নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
খেজুরের গুড় ঘিরে অর্থনীতির নতুন সম্ভাবনা

নাটোরে গুড় উৎসবে এক ছাতার নিচে দেশের ৭০০ উদ্যোক্তা

নাটোরে গুড় উৎসবে এক ছাতার  নিচে দেশের ৭০০ উদ্যোক্তা

বাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় এখন শুধু শীতকালীন মৌসুমি পণ্য নয়। এটি এখন গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় শিল্পে পরিণত হওয়ার সুযোগ তৈরি করেছে। যথাযথ মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, ব্র্যান্ডিং ও ডিজিটাল বিপণনের মাধ্যমে এ খাতের বাজার সম্প্রসারণ সম্ভব। এই সম্ভাবনাকে সামনে রেখে নাটোরে ‘গুড় উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০০ উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত এ উৎসব হয়ে উঠে দেশীয় পণ্যের প্রচার, ব্যবসায়িক যোগাযোগ ও নতুন বাজার সৃষ্টির সম্মিলিত উদ্যোগ। গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া গুড় উৎসবটি চলে বিকেল ৪টা পর্যন্ত। উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে গুড় উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণনসহ বিভিন্ন দেশীয় পণ্যের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা অংশ নেন। ুবাংলাদেশের গ্রামীণ জীবন ও লোকজ সংস্কৃতির সঙ্গে খেজুরের গুড়ের সম্পর্ক দীর্ঘদিনের। রস সংগ্রহ থেকে গুড় তৈরি, প্যাকেজিং, পরিবহন ও বিক্রয়—প্রতিটি ধাপেই যুক্ত রয়েছেন অসংখ্য মানুষ। ফলে এ শিল্পের বিকাশ গ্রামীণ কর্মসংস্থান ও মানুষের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সীমিত পুঁজি, প্রচলিত উৎপাদন পদ্ধতি, মান নিয়ন্ত্রণের অভাব এবং বিচ্ছিন্ন বিপণনব্যবস্থার কারণে এ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে উৎপাদকরা ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যা দূর করতে উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, মান যাচাই, উন্নত প্যাকেজিং ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।
ই-কমার্সে বাড়বে বাজার :
গুড়ের বাজার সম্প্রসারণে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে উৎপাদকরা সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমার পাশাপাশি উৎপাদকদের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ বাড়বে। পণ্যের উৎপাদনস্থল, প্রস্তুতপ্রণালি, বিশুদ্ধতা ও মান সম্পর্কে স্বচ্ছ তথ্য তুলে ধরতে পারলে ভোক্তার আস্থাও বাড়বে। এ জন্য প্রয়োজন মানসম্মত প্যাকেজিং, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা।
নারী ও তরুণ উদ্যোক্তাদের নতুন সুযোগ ;
গুড়শিল্পের বিকাশে নারী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। গুড়ের মোয়া, নাড়ু, পিঠা, মিষ্টান্নসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি ও বিপণনের মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি সম্ভব। অন্যদিকে তরুণরা ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন ব্যবসার মাধ্যমে এ শিল্পকে আরও এগিয়ে নিতে পারেন।
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ :
এ খাতের টেকসই বিকাশে বিশুদ্ধতা ও মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত উৎপাদন, আধুনিক সংরক্ষণব্যবস্থা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খেজুরগাছের সংখ্যা বাড়ানো, গাছিদের পেশা টিকিয়ে রাখা, নতুন গাছ লাগানো এবং উৎপাদকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গুড়ের স্বাদ, ঘ্রাণ ও উৎপাদনপদ্ধতিতে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য কাজে লাগিয়ে দেশীয় ব্র্যান্ড গড়ে তোলার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বাজার ও আন্তর্জাতিক বাজারেও প্রবেশের সুযোগ রয়েছে। তবে এজন্য আন্তর্জাতিক মান বজায় রাখা, উন্নত প্যাকেজিং এবং নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে হবে।
উৎসব থেকে শিল্প বিকাশের প্রত্যাশা :
উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার বলেন, উৎসবের উদ্দেশ্য, কার্যক্রম এবং উদ্যোক্তাদের উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় পণ্যের প্রচার-প্রসার ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার অংশগ্রহণে ‘গুড় উৎসব ২০২৬’ সফল ও সার্থক হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদী। নাটোরের এ উৎসব প্রমাণ করে, দেশীয় ঐতিহ্যবাহী পণ্যকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করা সম্ভব। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত উৎপাদন, মান নিয়ন্ত্রণ, আধুনিক বিপণন ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়। যথাযথ উদ্যোগ নেওয়া গেলে খেজুরের গুড় শুধু শীতের মৌসুমি পণ্য হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং গ্রামীণ কর্মসংস্থান, ক্ষুদ্র শিল্পের বিকাশ এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।