লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পুরস্কৃত
সাইবার অপরাধ দমনে বিশেষ সাফল্য, এক মাসে ৭ মামলা ও ১৯ আসামি গ্রেপ্তার
ভালো কাজের স্বীকৃতি কর্মস্পৃহা ও দায়িত্ব পালনে উৎসাহ-উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেয়। সাইবার অপরাধ দমনে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামকে পুরস্কৃত করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। রোববার (২৫ অক্টোবর ) জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে সাতটি মামলা রুজু করা হয়। একই সময়ে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সাইবার অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে এ সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি শফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. শফিকুল ইসলাম নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ সাফল্য অর্জনে সহযোগিতাকারী লালপুর থানার অধীনস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। এ ছাড়া দায়িত্ব পালনে সহযোগিতা ও তথ্য দিয়ে পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি শফিকুল ইসলাম।
