নর্থ বেঙ্গল সুগারমিলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮০ হাজার টন : চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা-১১,৭০০ টন
চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগারমিল চিনিকল। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আখ মাড়াই কার্যক্রম। এ জন্য কারখানার প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ওয়াটার ট্রায়াল সম্পন্ন হয়েছে। নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ১২৫ দিন কারখানাটি চালু রেখে আখ মাড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, এ সময়ে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই ও প্রক্রিয়াজাত করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদন করা হবে। চিনির আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। চাষীদের আখ চাষাবাদে উৎসাহিত করতে চলতি মৌসুমে আখের ক্রয়মূল্য বাড়িয়েছে সরকার। গত মৌসুমের তুলনায় প্রতি কুইন্টালে ২৬ টাকা বৃদ্ধি করে চিনিকলের গেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা। অন্যদিকে, সংগ্রহ কেন্দ্রগুলোতে প্রতি কুইন্টাল আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩৭ টাকা ৪৬ পয়সা। সংশ্লিষ্টদের মতে, আখের মূল্য বৃদ্ধি চাষিদের উৎপাদন অব্যাহত রাখা এবং আবাদ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। চিনিকলটির আওতাধীন এলাকায় চলতি মৌসুমে প্রায় ১৮ হাজার একর জমিতে আখের আবাদ হয়েছে। পাশাপাশি উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ৫ হাজার ৪৫৪ জন চাষিকে মোট ২ কোটি ৭১ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই শুরুর প্রস্তুতি হিসেবে গত ২৪ অক্টোবর কারখানার সার্বিক পরিচ্ছন্নতা ও কার্যক্রম যাচাইয়ের জন্য ওয়াটার ট্রায়াল করা হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর বয়লার ফায়ারিং সম্পন্ন হয়। বয়লারে উৎপন্ন বাষ্প ব্যবহার করেই পুরো মৌসুমের মাড়াই কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরো বলেন, চিনিকলটির চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নির্ভর করবে পর্যাপ্ত আখ সরবরাহ, কারখানার কার্যকর পরিচালনা এবং নির্ধারিত সময়জুড়ে মাড়াই কার্যক্রম সচল রাখার ওপর। আখের ক্রয়মূল্য বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
