নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে : পাঁচ বছরেও কাটেনি চিকিৎসক সংকট

আধুনিক ভবন আছে, পর্যাপ্ত জনবল নেই—ভোগান্তিতে রোগীরা

নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে :  পাঁচ বছরেও কাটেনি  চিকিৎসক সংকট

হাসপাতালের সামনে রোগীদের দীর্ঘ অপেক্ষা। কেউ এসেছেন জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুকে নিয়ে, কেউবা হাঁটু-কোমরের ব্যথায় কষ্ট পেয়ে। চিকিৎসকের দেখা পাওয়ার অপেক্ষায় তাদের সময় গড়াচ্ছে। অথচ হাসপাতালটির রয়েছে ৫০ শয্যার আধুনিক ভবন। আছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও মাতৃস্বাস্থ্যসেবার ব্যবস্থাও। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের অভাবে এসব সুবিধার পুরোপুরি সুফল পাচ্ছেন না নাটোরের নলডাঙ্গা উপজেলার মানুষ। ২০১৮ সালে প্রায় কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল। ২০২১ সালে ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আধুনিক অবকাঠামো ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা ছিল—এবার হাতের কাছেই মিলবে মানসম্মত চিকিৎসাসেবা। কিন্তু ভবন হস্তান্তরের পর পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। ফলে একদিকে চিকিৎসক ও কর্মচারীর সংকট কাটেনি। অন্যদিকে সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ২৪টি। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১ জন। নার্স রয়েছেন ১১ জন এবং মেডিকেল টেকনোলজিস্ট আছেন মাত্র তিনজন। ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, নিরাপত্তাকর্মীসহ অন্যান্য পদেও রয়েছে জনবলসংকট। কর্মচারীর ১৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। ফলে চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের ভোগান্তির চিত্র প্রতিদিনই চোখে পড়ে। দুই বছরের শিশুকে জ্বর-সর্দির চিকিৎসা করাতে এসেছিলেন রেখা খাতুন। দুদিনেও ছেলের জ্বর ও সর্দি না কমায় সকালে হাসপাতালে আসেন তিনি। কিন্তু রোগীর ভিড় দেখে কখন চিকিৎসকের দেখা পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
রেখা খাতুনের মতোই চিকিৎসকের অপেক্ষায় ছিলেন হাঁটু ও কোমরের ব্যথায় আক্রান্ত আয়েশা বেগম। তার অভিযোগ, দুপুর হতে চললেও তখনো চিকিৎসক দেখাতে পারেননি। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় তার ভোগান্তি আরও বেড়েছে। এমন অভিজ্ঞতা শুধু এই দুই রোগীর নয়। চিকিৎসক সংকটের কারণে অনেক রোগীকেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আবার প্রয়োজনীয় চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকলে তাদের যেতে হয় নাটোর জেলা শহর কিংবা বিভাগীয় শহরে। এতে একদিকে বাড়ে চিকিৎসার ব্যয়, অন্যদিকে সময়মতো চিকিৎসা পাওয়া নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। এদিকে জনবলসংকট থাকলেও হাসপাতালটির সেবাকার্যক্রম পুরোপুরি থেমে নেই। সীমিত সামর্থ্যের মধ্যেই রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এস এম সায়েম জানান, জনবল কম থাকায় চাপ সামলে রোগীদের সেবা দিতে হচ্ছে। তবে হাসপাতালে ইসিজি, আলট্রাসনোগ্রাফি এবং বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা করা হয়। পাশাপাশি স্বাভাবিক প্রসব, মাতৃস্বাস্থ্যসেবা ও গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমও চালু রয়েছে। এসব সেবা স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভবতী নারী ও প্রসূতিদের ক্ষেত্রে কাছের হাসপাতালে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ অনেকটাই স্বস্তিদায়ক। কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মীর অভাবে সেবার পরিধি বাড়ানো এবং সব রোগীকে সময়মতো চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকের অনুমোদিত পদের অর্ধেকেরও কম পদে জনবল থাকায় স্বাভাবিকভাবেই রোগীদের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে কর্মচারীর ১৩টি পদের বিপরীতে মাত্র একজন কর্মরত থাকার বিষয়টিও উদ্বেগজনক। নাটোরের সিভিল সার্জন মোহাম্মদ মশিউর রহমান জানান, পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উদ্যোগ চলছে। তবে স্থানীয় মানুষের কাছে উদ্যোগের আশ্বাসের চেয়ে জরুরি হলো বাস্তব পরিবর্তন। পাঁচ বছর আগে নতুন ভবন হস্তান্তরের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার প্রতিফলন তারা দেখতে চান চিকিৎসাসেবায়। বিশেষ করে চিকিৎসকের শূন্য পদ পূরণ, নার্স ও টেকনোলজিস্টের সংখ্যা বাড়ানো এবং প্রয়োজনীয় কর্মচারী নিয়োগের মাধ্যমে হাসপাতালটির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।