নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

মাদকের টাকার জন্য জমি বিক্রির চাপ, মা-ছেলেকে হত্যা ও বাবাকে হত্যাচেষ্টা : ছেলের মৃত্যুদন্ড

যে ক্ষত কোনো রায়ে পূরণ হওয়ার নয় : আদালতের রায়ে দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়ার একটি পরিণতি এসেছে। কিন্তু যে পরিবারের ভেতর থেকে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের জন্ম, সেই পরিবারের ক্ষতি কি কোনো রায়ে পূরণ হওয়ার? একদিকে প্রাণ হারিয়েছেন একজন মা ও তাঁর ১১ বছরের নাতি। অন্যদিকে গুরুতর আহত হয়েও বেঁচে থাকা বাবাকে নিজের স্ত্রী ও নাতির হত্যার বিচার চাইতে হয়েছে সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে। মাদকের অর্থ জোগাড়ের জন্য জমি বিক্রির চাপ থেকে শুরু হওয়া এই ঘটনা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে দুটি প্রাণ, ভেঙে দিয়েছে একটি পরিবার। মৃত্যুদণ্ডের রায় অপরাধের বিচারিক পরিণতি নির্ধারণ করেছে। তবে এই ঘটনা মাদকাসক্তি, পারিবারিক নিরাপত্তা এবং সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।

মাদকের টাকার জন্য জমি বিক্রির চাপ, মা-ছেলেকে হত্যা ও বাবাকে হত্যাচেষ্টা : ছেলের মৃত্যুদন্ড

মাদকের নেশার টাকা জোগাড় করতে বাবার কাছে জমি বিক্রির দাবি। সেই দাবিতে একপর্যায়ে আট শতাংশ জমিও বিক্রি করে দিয়েছিলেন বাবা। কিন্তু তাতেও থামেনি ছেলের চাপ। শেষ পর্যন্ত সেই পারিবারিক বিরোধের পরিণতি হয় ভয়াবহ হত্যাকান্ডে। নিজের মা ও ১১ বছরের ছেলেকে জবাই করে হত্যা করেন শাহ আলম। বাবাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। প্রায় নয় বছর পর সেই নৃশংস হত্যাকান্ডের মামলায় শাহ আলমকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর সহযোগী সোহাগকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। গত রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডের পাশাপাশি শাহ আলমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় তাঁকে ১০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো. মিন্টুকে খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত শাহ আলম (৩৫) নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মো. সোহাগ একই এলাকার আশরাফের ছেলে।
জমি বিক্রির চাপ থেকে পারিবারিক বিপর্যয় :
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, শাহ আলম মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার অর্থ জোগাড় করতে তিনি প্রায়ই বাবার কাছে জমি বিক্রির দাবি করতেন। ছেলের চাপের মুখে একপর্যায়ে শাহাদৎ সর্দার আট শতাংশ জমি বিক্রি করে তাঁকে টাকা দেন। কিন্তু এরপরও জমি বিক্রির জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন শাহ আলম। এমন পরিস্থিতির মধ্যেই ২০১৭ সালের ১৯ নভেম্বর ঘটে ভয়াবহ ঘটনাটি।
বাড়ি ফিরে দেখলেন মৃত্যুর বিভীষিকা :
ওই দিন সন্ধ্যায় শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফেরেন। বাড়ির গেটে দাঁড়িয়ে ডাকাডাকি করতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান ছেলে শাহ আলম। এর আগে নিজের মা বিলকিস বেগম ও ১১ বছর বয়সী ছেলে আলিফ হোসেনকে জবাই করে হত্যা করেছিলেন তিনি। বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার পরও থামেননি শাহ আলম। ধারালো দা নিয়ে তাঁকে ধাওয়া করেন। পরে শাহাদৎ সর্দারের ভাইয়েরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসায় প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু স্ত্রী ও নাতিকে হারানোর শোকের পাশাপাশি নিজের সন্তানের বিরুদ্ধে হত্যার মামলা করার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় শাহাদৎ সর্দারকে। একসময় যে ছেলের আবদার মেটাতে জমি বিক্রি করেছিলেন, সেই ছেলের বিরুদ্ধেই স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে নাটোর সদর থানায় মামলা করেন তিনি।
দীর্ঘ বিচার শেষে মৃত্যুদন্ড :
মামলার পর পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে গত রোববার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত শাহ আলম ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মিন্টু পলাতক থাকলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন। নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, রায় ঘোষণার সময় দুই দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এ রায়ে তাঁরা সন্তুষ্ট।