দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন : এবার ক্ষমা চেয়ে বিএনপিতে ফিরতে চান নেতাকর্মী-সমর্থকরা
নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়াকে ভুল হিসেবে স্বীকার করেছেন নাটোরের লালপুরে দলটির বাইরে থাকা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। অতীতের ভুলত্রুটি বিবেচনায় নিয়ে পুনরায় দলের রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ চেয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তাঁরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে লালপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজেদের অতীত রাজনৈতিক অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করে তাঁরা পুনরায় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহের কথা জানান। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে অবস্থান নিয়ে ভিন্ন প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন তাঁরা। তাঁদের ওই ভূমিকা দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না বলে তাঁরা উপলব্ধি করেছেন। এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা দূরত্ব সৃষ্টি হয়ে থাকলে তাঁরা আন্তরিকভাবে দুঃখিত। লিখিত বক্তব্যে তাঁরা আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। তবে দলীয় আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের গুরুত্ব অনুধাবন করে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চান তাঁরা। বিএনপির আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে পুনরায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করার প্রত্যাশা তাঁদের।
এ জন্য দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি অতীতের ভুলত্রুটি বিবেচনায় নিয়ে তাঁদের সংশোধনের সুযোগ দেওয়ার আবেদন জানান তাঁরা। তাঁদের ভাষ্য, কাউকে প্রতিপক্ষ বানানো কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিরোধ সৃষ্টি করা তাঁদের উদ্দেশ্য নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাতকে শক্তিশালী করার পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে চান তাঁরা। নেতাকর্মীরা জানান, দলীয় নেতৃত্ব তাঁদের বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন, তা তাঁরা সম্মানের সঙ্গে মেনে নিতে প্রস্তুত। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা। সংবাদ সম্মেলন থেকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অতীতের ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পুনরায় দলের রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ ও সহযোগিতা কামনা করেন তাঁরা। সংবাদ সম্মেলনে দলের বাইরে থাকা নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসহাক আলী। এ সময় লালপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, সিজদার আলীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
