নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অর্থ-বাণিজ্য

নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু, এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ১৩০ টন

নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু,  এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ১৩০ টন

পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক ভারী শিল্পপ্রতিষ্ঠান নাটোর সুগার মিলে ২০২৬-২৭ অর্থবছরের ৪৩তম আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবারের মাড়াই মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য ৬৫ দিন মিলটি চালু রাখার পরিকল্পনা রয়েছে। নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল গুলোকে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশে চিনি উৎপাদন হয় বলে এখনো সাধারন মানুষ চিনি কিনে খেতে পায়, এসব চিনি কল বন্ধ হয়ে গেলে চিনির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। এসব চিনিকলের উপরে দেশের হাজার হাজার মানুষের জীবিকাও নির্বাহ করছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা নুরুল হাই মোহাম্মদ আনাছ, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। অনুষ্ঠানে মিলের উৎপাদন কার্যক্রম সচল রাখা, আখচাষিদের স্বার্থ সংরক্ষণ এবং চিনিশিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। মিল সূত্রে জানা যায়, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত নাটোর সুগার মিল ১৯৮৪-৮৫ অর্থবছরে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের কৃষি, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত মাড়াই হয় ৯৫ হাজার ১৩৩ মেট্রিক টন। ওই মৌসুমে ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয় ৫ হাজার ২৮৬ মেট্রিক টন। চলতি মাড়াই মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য ৬৫ দিন মিলটি চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, গত মৌসুমের তুলনায় এবার আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করা হয়েছে। তবে আখচাষিদের উৎপাদনে উৎসাহিত করতে প্রতি মণ আখের সরকারি ক্রয়মূল্য ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উন্নত জাত ও মানের আখ উৎপাদনে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ ঋণ হিসেবে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে চাষিদের উৎপাদনে আগ্রহী করা গেলে মিলের কাঁচামাল সরবরাহ বাড়বে। এতে চিনিকলটির উৎপাদন কার্যক্রম গতিশীল করার পাশাপাশি স্থানীয় আখচাষি ও গ্রামীণ অর্থনীতিও উপকৃত হবে।