নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
যে শিক্ষক স্মৃতির পাতায় আজও জীবন্ত

ইংরেজি শিক্ষার অনন্য কারিগর লাল মুহাম্মদ সরকার

ইংরেজি শিক্ষার  অনন্য কারিগর  লাল মুহাম্মদ সরকার

ইংরেজি ভাষা শিক্ষার প্রসঙ্গ এলেই নাটোর ও আশপাশের অঞ্চলের অসংখ্য সাবেক শিক্ষার্থী ও গুণগ্রাহীর স্মৃতিতে শ্রদ্ধার সঙ্গে ভেসে ওঠে একটি নাম—লাল মুহাম্মদ সরকার। সবার কাছে তিনি পরিচিত ছিলেন ‘লাল স্যার’ নামে। তিনি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু ইংরেজি ভাষায় অসাধারণ পাণ্ডিত্য, ব্যতিক্রমী পাঠদান পদ্ধতি এবং জ্ঞান বিতরণে আপসহীন মনোভাব তাঁকে শিক্ষার্থীদের হৃদয়ে স্মরণীয় করে রেখেছে। আমার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়জুড়ে রয়েছেন এই মানুষটি। ইংরেজি ভাষার ভিত্তি মজবুত করার জন্য অভিভাবকেরা আমাদের অনেককেই তাঁর কাছে পাঠাতেন। কান্দিভিটায় স্যারের বাড়ির উত্তরমুখী খোলা বারান্দার সিমেন্টের মেঝেতে বসে শুরু হতো আমাদের পাঠ। তাঁর শেখানোর ধরন ছিল স্বতন্ত্র। উচ্চারণের শুদ্ধতা, শব্দের ব্যবহার ও ব্যাকরণের ভিত্তি তৈরি করতে একই বিষয় বারবার অনুশীলন করাতেন। পড়া বুঝে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। বিকেলে পড়ানো শুরু করে বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দিতেন। এরপর বারবার জিজ্ঞেস করতেন, ‘বুঝেছিস তো?’ কিন্তু শুধু মুখে হ্যাঁ বললেই চলত না। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী নিজের ভাষায় তাঁকে পড়া বুঝিয়ে দিতে না পারত, ততক্ষণ ছুটি মিলত না। সময় যতই গড়াক, তাঁর কাছে শেখার কোনো বিকল্প ছিল না। তাঁর এই কঠোর শাসনের আড়ালে ছিল শিক্ষার্থীদের ভালো করার গভীর প্রত্যাশা। তিনি চাইতেন, শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক, তা নয়; বরং বিষয়টি প্রকৃত অর্থে বুঝে জ্ঞান অর্জন করুক। ইংরেজি ভাষার বাইরেও বিভিন্ন বিষয়ে তাঁর ছিল বিস্তৃত জ্ঞান। প্রয়োজন অনুযায়ী অন্যান্য পাঠ্যবিষয়ের সমস্যাও সমাধান করে দিতেন। দর্শন ও জীবনবোধের প্রাথমিক ধারণাও আমরা তাঁর কাছ থেকেই পেয়েছি। কিশোর বয়সে তাঁকে অনেক সময় গ্রিক দার্শনিক প্লেটোর সঙ্গে তুলনা করতাম। তাঁর বাড়ির সেই বারান্দাটিকে মনে হতো আমাদের নিজস্ব এক শিক্ষালয়—যেখানে পাঠ্যবইয়ের বাইরেও জীবনকে জানার সুযোগ মিলত। লাল স্যারের কাছে শিক্ষা মানে শুধু বইয়ের পাতা মুখস্থ করা ছিল না। তিনি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও অধ্যবসায়ের শিক্ষাও দিতেন। তাঁর কঠোরতার মধ্য দিয়ে আমরা বুঝতে শিখেছিলাম, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন ধৈর্য, অনুশীলন ও আন্তরিকতা। সম্প্রতি স্বপ্নে দেখেছি, আবার সেই বারান্দায় বসে পড়ছি। কখনো মনে হচ্ছিল আমি বর্তমান বয়সের মানুষ, আবার কখনো ফিরে যাচ্ছি সেই কিশোর বয়সে। স্বপ্নের সেই দৃশ্য আমাকে ফিরিয়ে নিয়ে গেছে জীবনের এক সোনালি সময়ে, যেখানে শিক্ষক হিসেবে লাল স্যার ছিলেন আমাদের জ্ঞান ও অনুপ্রেরণার অন্যতম উৎস। এ বছরের প্রথমার্ধে কাউকে কিছু না জানিয়ে অল্প সময়ের জন্য কান্দিভিটায় গিয়েছিলাম। মা-বাবার স্মৃতিবিজড়িত আমাদের পুরোনো বাড়িটি দেখে বিষণ্ন মনে লাল স্যারের বাড়ির পথ ধরেছিলাম। কিন্তু গিয়ে আর চিনতে পারিনি সেই বাড়ি, সেই বারান্দা কিংবা পরিচিত পরিবেশ। নতুন স্থাপনা নির্মাণের কারণে পুরোনো বাড়িটির অনেকটাই ভেঙে ফেলা হয়েছে। পরিবর্তন এসেছে সেই শান বাঁধানো পুকুরঘাটেও। একসময় যে জায়গাটি ছিল আমাদের শৈশব-কৈশোরের শিক্ষা ও স্মৃতির কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে বাস্তবতার সঙ্গে স্মৃতির বিশাল ব্যবধান অনুভব করলাম। অজান্তেই চোখ ভিজে উঠেছিল। মনে হচ্ছিল, সময়ের প্রবাহে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি কখনো মুছে যায় না। লাল স্যারের কোনো পূর্ণাঙ্গ ছবি আমার কাছে নেই। তাঁর ছেলে ও আমার ঘনিষ্ঠ বন্ধু বাবু একসময় স্যারের একটি সাদাকালো অসম্পূর্ণ ছবি দিয়েছিল। সেই ছবিকে ভিত্তি করে শ্রুতি ও স্মৃতির আশ্রয়ে ক্যানভাসে তেলরঙে তাঁর একটি প্রতিকৃতি আঁকার চেষ্টা করছি। ইচ্ছা করেই ছবিটি এখনো সম্পূর্ণ করিনি। সময় পেলেই একটু একটু করে কাজ করি। যেন প্রতিবার রঙের আঁচড়ের সঙ্গে ফিরে পাই আমার সেই প্রিয় শিক্ষককে, স্মরণ করতে পারি তাঁর স্নেহ, শাসন ও শিক্ষাদানের অনন্য মুহূর্তগুলো। একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি শিক্ষার্থীর চিন্তা, মনন ও জীবনবোধ গঠনে ভূমিকা রাখেন। লাল মুহাম্মদ সরকার ছিলেন তেমনই একজন শিক্ষক। তাঁর অসংখ্য শিক্ষার্থী আজ জীবনের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁদের স্মৃতি ও শ্রদ্ধার মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। সময় বদলেছে, বদলে গেছে সেই বাড়ি, বারান্দা ও পরিচিত পরিবেশ। কিন্তু স্মৃতির পাতায় লাল স্যার আজও আগের মতোই জীবন্ত। তাঁর শেখানো পাঠ, শৃঙ্খলা এবং জ্ঞানচর্চার প্রতি ভালোবাসা আজও পথ দেখায়। কিছু শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা মানুষের জীবনে স্থায়ী ছাপ রেখে যান। লাল মুহাম্মদ সরকার ছিলেন তেমনই একজন—আমাদের প্রিয় লাল স্যার।