দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদলকে রাজপথে থাকার আহ্বান- হুইপ দুলুর
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দুলু বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ২০ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। এ সময় শত শত মানুষ জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে সরকার কাজ করছে।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রে অবস্থানরত ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং মানুষকে গুলি করে হত্যা করেছে, তারা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এসব চক্রান্ত মোকাবিলায় নাটোরের যুবদলকে রাজপথে সক্রিয় থাকতে হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ বলেন, তারেক রহমান সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই আন্দোলনের হুমকি দিয়ে দেশের গণতন্ত্রকে বিপন্ন করা উচিত নয়। গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ পাঁচ বছরের জন্য বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার ভালো কাজ করতে না পারলে কিংবা জনগণের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জনগণই তাদের রায় দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, জনগণের রায়কে সম্মান জানানো হবে। ষড়যন্ত্র বা চক্রান্ত করে দেশের রাজনীতিতে কোনো লাভ হবে না।
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে আলাইপুরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেদিতে পুষ্পমাল্য অর্পণ এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
