তারুণ্যই পরিবর্তনের শক্তি, যুবকদের হাতেই আগামীর বাংলাদেশ : দুলু
একটি দেশের অগ্রগতি, গণতন্ত্রের বিকাশ ও ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। পরিকল্পিতভাবে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে পারলে তারাই হয়ে উঠতে পারে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। এমন প্রত্যাশার কথাই তুলে ধরেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন ঘটাতে। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় নাটোরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত যুব র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে তরুণদের সাহসী ভূমিকার প্রসঙ্গ। দুলু বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব আন্দোলনে তরুণদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশের এই বিশাল যুবশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে উন্নয়ন ও পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত হবে। এজন্য প্রয়োজন দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের বাস্তবসম্মত সুযোগ সৃষ্টি। যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে হুইপ দুলু বলেন, যুবকদের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষিত তরুণদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। যুব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টাও ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহাবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা। আলোচনা সভা শেষে সাতজন যুবকের মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে গাছের চারা রোপণ করা হয়। তারুণ্যের সম্ভাবনা, দক্ষতার বিকাশ আর কর্মসংস্থানের সুযোগ—এই তিনের সমন্বয়েই গড়ে উঠতে পারে সমৃদ্ধ বাংলাদেশ। নাটোরের এ আয়োজনেও উঠে এসেছে সেই প্রত্যাশার বার্তা।
