জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় লালপুরের রায়হান
ছয়টি গরুতে শুরু, শতাধিক মানুষের কর্মসংস্থান
মাত্র ছয়টি গরু নিয়ে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা। সেই ছোট্ট উদ্যোগ আজ বিস্তৃত হয়েছে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং ও পরিবহনসহ নানা খাতে। শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অন্যদের স্বাবলম্বী করে তোলার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান। বহুমুখী উদ্যোগ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রায়হানের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি প্রত্যন্ত জনপদে সম্ভাবনা সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। রোববার (১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছয়টি গরু থেকে উদ্যোক্তা জীবনের সূচনা :
লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রায়হান। তাঁর বাবা মো. মজিবর রহমান এবং মা মোছা. রওশনআরা বেগম। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ছয়টি গরু নিয়ে গরুর খামার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের সূচনা। ধীরে ধীরে অভিজ্ঞতা, পরিশ্রম ও নতুন কিছু করার প্রত্যয় তাঁকে নিয়ে যায় বহুমুখী উদ্যোগের পথে। বর্তমানে তাঁর উদ্যোগের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে।
কৃষি ও মৎস্যে সম্ভাবনার নতুন দুয়ার :
মৎস্য খাতে নিজের সফলতার পাশাপাশি স্থানীয় মাছচাষিদের বাজারজাতকরণের সমস্যা সমাধানে প্রতিষ্ঠা করেছেন ‘সোনার বাংলা মৎস্য আড়ত’। এর মাধ্যমে স্থানীয় মাছচাষিদের মাছ বিক্রির সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছেন তিনি। অন্যদিকে, মিশ্র ফলবাগানে অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত ফল উৎপাদন এবং ‘আশার আলো জৈব সার কারখানা’র মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন। পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে তাঁর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর উৎপাদিত জৈব সার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটিতে বসবাসরত রাশিয়ান নাগরিকদের জন্য উৎপাদিত শাকসবজি ও ফল চাষেও ব্যবহৃত হচ্ছে। এ সার কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ৩০ জনের।
প্রযুক্তির প্রশিক্ষণে বদলাচ্ছে তরুণদের ভাগ্য :
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি হতে পারে তরুণদের আত্মকর্মসংস্থানের অন্যতম শক্তিশালী মাধ্যম। বিষয়টি উপলব্ধি করে যৌথভাবে ‘লিড টপার’ ও ‘হলিটেক আইটি’ নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রায়হান। প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় ৩০০ তরুণ প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ পেয়েছেন। বর্তমানে সেখানে প্রায় ৫০ জন কর্মরত এবং আরও ১০০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। প্রযুক্তিনির্ভর দক্ষতা তৈরির মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
কৃষকের সেচ থেকে মানুষের চিকিৎসাসেবা :
লালপুরের কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট নিরসনে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও উদ্যোগের মাধ্যমে ২৪টি গভীর নলকূপ স্থাপনে সহযোগিতা করেছেন তিনি। এতে কৃষকদের সেচসুবিধা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রেখেছেন। এলাকার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেও গড়ে তুলেছেন ‘ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টার’। প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ জনের।
প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং ও কুরিয়ার সেবা :
গ্রামীণ মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকের গোপালপুর ও আব্দুলপুরে দুটি এজেন্ট শাখা প্রতিষ্ঠা করেন তিনি। ২০২০ ও ২০২১ সালে চালু হওয়া শাখা দুটিতে কর্মসংস্থান হয়েছে ১৪ জনের। এ ছাড়া জনতা ট্রান্সপোর্ট এজেন্সির লালপুর অফিসের মাধ্যমে প্রায় আট বছর ধরে ব্যবসায়ীদের পণ্য পরিবহনসেবা দিয়ে আসছেন। পাশাপাশি পিএসপি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিচালনা করছেন কুরিয়ার সেবা। এসব উদ্যোগও স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
ব্যবসার বাইরেও সবুজ ও মানবিক সমাজের স্বপ্ন :
রায়হানের উদ্যোগের পরিধি কেবল ব্যবসা-বাণিজ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। তিনি গ্রীন লালপুর প্রকল্পের সমন্বয়ক, গ্রীন ভয়েসের লালপুর উপজেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) লালপুর উপজেলা কমিটির সভাপতি।
এসব সংগঠনের মাধ্যমে প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি। ২০২০ সালে করোনা মহামারির ভয়াবহ সময়ে মাস্ক বিতরণ, জনসচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায় ও আক্রান্ত মানুষের বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দেন। মানবিক এ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকেও সম্মাননা পেয়েছেন।
শিক্ষার আলো পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছেন অসহায়দের :
শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। আর্থিক সংকটে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেরিনা, ফাতেমা, সানজিদা ও প্রার্থনাসহ একাধিক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তিনি। এ ছাড়া প্রাকৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং তাঁর সভাপতিত্বে লালপুরের দুর্গম পদ্মার চরাঞ্চলে পরিচালিত হচ্ছে ‘আলোর দরজা শিশু বিদ্যা নিকেতন’। প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে।
সাংবাদিকতার পাশাপাশি জনস্বার্থেও সোচ্চার :
সাংবাদিকতা তাঁর আরেকটি পরিচয়। সংবাদ প্রকাশের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেছেন তিনি। শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণেও কাজ করেছেন। ২০ বছরের পুরোনো সরকার টেক্সটাইল স্থানান্তরের প্রতিবাদ এবং সামাজিক বনায়নের গাছ রোপণসংক্রান্ত অনিশ্চয়তা নিরসনে তাঁর নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় মানুষের কথা আরও বিস্তৃতভাবে তুলে ধরতে প্রতিষ্ঠা করেছেন সাপ্তাহিক পত্রিকা ‘লালপুর বার্তা’। ছাত্রজীবন থেকেই সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রায়হান। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটসহ বিভিন্ন প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। সাংবাদিকতার ওপরও গ্রহণ করেছেন একাধিক প্রশিক্ষণ।
ব্যক্তিগত সাফল্য ছাড়িয়ে কর্মসংস্থানের স্বপ্ন :
রায়হানের বিভিন্ন উদ্যোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কৃষকদের সহায়তা, তরুণদের দক্ষতা উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ, আর্থিক সেবা এবং পরিবেশ সংরক্ষণ—বিভিন্ন ক্ষেত্রে তাঁর উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের এই স্বীকৃতি লালপুরের জন্যও গর্বের। একজন তরুণ উদ্যোক্তার হাত ধরে কীভাবে একটি ছোট উদ্যোগ বহুমুখী কর্মযজ্ঞে পরিণত হতে পারে, রায়হানের পথচলা তারই দৃষ্টান্ত। তাঁর এ অর্জনে স্থানীয় সচেতন মহল ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, জাতীয় যুব পুরস্কারের এই স্বীকৃতি রায়হানকে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তাঁর উদ্যোগ ও সাফল্যের গল্প নতুন প্রজন্মকে চাকরির অপেক্ষায় না থেকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজ করার সাহস জোগাবে। একসময় ছয়টি গরু দিয়ে শুরু হওয়া যে স্বপ্ন আজ জাতীয় স্বীকৃতি পেয়েছে, সেই স্বপ্নের সবচেয়ে বড় সার্থকতা হয়তো এখানেই—নিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করা।
