সিংহল রাজ্যের ‘চালানবিলের কচুরিপানা নিধন’ মহাযজ্ঞ
একদা সিংহল রাজ্যের অধিপতি হলেন জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবু। তবে তিনি জমিদারি চালাতেন মূলত নিজের আরাম-আয়েশ আর রাজকোষ ভরার ধান্দায়। একদা সিংহল রাজ্যে কচুরিপানার উপদ্রব এমন পর্যায়ে পৌঁছাল যে, রাজ্যের বড় বিল ‘চালানবিল’ চেনার কোনো উপায় রইল না। চারদিকে শুধু সবুজ আর সবুজ। বিলে পদ্মফুল ফুটুক আর না ফুটুক, সর্বনাশা কচুরিপানায় পুরো বিল এমনভাবে ভরে গিয়েছিল যে, নৌকো চলা তো দূরের কথা, ব্যাঙদেরও সাঁতার কাটার জায়গা ছিল না। এই কচুরিপানা নিয়ে যখন প্রজাদের মধ্যে ক্ষোভ জমছিল।
ঠিক এই মোক্ষম সুযোগে জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবুর মাথায় এক দূরদর্শী (পকেট ভারী করার) আইডিয়া খেলে গেল। তিনি তড়িঘড়ি করে ডেকে পাঠালেন রাজ্যের একমাত্র ‘মহাজ্ঞানী’ এবং হিসেবি মানুষ, পাঠশালার ব্যাকরণ ও অংক শিক্ষক মৃণাল পন্ডিতকে। মৃনাল পন্ডিতের মাথায় মগজের চেয়ে ফন্দি-ফিকির বেশি গিজগিজ করত।
ভানু বাবুর দরবারে হাজির হলেন পরম জ্ঞানী ও কূটবুদ্ধিসম্পন্ন 'মৃনাল পন্ডিত'। জমিদার অরুণাভ গোস্বামী ভানু বাবু সোফায় হেলান দিয়ে গড়গড়িতে টান দিতে দিতে বললেন, "বুঝেছেন পন্ডিত মশাই? সিংহল রাজ্যের মান-সম্মান এই কচুরিপানার নিচে চাপা পড়ে যাচ্ছে। আমাদের একটা ‘কচুরিপানা নিধন ও জলধারা উদ্ধার প্রকল্প’ চালু করতে হবে। সরকারি তহবিল থেকে মোটা অঙ্কের টাকা পাস করিয়ে এনেছি। এখন শুধু বাস্তবায়ন বাকি।"
মৃনাল পন্ডিত জমিদার ভানু বাবুর কানে কানে বললেন, "হুজুর, এই কচুরিপানা তো অভিশাপ নয়, এ তো আমাদের জন্য রাজকোষের আলাদিনের চেরাগ! একে নিধন করার নামে আমরা এক মহাযজ্ঞ ফেঁদে বসতে পারি।"
ভানু বাবু চোখ চকচক করে বললেন, "তা কেমন পন্ডিত মশাই?"
মৃণাল পন্ডিত চশমাটা নাকের ডগায় নামিয়ে, পকেট থেকে একটা ছেঁড়া খাতা বের করে বললেন, "চমৎকার প্রস্তাব হুজুর! তবে ব্যাকরণের নিয়ম অনুযায়ী যেমন ‘নিধন’ শব্দের পর ‘দুর্নীতি’ শব্দটি সুপ্ত থাকে, তেমনি আমাদের এই প্রকল্পেও একটু ‘হিসেবের কারসাজি’ রাখতে হবে। তা না হলে এত বড় কাজের মর্যাদা থাকবে না।"
জমিদার ভানু বাবু চোখ টিপে হাসলেন, "সে তো বলাই বাহুল্য! তাহলে পরিকল্পনাটা কী?"
পন্ডিত মশাই খাতার পাতায় খসখস করে খসড়া হিসাব তৈরি করে শোনালেন:
সিংহল রাজ্যের ‘কচুরিপানা নিধন’ মহাযজ্ঞ এর মুল দায়িত্বে থাকবে নির্বাহী পেয়াদা নিপাত কুন্ডু, প্রধান উজির বামুন ঠাকুর, মৃনাল পন্ডিত ও জমিদার ভানু বাবুর চার/পাঁচ জন লাঠিয়াল।
১. প্রথম পর্যায় (প্রচারণা ও মিটিং): কচুরিপানা কীভাবে সিংহল রাজ্যের অর্থনীতি ধ্বংস করছে, তা নিয়ে তিন দিনব্যাপী সেমিনার হবে। সেখানে বিদেশ থেকে উচ্চশিক্ষিত 'কচুরিপানা বিশেষজ্ঞ' বাবুদের আনা হবে। ছবিতোলা, ফেসবুক পোষ্ট, লাইক, শেয়ার, কমেন্ট সব মিলিয়ে খরচ- দশ লক্ষ টাকা।
২. দ্বিতীয় পর্যায় (যন্ত্রপাতি ক্রয়): কচুরিপানা কাটার জন্য বিদেশ থেকে স্বয়ংক্রিয় যন্ত্র ‘অত্যাধুনিক কাস্তে’ ও ‘ডিজিটাল কোদাল’ আমদানি করা হবে। (আসলে স্থানীয় কামারশালা থেকে সস্তায় কেনা হবে, কিন্তু সিল মারা হবে ‘মেড ইন জার্মানি’)। খরচ- কুড়ি লক্ষ টাকা।
৩. তৃতীয় পর্যায় (শ্রমিক নিয়োগ): দৈনিক ৫০০ জন কাল্পনিক শ্রমিক চালানবিলে নামানো হবে। খাতায়-কলমে তাদের বড় বড় নাম থাকবে, বাস্তবে কাজ করবে জমিদার ভানু বাবুর বাড়ির চার/পাঁচ জন অলস লাঠিয়াল ও জমিদার বাড়ির পোষা বিড়াল-কুকুর।
জমিদার ভানু বাবু মাথা নেরে বললেন ঠিক আছে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো। পুরো রাজ্যজুড়ে হইচই পড়ে গেল।
রাজ্যের নির্বাহী পেয়াদা নিপাত কুন্ডু সব কাজ ফেলে কচুরিপানা নিধোন মহাযজ্ঞ নিয়ে ব্যাস্ত। নির্বাহী পেয়াদা ‘অত্যাধুনিক কাস্তে’ ও ‘ডিজিটাল কোদাল’ আমদানি করা সহ কচুরিপানা নিধোন মহাযজ্ঞে সমস্ত প্রকার আনজাম দিয়ে চলেছেন। নির্বাহী পেয়াদা নিপাত কুন্ডু, প্রধান উজির বামুন ঠাকুর, পন্ডিত মশাই ও জমিদার ভানু বাবুর চার/পাঁচ জন লাঠিয়াল ছবিতোলা ও ফেসবুক পোষ্ট নিয়ে ব্যাস্ত।
জমিদার ভানু বাবু প্রতিদিন তাদেরকে সংগে নিয়ে বিলের পাড়ে এসে রেশমি রুমাল দিয়ে নাক চেপে দাঁড়িয়ে থাকেন। আবার মাঝে মাঝে বজ্রায় চেপে শরীরে হাওয়া লাগান এবং ছবি তোলেন। জমিদার ভানু বাবু ফেসবুক পেজ থেকে শেয়ার দিচ্ছেন। জমিদার ভানু বাবুর গুণগান করে কমেন্ট বক্সে ঝড় উঠেছে, লাইক পড়ছে হাজার হাজার।
আর মৃণাল পন্ডিত লাল কালির কলম হাতে নিয়ে শ্রমিকদের ‘হাজিরা’ খাতার পাতা ওল্টান। কাগজে-কলমে দেখানো হলো, দিনরাত যুদ্ধকালীন তৎপরতায় বিলের কচুরিপানা তোলা হচ্ছে।
সপ্তাহখানেক পর বিলের মাত্র এক কোণ পরিষ্কার হতেই দেখা গেল, সরকারি তহবিল প্রায় শেষ!
জমিদার ভানু বাবু মাথায় হাত দিয়ে বসলেন, "পন্ডিত মশাই, এ তো বড় কেলেঙ্কারী! টাকা শেষ, কিন্তু কচুরিপানা তো তেমনি আছে, উল্টো আরও তিন গুণ বেড়েছে মনে হচ্ছে!"
মৃণাল পন্ডিত শান্ত গলায় বললেন, "হুজুর, ব্যাকরণে একেই বলে ‘প্রবৃদ্ধি’। আপনি চিন্তা করবেন না। বড় তদন্ত কোতোয়াল আসার সময় হয়েছে। আমাদের একটা মোক্ষম চাল চালতে হবে।"
পরদিন ঢাকা থেকে বড় কোতোয়াল সুরেশ সূত্রধর এলেন তদন্তে। বিলের পাড়ে দাঁড়িয়ে সুরেশ সূত্রধর চোখ কপালে তুলে বললেন, "এ কী জমিদার বাবু! ফাইলে দেখলাম পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে পুরো বিল সাফ করা হয়েছে। কিন্তু এখানে তো কচুরিপানার জঙ্গল!"
জমিদার ভানু বাবু ও নির্বাহী পেয়াদা নিপাত কুন্ডু কাঁদো কাঁদো মুখে পন্ডিতের দিকে তাকালেন। আর প্রধান উজির বামুন ঠাকুর ডানে বামে ছুটাছুটি করছেন। মৃণাল পন্ডিত তখন বুক ফুলিয়ে সামনে এগিয়ে এলেন এবং এক গাল হেসে বললেন, "আরে মহোদয়! আপনি তো প্রকল্পের আসল রহস্যটাই বোঝেননি। এটা সাধারণ কচুরিপানা নয়, এগুলো হলো ‘অত্যাধুনিক হাইব্রিড কচুরিপানা’!"
বড়ত্ম কোতোয়াল সুরেশ সূত্রধর অবাক, "সেটা আবার কী?"
পন্ডিত মশাই চশমাটা ঠিক করে বোঝাতে লাগলেন, "মহোদয়, আমরা তো গত পরশুই পুরো বিল একদম আয়নার মতো পরিষ্কার করে ফেলেছিলাম। কিন্তু এই হাইব্রিড কচুরিপানাগুলোর বংশবৃদ্ধি করার ক্ষমতা আলোর গতিতে! আমরা এপারে কাস্তে চালাই, ওপারে ওরা ডাবল গতিতে জন্ম নেয়। জমিদার ভানু বাবু তো নিজের পকেটের টাকা দিয়ে কচুরিপানার সাথে যুদ্ধ করতে করতে প্রায় দেউলিয়া!"
জমিদার ভানু বাবু পাশ থেকে চাদরে মুখ ঢেকে ফোঁপানির অভিনয় করতে লাগলেন, "হ্যাঁ কোতোয়াল মহোদয়, সিংহলের পরিবেশ বাঁচাতে আমি নিঃস্ব হয়ে গেলাম!"
সুরেশ সূত্রধর কিছুক্ষণ পন্ডিতের গম্ভীর মুখ আর জমিদার ভানু বাবুর কান্না দেখলেন। তিনি মনে মনে বুঝলেন ঘটনা কী, তবে তিনিও তো এই লাইনেরই লোক! সুরেশ সূত্রধর গলা খাঁকারি দিয়ে বললেন, "হুম, পরিস্থিতি খুবই গুরুতর। এই ‘হাইব্রিড’ কচুরিপানা দমনের জন্য তো বিশেষ ‘গবেষণা তহবিল’ দরকার। আরও এক কোটি টাকার প্রকল্প পাঠাতে হবে।"
মৃণাল পন্ডিত চট করে সুরেশ সূত্রধরের হাত ধরে বললেন, "ঠিক ধরেছেন মহোদয়! আর সেই নতুন প্রকল্পের ২৫% আপনার ‘গবেষণা ফি’ হিসেবে অগ্রিম জমা থাকবে।"
সুরেশ সূত্রধর খুশি মনে ফাইলে সই করে দিলেন—“কচুরিপানা নিধন সফল হইয়াছে, কিন্তু হাইব্রিড প্রকৃতির কারণে পুনরায় গজাইয়াছে। আরও বরাদ্দের সুপারিশ করা হইল।”
বড় কোতোয়াল বিদায় হতেই জমিদার ভানু বাবু, নির্বাহী পেয়াদা নিপাত কুন্ডু, প্রধান উজির বামুন ঠাকুর আর মৃণাল পন্ডিত বিলের পাড়ে বসে হা-হা করে হেসে উঠলেন। সিংহল রাজ্যের চালানবিলের কচুরিপানাগুলোও যেন বাতাসে দুলতে দুলতে জমিদার আর পন্ডিতের দুর্নীতির ছন্দে তাল মিলিয়ে হাসতে লাগল।
মৃনাল পন্ডিত বলে উঠলেন “এই রাজ্যের বাতাস এত শুদ্ধ আর জমিদার বাবুর পুণ্য এত বেশি যে, দুপুরের মধ্যে কচুরিপানাগুলো অলৌকিক শক্তিতে আবার দ্বিগুণ বেগে গজিয়ে যায়! এতে আমাদের সততার কোনো কমতি নেই হুজুর, এ তো প্রকৃতির আশীর্বাদ!"
ভানু বাবু পন্ডিতের এই আধ্যাত্মিক ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, কচুরিপানা যত দ্রুত গজাবে, ততবার নিধন মহাযজ্ঞ পাস হবে, আর ততবার রাজকোষ থেকে টাকা তোলা যাবে!
জমিদার ভানু বাবু খুশি হয়ে মৃনাল পন্ডিতকে রাজ্যের 'প্রধান কচুরিপানা উপদেষ্টা' পদে ভূষিত করলেন। আর অর্বাচীন প্রজারা চেয়ে চেয়ে দেখল, কীভাবে বিলের কচুরিপানা অপরিবর্তিত রইল, অথচ জমিদার ভানু বাবু, নির্বাহী পেয়াদা নিপাত কুন্ডু, প্রধান উজির বামুন ঠাকুর আর মৃনাল পন্ডিতের সিন্দুকে স্বর্ণমুদ্রা কচুরিপানার মতোই হুহু করে বেড়ে চলল।
(এই গল্পের চরিত্রগুলি কাল্পনিক)
