংবেদনশীল। একই সঙ্গে জলজ খাদ্যশৃঙ্খলের বিভিন্ন স্তরে দূষণের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এর ফলে মাছের প্রাপ্যতা কমে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে মৎস্যসম্পদনির্ভর মানুষের জীবিকা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পানির দূষণ সব সময় চোখে দেখা যায় না। পানি দেখতে স্বচ্ছ হলেও তাতে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থাকতে পারে। সেই পানি কৃষিকাজে ব্যবহৃত হলে মাটি ও ফসলের ওপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আবার দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করতে পারে। ফলে বিলপাড়ের মানুষের নিরাপদ পানীয় জল, খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে।
হারিয়ে যেতে পারে পাখির কলকাকলি :
চলনবিলের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ এর পাখির জগৎ। শীত কিংবা বর্ষা- বিভিন্ন সময়ে দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির বিচরণে মুখর হয়ে ওঠে এই জলাভূমি। মাছ, জলজ উদ্ভিদ, ছোট প্রাণী ও জলাভূমির অন্যান্য জীবের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে পাখিদের খাদ্য ও আবাসব্যবস্থা। কিন্তু জলজ প্রাণীর সংখ্যা কমে গেলে এবং আবাসস্থল দূষিত হলে পাখিরাও খাদ্যসংকটে পড়ে। জলাভূমির স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়া মানে শুধু মাছের ক্ষতি নয়, পাখিদের জীবনধারণের ব্যবস্থাও সংকুচিত হয়ে আসা। ফলে জীববৈচিত্র্যর একটি গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এর সঙ্গে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নিষিদ্ধ চায়না জালের ব্যবহার। স্থানীয় সূত্রের অভিযোগ, বর্ষার শেষ ভাগে একশ্রেণির অসাধু মৎস্য শিকারি এসব জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরছেন। এ ধরনের জালে মাছের পোনা ও ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে। ফলে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং জলাভূমির মৎস্যসম্পদ পুনরুৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একদিকে রাসায়নিক বিষের ঝুঁকি, অন্যদিকে নিষিদ্ধ জালের নির্বিচার ব্যবহার—দুই দিক থেকেই চাপে পড়েছে চলনবিলের জলজ প্রাণবৈচিত্র্য।
কৃষকের কণ্ঠে জমছে দীর্ঘশ্বাস :
চলনবিলের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন কৃষক। সিংড়া উপজেলার জোলারবাতা এলাকার কৃষক আবুল হোসেনের অভিজ্ঞতা সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। তিনি জানান, গত বছর কচুরিপানার কারণে তার ১৫ বিঘা জমি অনাবাদি পড়ে ছিল। আশপাশের শতাধিক কৃষকের জমিতেও বোরো ধান চাষ করা সম্ভব হয়নি। তার দাবি, কৃষি ও কৃষকদের বাঁচাতে সরকারিভাবে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। হিজলী গ্রামের কৃষক মানিক মিয়ার অভিযোগ, খাল-বিলের মুখে বাঁধ দিয়ে চলনবিল ও আত্রাই নদীর স্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন করার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তার মতে, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ার কারণেই কচুরিপানার বিস্তার বেড়েছে। এখন প্রতি বিঘা জমির কচুরিপানা পরিষ্কার করতে অতিরিক্ত ৪ থেকে ৫ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। এর সঙ্গে সার, বীজ ও জ্বালানির মূল্যবৃদ্ধি কৃষকের দুর্ভোগ আরও বাড়িয়েছে। একই উপজেলার কৃষক আখতারুজ্জামানের রয়েছে ১৫ বিঘা কৃষিজমি। কিন্তু কচুরিপানার কারণে তার জমি লিজ নিতেও আগ্রহ দেখাচ্ছেন না অনেকে। তিনি জানান, এক বিঘা জমিতে ফসল উৎপাদনে ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় হয়। ফলন পাওয়া যায় ২৫ থেকে ৩০ মণ। এর সঙ্গে কচুরিপানা পরিষ্কারে আরও ৪ থেকে ৫ হাজার টাকা ব্যয় করতে হলে কৃষকের লাভের হিসাব আর মেলে না।
তার এসব অভিজ্ঞতা থেকে স্পষ্ট, চলনবিলের কচুরিপানা সমস্যা এখন আর নিছক কৃষিজমি পরিষ্কারের বিষয় নয়। এটি কৃষকের উৎপাদনব্যবস্থা, স্থানীয় অর্থনীতি এবং পরিবেশের সঙ্গে জড়িয়ে পড়া একটি বহুমাত্রিক সংকট।
পরিবেশ রক্ষায় লড়াই দীর্ঘদিনের :
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। সংগঠনটির সভাপতি আক্তার হোসেন জানান, কচুরিপানা পরিষ্কারে অবাধে আগাছানাশক জাতীয় রাসায়নিক ব্যবহারের ফলে বিলের মাছ, পাখিসহ জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ২০১২ সাল থেকে তাদের সংগঠনের সদস্যরা প্রশাসন ও স্থানীয় মৎস্য বিভাগকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। পাশাপাশি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং অপরাধীদের জরিমানা ও শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কাজ করছেন। আক্তার হোসেনের মতে, চলনবিল শুধু একটি স্থানীয় জলাভূমি নয়; দেশের খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দাবি, দেশে উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়ে থাকে। তাই চলনবিলের কৃষি উৎপাদন ব্যাহত হলে তার প্রভাব জাতীয় খাদ্য উৎপাদনেও পড়তে পারে। এ বক্তব্যের তাৎপর্য অত্যন্ত গভীর। কারণ একটি জলাভূমির পরিবেশগত বিপর্যয় কখনো শুধু প্রকৃতির ক্ষতি করে না; তা কৃষি, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
কৃষি বিভাগের পরামর্শ: বিষ নয়, জৈব ব্যবস্থাপনা :
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত কয়েক বছর ধরেই চলনবিলে কচুরিপানার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এর কারণে কিছু কৃষিজমি অনাবাদি থাকছে এবং কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চলতি বছর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে কচুরিপানা রয়েছে। তিনি জানান, কৃষকদের অনেক আগে থেকেই কচুরিপানা অপসারণের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে রাসায়নিক বিষ প্রয়োগ না করে কচুরিপানা সংগ্রহ করে জৈব সার হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অন্যদিকে সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বর্ষা-পরবর্তী সময়ে চলনবিলের বিভিন্ন স্থানে কচুরিপানা পরিষ্কারে সস্তা বালাইনাশক ও আগাছানাশক প্রয়োগের ফলে মাছসহ জলজ জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। মাছ ও পাখির অস্বাভাবিক মৃত্যু, প্রজননগত সমস্যা এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। মৎস্য বিভাগ থেকে কৃষকদের রাসায়নিক আগাছানাশক ও বালাইনাশক ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হচ্ছে।

চলনবিল বাঁচলে বাঁচবে মানুষও :
প্রকৃতি কখনোই মানুষের প্রতিপক্ষ নয়। এটি বরং মানুষের অস্তিত্বের অন্যতম প্রধান অবলম্বন। চলনবিলের কৃষক তার জমিতে ফসল ফলাতে চান, জেলে চান জালে মাছ উঠুক, পাখি চায় নিরাপদ আশ্রয়, আর জলজ প্রাণীরা চায় স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকার অধিকার। এই প্রত্যাশাগুলো পরস্পরবিরোধী নয়। কারন একটি সুস্থ জলাভূমি সব পক্ষের জন্যই সম্ভাবনার দুয়ার খুলে দেয়। কচুরিপানার সমস্যা সমাধানের নামে যদি জলাভূমিতে বিষ ছড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়তো সাময়িকভাবে কিছু জমি পরিষ্কার হবে, কিন্তু দীর্ঘমেয়াদে হারিয়ে যেতে পারে মাছ, পাখি, জলজ প্রাণী ও মাটির স্বাভাবিক প্রাণশক্তি। কৃষক হয়তো এক মৌসুমের ফসল পাবেন, কিন্তু পরবর্তী মৌসুমে তাকে আরও বড় পরিবেশগত ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হতে পারে। তাই এখনই প্রয়োজন চলনবিলকে ঘিরে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সরকার, স্থানীয় প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ, পরিবেশবাদী সংগঠন, কৃষক এবং জেলেদের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। চলনবিলকে শুধু ফসল উৎপাদনের ক্ষেত্র কিংবা মাছ আহরণের জলাশয় হিসেবে দেখলে চলবে না। এটি একটি জীবন্ত বাস্তুতন্ত্র, যার প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এখানে পানি প্রবাহিত হবে, মাছ বংশবিস্তার করবে, পাখি নিরাপদে বিচরণ করবে, কৃষক জমিতে ফসল ফলাবেন—এমন ভারসাম্যই হওয়া উচিত আমাদের লক্ষ্য। কচুরিপানা সরাতে গিয়ে যেন চলনবিলের প্রাণটাই সরিয়ে না ফেলি। সাময়িক স্বস্তির জন্য বিষের ওপর নির্ভরতা নয়, প্রয়োজন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান। কারণ চলনবিলের পানি, মাটি, মাছ, পাখি ও মানুষের জীবন আলাদা কোনো সত্তা নয়; তারা একই জীবনের অবিচ্ছেদ্য অংশ। চলনবিল বাঁচলে বাঁচবে জীববৈচিত্র্য, বাঁচবে কৃষি, নিরাপদ থাকবে মানুষের ভবিষ্যৎ।