নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

দেশি মাছের তীব্র সংকটে চলনবিলে শুঁটকি শিল্পে ধস, লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কায় চাতাল মালিকরা

দেশি মাছের তীব্র সংকটে  চলনবিলে শুঁটকি শিল্পে ধস, লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কায় চাতাল মালিকরা

এবারের বর্ষায় ঐতিহ্যবাহী চলনবিলে দেখা মেলেনি চিরায়ত উথাল-পাতাল ঢেউয়ের। প্রকৃতির বিরূপ আচরণের প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ এই জলপ্রবাহে। একদিকে কাঙ্খিক্ষত পানির চরম অভাব, অন্যদিকে বিলজুড়ে মাইলের পর মাইল কচুরিপানার ঘন আস্তরণ-এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে চলনবিলের প্লাবনভূমি, নদ-নদী, খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে এক সময়ের ঐতিহ্যবাহী মৎস্যভান্ডার খ্যাত চলনবিলে এখন দেশি মাছের চরম আকাল দেখা দিয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে চলনবিলকেন্দ্রিক শুঁটকি শিল্পে। কাঁচা মাছের অভাবে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শুঁটকির চাতাল, যার ফলে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী, জেলে ও প্রায় দুই সহস্রাধিক শ্রমজীবী পরিবার।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চলনবিলের অস্থায়ী ২৭৫টি চাতালে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের সাড়ে ৪০০ মেট্রিক টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় এক হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মাছের প্রয়োজন। কিন্তু ভরা মৌসুমেও জেলেদের জালে পর্যাপ্ত মাছ ধরা না পড়ায় লক্ষ্যমাত্রার অর্ধেক শুঁটকিও উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে বড় অঙ্কের পুঁজি বিনিয়োগ করে লোকসানের আশঙ্কায় চাতাল মালিকরা এখন দিশেহারা। বড়াইগ্রামের চামটা এলাকায় চাতাল স্থাপনকারী সাথিয়ার ব্যবসায়ী নুর হোসেন জানান, গত বছর তার দুটি চাতালে প্রায় ১,০০০ থেকে ১,২০০ মণ শুঁটকি উৎপাদিত হলেও এবার তাজা মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। একই অবস্থা চলনবিলের অন্য চাতালগুলোরও। সচরাচর চলনবিলে আসা শুঁটকি তৈরির কারিগরেরা পুঁটি, টেংরা, খলসে, চেলা, কই, শিং, বোয়াল, শোলসহ নানা জাতের মাছ কিনে চাতালে শুঁটকি তৈরি করেন। সাধারণত তিন কেজি তাজা মাছ শুকিয়ে এক কেজি শুঁটকি তৈরি হয়, যা মানভেদে প্রতি কেজি ৯০০ থেকে ১,৮০০ টাকায় বিক্রি হয়। কিন্তু এবার মাছের উৎপাদন কম হওয়ায় দাদনের টাকা কীভাবে শোধ করবেন, তা নিয়ে সংশয়ে আছেন চাতাল মালিকরা। এই সংকটের প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। চলনবিলের শুঁটকি তৈরির কাজে জড়িত প্রায় দুই সহস্রাধিক পরিবারের নারী ও পুরুষ শ্রমিকেরা চাতালে দৈনিক ৪৫০ থেকে ৫৫০ টাকা মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। চাতাল বন্ধ হতে থাকায় তারা চরম আর্থিক অনটনে পড়েছেন।
চলনবিলের মিঠা পানির এই শুঁটকির মান ভালো হওয়ায় দেশ-বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার উন্নত মানের শুঁটকি প্রক্রিয়াজাত করে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার ও দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য রপ্তানি করা হয়। এছাড়া দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সৈয়দপুরের বাজারেও এই শুঁটকি উচ্চমূল্যে বিক্রি হয়। কিন্তু সৈয়দপুরের শুঁটকি ব্যবসায়ী এখলাছ মিয়াসহ স্থানীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, এবার চাহিদার তুলনায় অর্ধেক শুঁটকিও মিলছে না, যার ফলে বিদেশে রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চালুর পর চলনবিলের মহিষলুটিতে বিশাল মাছের আড়ত গড়ে ওঠে, যা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ব্যবসা প্রসারে বিশেষ ভূমিকা রেখেছিল। তবে এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাছের চরম অপর্যাপ্ততা এবং সরকারি সহায়তার অভাব। চাতাল মালিকদের অভিযোগ, ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ না পাওয়ায় বাধ্য হয়ে চড়া সুদে মহাজন ও দাদনদারদের কাছ থেকে পুঁজি নিতে হচ্ছে। মৎস্য বিভাগের উদাসীনতা ও সঠিক দিকনির্দেশনার অভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়া এই গুরুত্বপূর্ণ শিল্পটি এখন অস্তিত্ব সঙ্কটে ভুগছে। এ ব্যাপারে তাড়াশের ইউএনও নুসরাত জাহান বলেন, অতিরিক্ত কচুরিপানা জমে থাকলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সঙ্কুচিত হতে পারে। চলনবিলে দেশীয় মাছের প্রজনন বাড়াতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।