নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
স্মরণীয়-বরণীয়

নাটোরের কৃষক নেতা জমির উদ্দীন মোল্লা ‘জমির চাচা’

নাটোরের কৃষক নেতা জমির উদ্দীন মোল্লা ‘জমির চাচা’

নাটোরের রাজনৈতিক অঙ্গনে এক সময় সাধারণ মানুষের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মরহুম জমির উদ্দীন মোল্লা। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি থেকে নাটোর শহর ও জেলার সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন একজন সরল, হাসিখুশি ও গণমুখী রাজনৈতিক নেতা হিসেবে। বিশেষ করে যুব সমাজের কাছে তিনি স্নেহভরে পরিচিত ছিলেন ‘জমির চাচা’ নামে।
জমির উদ্দীন মোল্লা ১৯২৮ সালের ১৭ সেপ্টেম্বর নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আমির আলী এবং মাতার নাম ফুরকুনী বেগম। রাজনৈতিক জীবনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন তার অন্যতম প্রিয় নেতা ও রাজনৈতিক আদর্শ।
মোঃ জমির উদ্দীন মোল্লা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)-এর একজন সক্রিয় কৃষক নেতা। কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
১৯৭৬ সালের ১৬ মে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ শুরু হলে জমির উদ্দীন মোল্লা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। লংমার্চটি ১৭ মে বিকেলে ভারতের সীমান্তসংলগ্ন কানসাটে গিয়ে শেষ হয়। দেশের পানির ন্যায্য হিস্যা ও ফারাক্কা বাঁধের প্রতিবাদে আয়োজিত ওই ঐতিহাসিক কর্মসূচিতে তার অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত করে তোলে।
রাজনৈতিক জীবনে জমির উদ্দীন মোল্লার প্রচার-প্রচারণার ধরনও ছিল ব্যতিক্রমী। নাটোর শহরের প্রথম দিকের ম্যাগাফোন এবং পরবর্তী সময়ে ছোট একটি মাইক হাতে নিয়ে তিনি একাই পথের ধারে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। তার সরল বক্তব্য ও সাবলীল উপস্থাপনায় পথচারী ও সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে তার কথা শুনতেন।
দেশে তেল, সার, কৃষিজাত পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সংবাদ পেলেই তিনি সরকারের নীতির সমালোচনায় সোচ্চার হয়ে উঠতেন। কৃষক ও নিম্নআয়ের মানুষের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব তুলে ধরে তিনি প্রতিবাদ জানাতেন। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করা।
ব্যক্তিজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে। অনেক ভূসম্পদের মালিক হওয়া সত্ত্বেও বিলাসী জীবনযাপনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। বরং সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা এবং তাদের পাশে দাঁড়ানোই ছিল তার স্বভাব। হাসিখুশি ও উদারমনা মানুষ হিসেবে স্থানীয়দের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা ছিল।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও জমির উদ্দীন মোল্লার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার এলাকায় মুক্তিযোদ্ধাদের আপ্যায়ন ও প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। মুক্তিযুদ্ধের সময় ভারত সীমান্তবর্তী এলাকায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি হলে তিনিও সেই প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়।
১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী হিসেবে নাটোর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি। নির্বাচনে পরাজিত হলেও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ও রাজনৈতিক কর্মকান্ড অব্যাহত ছিল।
জমির উদ্দিন মোল্লা মৃত্যুর আগ পর্যন্ত ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ন্যাপ ভাসানীর একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা।
জমির উদ্দিন মোল্লা ১৯৯৯ সালের ৪ এপ্রিল নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তাকে হাতিয়ান্দহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি ৯ পুত্র ও ৭ কন্যা সন্তানের জনক ছিলেন। তার সন্তানদের মধ্যে একমাত্র ৭ম পুত্র মোঃ আমজাদ হোসেন মুন্টু মোল্লা বিএনপি-র রাজনীতিতে সক্রিয়। তিনি বর্তমানে নাটোর সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আজ তিনি নেই, কিন্তু নাটোরের প্রবীণ মানুষের স্মৃতিতে ‘জমির চাচা’ এখনও একজন সহজ-সরল, সাহসী ও গণমানুষের রাজনীতিক হিসেবে বেঁচে আছেন। রাজনীতিকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে সাধারণ মানুষের কথা বলার যে ঐতিহ্য তিনি ধারণ করেছিলেন, তা স্থানীয় রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

লেখক: লিমন হোসেন,
চ্যানেল-২৪, ক্যামেরা পার্সোন
জমির মোল্লার নাতী।