নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

নাটোরে ২০২ সরকারি ভবনে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৮ দশমিক ৯৭ মেগাওয়াট

নাটোরে ২০২ সরকারি ভবনে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৮ দশমিক ৯৭ মেগাওয়াট

নাটোর জেলার ২০২টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে ৮ দশমিক ৯৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন ১০২টি প্রতিষ্ঠানে সম্ভাব্য উৎপাদন সক্ষমতা ৩ দশমিক ৫ মেগাওয়াট। এ সম্ভাবনা কাজে লাগিয়ে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যয় সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৫ু৩০-এর আলোকে আয়োজিত সভায় সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মিজ হাবিবুন নাহার। সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। এ সময় বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর জেনারেল ম্যানেজার, নেসকোর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপিত তথ্যানুযায়ী, নাটোর জেলায় বর্তমানে অনগ্রিড নেট মিটারিং ব্যবস্থার স্থাপিত সক্ষমতা ৮ দশমিক ৭৮ মেগাওয়াট। এর মধ্যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় রয়েছে ৮ দশমিক ৬০ মেগাওয়াট। সভায় সরকারি দপ্তরগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা, নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিক সাশ্রয় এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের ভূমিকা তুলে ধরা হয়। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে তৃতীয় পক্ষের বিনিয়োগনির্ভর ‘থার্ড পার্টি অপেক্স মডেল’ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ব্যবস্থায় তৃতীয় পক্ষের বিনিয়োগ ও পরিচালন ব্যবস্থার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগের চাপ কমানোর সুযোগ রয়েছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণসংক্রান্ত অধ্যাদেশ নং ৩৯, ২০২৬ বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। দ্রুত তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে সভা করে বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি, জেলা প্রশাসন ও সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পল্লী বিদ্যুৎ সমিতি এবং নেসকোর গৃহীত কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া গেলে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে জাতীয় জ্বালানি কৌশল বাস্তবায়ন ও টেকসই উন্নয়নে নাটোর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।