বিস্মৃতির আড়ালে মোহাম্মদ নূর হোসেন: সাংবাদিকতা, সমাজসেবা ও নারীশিক্ষায় এক নীরব পথিকৃৎ
ইতিহাস কেবল রাষ্ট্রক্ষমতা, রাজনৈতিক ঘটনা কিংবা আলোচিত ব্যক্তিত্বদের কর্মকান্ডে নির্মিত হয় না। ইতিহাসের ভিত গড়ে ওঠে এমন অসংখ্য মানুষের শ্রম, চিন্তা, উদ্যোগ ও অবদানে, যাঁরা প্রচারের আলোয় না থেকেও সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যান। তাঁদের কেউ সাংবাদিকতায়, কেউ সমাজসংগঠনে, আবার কেউ শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে নিজ নিজ জনপদের পরিবর্তনে অবদান রাখেন। অথচ সময়ের পরিক্রমায় তাঁদের অনেকেই হারিয়ে যান বিস্মৃতির অতলে। নাটোরের সাংবাদিক, সমাজসংগঠক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নূর হোসেন ছিলেন তেমনই একজন নীরব কর্মী। সাংবাদিকতা, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং বিশেষ করে নারীশিক্ষার প্রসারে তাঁর অবদান নতুন করে মূল্যায়নের দাবি রাখে। ১৯৫০ সালে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা হাউলি এলাকার নিজ বাসভবন ‘রহিমা ভিলা’য় জন্মগ্রহণ করেন মোহাম্মদ নূর হোসেন। তাঁর পিতা মরহুম হাজী বেলাল উদ্দিন আহম্মদ ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী। নাটোরের পাশাপাশি ঢাকার কেরানীগঞ্জ, ভারতের আসাম, পাকিস্তানের লাহোর এবং কলকাতার নারকেলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন স্থানে বসবাস করলেও নাটোরের সঙ্গে পরিবারের নিবিড় সম্পর্ক ছিল তার বেশি। নূর হোসেনের জন্ম ঢাকায় হলেও তাঁর শৈশব ও কৈশোর কেটেছে নাটোরে। সেখানেই গড়ে ওঠে তাঁর শিক্ষা, চিন্তা ও সামাজিক মনন। শিক্ষার প্রতি শৈশব থেকেই তাঁর ছিল গভীর আগ্রহ। নাটোরের কানাইখালীর মছিরন নেছা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ঐতিহ্যবাহী মহারাজা জে.এন. উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। পরে নাটোর এন.এস. কলেজে অধ্যয়ন করে আইএ পাস করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে যুক্ত হন। পারিবারিকভাবে সচ্ছলতার সুযোগ থাকলেও তিনি নিজের কর্মপরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। সাংবাদিকতা তাঁর কাছে নিছক পেশা কিংবা সংবাদ প্রকাশের মাধ্যম ছিল না। বলাযায়, সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের কথা বলা এবং জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর। দৈনিক আজাদের নাটোর প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন। নাটোর থেকে প্রকাশিত সাপ্তাহিক নাটোর বার্তা ও সাপ্তাহিক হিসাব, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া ও দৈনিক উত্তরবার্তা এবং জাতীয় পর্যায়ের দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, সংবাদ, দৈনিক রুপালী দেশ, জনকণ্ঠ ও ডেইলি অবজারভারসহ শতাধিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে বলে জানা যায়। সমাজ ও রাষ্ট্র সংস্কার, ধর্ম, শিক্ষা এবং জনজীবনের নানা সমস্যা ও সম্ভাবনা ছিল তাঁর লেখার অন্যতম বিষয়। আজকের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ও তাৎক্ষণিক সংবাদপ্রবাহের যুগে দাঁড়িয়ে অতীতের স্থানীয় সাংবাদিকদের কর্মপরিবেশ উপলব্ধি করা জরুরি। সীমিত যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা, সংবাদ সংগ্রহের নানা প্রতিকূলতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা দায়িত্ব পালন করেছেন। তাঁদের লেখনীতে উঠে এসেছে স্থানীয় জনজীবনের সমস্যা, সম্ভাবনা, সামাজিক অসংগতি এবং পরিবর্তনের নানা চিত্র। মোহাম্মদ নূর হোসেন ছিলেন সেই সময়ের একজন নিষ্ঠাবান সংবাদকর্মী। অথচ তাঁর সাংবাদিকতাজীবনের পূর্ণাঙ্গ ইতিহাস, প্রকাশিত সংবাদ ও নিবন্ধের সংকলন কিংবা কর্মজীবনের মূল্যায়ন আজও যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এটি শুধু একজন সাংবাদিকের প্রতি অবহেলা নয়, বরং স্থানীয় সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণেও একটি ঘাটতি। সাংবাদিকতার পাশাপাশি সমাজসংগঠনেও তাঁর ছিল সক্রিয় ভূমিকা। জানাযায়, নিজ জেলায় না হলেও ১৯৬১ সালে ঢাকার কেরানীগঞ্জ থানার অধীন ‘পার জোয়ার উন্নয়ন সমিতি’ প্রতিষ্ঠায় উদ্যোগী হন তিনি এবং সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একটি সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্থানীয় জনগণকে সম্মিলিত সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার যে প্রয়াস তিনি নিয়েছিলেন, তা তাঁর সাংগঠনিক দক্ষতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় বহন করে। নাটোর শহরেও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে তিনি যুক্ত ছিলেন।
শহরের সাবেক টাউন পার্কে আয়োজিত ওয়াজ মাহফিলের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এসব কর্মকান্ড প্রমাণ করে, তিনি কেবল সংবাদপত্রের পাতায় সমাজের কথা তুলে ধরেই দায়িত্ব শেষ করেননি; বাস্তব সমাজজীবনেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে তাঁর কর্মময় জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদানগুলোর একটি নারীশিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ। ১৯৭৪ সালে নাটোর শহরে তিনি প্রতিষ্ঠা করেন ‘বনলতা বালিকা বিদ্যালয়’। বর্তমান সময়ে নারীশিক্ষার গুরুত্ব সর্বজনস্বীকৃত হলেও কয়েক দশক আগে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ সহজ ছিল না। সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক সীমাবদ্ধতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা—সব মিলিয়ে মেয়েদের বিদ্যালয়মুখী করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিঃসন্দেহে দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপ।
একটি মেয়ের শিক্ষা কেবল তার ব্যক্তিগত জীবনের উন্নয়ন ঘটায় না; বলাযায় একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই উপলব্ধি থেকেই মোহাম্মদ নূর হোসেন নারীশিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন বলে প্রতীয়মান হয়। এ ছাড়া বর্তমান নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পেছনেও তাঁর অবদান ছিল বলে জানা যায়। তাঁর এসব উদ্যোগের বাইরেও আরও অনেক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা যথাযথ অনুসন্ধান ও নথি সংরক্ষণের অভাবে আজও অনেকটা অজানা রয়ে গেছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে তিনি গুরুতর আহত হন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি স্থানীয় বড় হরিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। উক্ত নির্বাচনে তিনি ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তৎকালীন জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী অংশগ্রহণকারী এবং জাতীয় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব।
একজন মানুষের জীবনে এমন বহুমাত্রিক কর্মপ্রয়াস সহজে দেখা যায় না। সাংবাদিকতা তাঁকে মানুষের কথা বলার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল, সমাজসংগঠন তাঁকে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব উপলব্ধি করার সুযোগ দিয়েছিল, আর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, তাঁর মতো একজন মানুষের নাম আজ নাটোরের সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে খুব একটা উচ্চারিত হয় না। কোনো বিশেষ দিবস, স্মরণানুষ্ঠান কিংবা স্থানীয় ইতিহাসচর্চায় তাঁর অবদান যথাযথভাবে আলোচিত হতে দেখা যায় না। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ছিলেন প্রচারবিমুখ। নিজের কাজের প্রচার নয়, কাজের মধ্য দিয়েই সমাজে অবদান রাখতে আগ্রহী ছিলেন তিনি। ২০০৪ সালের ৬ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের হাউলি মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সেখানকার কবরস্থানেই তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দেলারা বেগম, দুই কন্যা ও এক পুত্র রেখে যান। পরবর্তী সময়ে করোনাকালে তাঁর একমাত্র পুত্রের মৃত্যু হয়। বর্তমানে তাঁর স্ত্রী, দুই কন্যা এবং প্রয়াত পুত্রের স্ত্রী ও সন্তান রয়েছেন। তাঁরা ঢাকা ও কেরানীগঞ্জ এলাকায় বসবাস করেন। তাঁর ভাই আনোয়ার হোসেন পরিবারসহ নাটোরে বসবাস করছেন। এখন প্রশ্ন হলো, এমন একজন মানুষের জীবন ও কর্মের কতটুকু আমরা সংরক্ষণ করতে পেরেছি? যাঁরা স্থানীয় সাংবাদিকতা, সমাজসংগঠন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়িত না হলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের জনপদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। একজন মানুষের মৃত্যুতে তাঁর কর্মের অবসান ঘটে না। বরং তাঁর রেখে যাওয়া কাজের মধ্য দিয়েই পরবর্তী প্রজন্ম তাঁকে মূল্যায়ন করে। সেই মূল্যায়নের জন্য প্রয়োজন তথ্য সংগ্রহ, দলিল সংরক্ষণ, জীবনী প্রকাশ এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এ ক্ষেত্রে নাটোরের সাংবাদিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব রয়েছে। বনলতা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও সংশ্লিষ্ট দলিলপত্র সংরক্ষণ, তাঁর সাংবাদিকতাজীবনের তথ্য অনুসন্ধান, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত লেখা সংগ্রহ এবং সামাজিক কর্মকান্ডের প্রামাণ্য নথি তৈরি করা যেতে পারে। একই সঙ্গে আব্দুলপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং অন্যান্য জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়েও অনুসন্ধান প্রয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে তাঁর জীবন ও কর্মকে স্থানীয় ইতিহাসের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।
ইতিহাস সংরক্ষণ মানে শুধু অতীতের ঘটনা লিপিবদ্ধ করা নয়; পাশাপাশি সমাজ পরিবর্তনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের চিন্তা ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। জাতীয় ইতিহাসের পাশাপাশি স্থানীয় ইতিহাসের প্রতিও আমাদের সমান মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ, একটি জনপদের প্রকৃত ইতিহাস গড়ে ওঠে সেখানকার মানুষের জীবনসংগ্রাম, সামাজিক উদ্যোগ, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক কর্মকান্ডের সম্মিলিত ধারায়। মোহাম্মদ নূর হোসেন ছিলেন তেমনই একজন মানুষ, যাঁর কর্মজীবন আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও জনকল্যাণের শিক্ষা দেয়। তিনি হয়তো জাতীয় পর্যায়ে আলোচিত কোনো ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু নাটোরের সাংবাদিকতা, সমাজসেবা ও নারীশিক্ষার প্রসারে তাঁর অবদান তাঁকে স্মরণীয় করে রাখার যথেষ্ট কারণ রয়েছে। তাঁর মৃত্যু হয়েছে, কিন্তু তাঁর কর্মের মূল্য ফুরিয়ে যায়নি। তাই এখনই সময় তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করার। বিস্মৃতির আড়াল থেকে মোহাম্মদ নূর হোসেনের জীবন ও কর্মকে সামনে নিয়ে আসা শুধু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, এর পাশাপাশি নিজেদের স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যাঁরা সমাজকে কিছু দিয়ে যান, তাঁদের অবদান বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া কোনো সচেতন সমাজের কাজ হতে পারে না। আসুন আমরা সাংবাদিক, সমাজসংগঠক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নূর হোসেনকে একটু মনে রাখার চেষ্টা করি।
