নীল আকাশে ডানার মেলা, পাখির কলতানে জেগেছে চলনবিল
ভোরের আলো ফুটতেই জলরাশির ওপর শুরু হয় ডানার মেলা। কখনো সাদা বকের সারি, কখনো পানকৌড়ির ডুবসাঁতার, আবার কখনো বালিহাঁসের দলবদ্ধ উড়াউড়ি। পাখির কলকাকলি আর জলজ প্রকৃতির অপার সৌন্দর্যে মুখর হয়ে ওঠে চারপাশ। অগভীর পানিতে মাছের খোঁজে ব্যস্ত পাখিদের বিচরণে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনাজুড়ে বিস্তৃত দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল এখন যেন পাখিদের এক জীবন্ত রাজ্য। প্রকৃতির এই অপরূপ আয়োজন মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্তের প্রকৃতিপ্রেমীদের।
ভোরের আলোয় পাখির উৎসব :
প্রচলিত একটি কথা রয়েছে—‘গ্রাম দেখলে কলম, আর বিল দেখলে চলন।’ প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মৎস্যসম্পদ ও কৃষির প্রাচুর্যে সমৃদ্ধ চলনবিলের পরিচয় বহুকালের। বর্ষায় বিস্তীর্ণ জলরাশি আর শুষ্ক মৌসুমে সবুজের সমারোহ—ঋতুবদলের সঙ্গে সঙ্গে এই বিল যেন সাজে নতুন রূপে। তবে শীতের আগমনে এর সৌন্দর্যে যোগ হয় এক বিশেষ মাত্রা। বিভিন্ন প্রজাতির পাখির বিচরণে জলাভূমিটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। কাকডাকা ভোরে যখন চারপাশের প্রকৃতি ধীরে ধীরে জেগে ওঠে, তখনই শুরু হয় পাখিদের ব্যস্ততা। কোথাও সাদাবকের সারি, কোথাও পানকৌড়ির ডুব দিয়ে মাছ শিকার, আবার কোথাও বালিহাঁসের দলবদ্ধ বিচরণ। গাংচিল, ডাহুক, শামুকখোলসহ নানা প্রজাতির পাখির উপস্থিতিতে বিলের জল, আকাশ আর সবুজ প্রান্তর মিলেমিশে তৈরি করে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য। বিলের অল্প পানিতে মাছের সন্ধানে পাখিদের ছুটে চলা, ডানা ঝাপটানো কিংবা দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। কখনো পাখিরা নিশ্চুপ হয়ে খাবারের অপেক্ষায় থাকে, আবার কখনো তাদের সম্মিলিত কলরবে মুখর হয়ে ওঠে চারপাশ। নীল আকাশের বুকে পাখির ডানার ছন্দ আর জলাভূমির শান্ত পরিবেশ মিলিয়ে চলনবিল যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস।
জল, মাছ আর পাখির মিতালি :
চলনবিলের সঙ্গে মাছের সম্পর্ক বহু পুরোনো। এই বিলের জলজ পরিবেশে নানা প্রজাতির মাছের বিচরণ যেমন স্থানীয় মানুষের জীবিকা ও খাদ্যসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি পাখিদের জন্যও তৈরি করে খাদ্যের প্রাকৃতিক উৎস। টেংরা, পুঁটি, পাতাসি, শিং ও মলাসহ বিভিন্ন প্রজাতির মাছের সন্ধানে অগভীর পানিতে নেমে পড়ে পাখিরা। পানকৌড়িকে কখনো ডুব দিয়ে মাছ ধরতে দেখা যায়, আবার বককে দেখা যায় স্থির হয়ে শিকারের অপেক্ষায় থাকতে। মাছের সন্ধানে পাখিদের এই ব্যস্ততা জলাভূমির স্বাভাবিক খাদ্যশৃঙ্খলেরই অংশ। বিলের কোথাও পাখির দল একসঙ্গে বিচরণ করছে, কোথাও আবার চলছে খাবার সংগ্রহের প্রতিযোগিতা। তাদের এই স্বতঃস্ফূর্ত চলাফেরা জলাভূমির জীববৈচিত্র্যকে আরও জীবন্ত করে তোলে। প্রকৃতির এই দৃশ্য শুধু সৌন্দর্যের নয়; এটি জলাভূমির পরিবেশগত গুরুত্বেরও পরিচায়ক। পানি, মাছ, উদ্ভিদ ও পাখির পারস্পরিক নির্ভরশীলতা চলনবিলের বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করেছে। এই ভারসাম্য অক্ষুণ্ন রাখা গেলে বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যও টিকে থাকবে।
পাখির নিরাপত্তায় পরিবেশকর্মীদের লড়াই :
চলনবিলের এই সৌন্দর্যের আড়ালে রয়েছে একটি উদ্বেগের চিত্র। একদিকে অতিথি পাখির আগমন, অন্যদিকে কিছু অসাধু শিকারির তৎপরতা। পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে স্থানীয় পরিবেশকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতী ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রতিবছর এই সময়ে বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি চলনবিলে আসে। খাদ্যের সন্ধানে এসব পাখির বিচরণে বিলের প্রাকৃতিক পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। তবে পাখিদের এই আগমন নির্বিঘ্ন নয়। কিছু অসাধু শিকারি ফাঁদ পেতে পাখি শিকার করে। এতে পাখির স্বাভাবিক বিচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বাধাগ্রস্ত হয়। আখতারুজ্জামান জানান, চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁরা ২০১২ সাল থেকে কাজ করছেন। বিলের দুর্গম এলাকায় গিয়ে পাখি শিকারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি, প্রশাসনকে অবহিত করা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের মাধ্যমে তাঁরা পাখি সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবেশকর্মীদের এই উদ্যোগ জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদে পাখি শিকার বন্ধ করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত নজরদারি এবং আইন প্রয়োগের ধারাবাহিকতা প্রয়োজন।
প্রশাসনের নজরদারি ও সুরক্ষার উদ্যোগ :
চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনও কাজ করছে বলে জানিয়েছেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি বলেন, চলনবিল জীববৈচিত্র্েয সমৃদ্ধ একটি জলাভূমি। এখানে অসংখ্য পাখির আগমন ঘটেছে। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা ভোর থেকে মাঠপর্যায়ে কাজ করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিবেশকর্মীদের সহযোগিতায় ইতোমধ্যে কিছু পেশাদার পাখি শিকারির বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে পাখিদের নিরাপদ বিচরণের পরিবেশ তৈরিতে সহায়তা মিলেছে। প্রশাসন ও পরিবেশকর্মীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে চলনবিলের পাখিদের আবাসস্থল আরও সুরক্ষিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে পাখি সংরক্ষণকে শুধু শীতের মৌসুমের কার্যক্রম হিসেবে দেখলে চলবে না। সারা বছর জলাভূমির পরিবেশ রক্ষা, পাখির আবাসস্থল সংরক্ষণ এবং শিকারবিরোধী সচেতনতা বজায় রাখা প্রয়োজন।
জীববৈচিত্র্য রক্ষায় চাই সম্মিলিত উদ্যোগ :
চলনবিল শুধু একটি জলাভূমি নয়; এটি অসংখ্য মানুষের জীবন-জীবিকা, মাছের প্রাকৃতিক আবাসস্থল এবং বিভিন্ন প্রজাতির পাখির বিচরণক্ষেত্র। এখানকার জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা মানে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। এ জন্য পাখি শিকার বন্ধের পাশাপাশি জলাভূমির পরিবেশ সুরক্ষা, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, আবাসস্থল ধ্বংসের ঝুঁকি কমানো এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন, প্রশাসন ও সাধারণ মানুষকে নিয়ে নিয়মিত সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে পাখি ও প্রকৃতি সংরক্ষণের শিক্ষা ছড়িয়ে দেওয়া গেলে ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
