গুরুদাসপুরে র্যালি, আলোচনা সভা ঋণের চেকসহ বৃক্ষ বিতরণ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গফুর, ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সংগঠক সৈকত হোসেন, প্রতিভা যুব উন্নয়নের সংগঠক রাশিদুল ইসলাম ও সফল নারী নামিরা নেহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শিলা খাতুন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে আলোচন সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক এবং ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
