লালপুরে সাড়ে সাত মাসে ৮১২ আসামি গ্রেপ্তার
অনলাইন প্রতারণা ও জুয়া চক্রের ১২২ সদস্য আটক
নাটোরের লালপুরে গত সাত মাস ২০ দিনে বিভিন্ন অপরাধে ৮১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এদের মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৯৩ জন এবং অনলাইন জুয়া ও জুয়া আইনের মামলায় ২৯ জনসহ মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ও বিদেশি অস্ত্র, চোরাই মালামাল এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন যানবাহন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২১ নভেম্বর পর্যন্ত লালপুর থানা-পুলিশের পরিচালিত বিভিন্ন অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পেশাদার ডাকাত, দস্যু, মাদক কারবারি, অনলাইন প্রতারক চক্রের সদস্য, জুয়াড়ি, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে। এ সময়ে হত্যা, ডাকাতি, ধর্ষণ, চুরি ও অন্যান্য অপরাধের মামলার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাতি ও দস্যুতার ঘটনায় সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৫ জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, নিবন্ধনবিহীন একটি মিনি পিকআপ, একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬৭টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৫৮৭ পিস ইয়াবা, ৫৪১ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা, ৩১ লিটার চোলাই মদ, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ বোতল ফেয়ারডিল। এ ছাড়া মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাভ্যান, ১৩টি মোটরসাইকেল, ২৭টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ১৭ হাজার ১০৭ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে ৩৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আলামত হিসেবে ১২৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০৬টি সিম কার্ড, ১০টি মোটরসাইকেল এবং নগদ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অপরদিকে অনলাইন জুয়া ও জুয়া-সংক্রান্ত অপরাধে সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ছয় প্যাকেট তাস এবং নগদ ২৩ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার অপরাধে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি এক্সকাভেটর, ১০টি ড্রাম ট্রাক, পাঁচটি ট্রাক্টর ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে। সূত্র আরো জানায়, এই সময়ে অস্ত্র আইনে দায়ের করা তিনটি মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি ধারালো চাকু, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় দায়ের করা ১৬টি মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চারটি আরএফএল পাইপ, তিনটি বাইসাইকেল, দুটি মোটরসাইকেল, চারটি পানির পাম্প, তিনটি অটোরিকশা, ভ্যান, পাঁচ কেজি তামার তার এবং নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ওয়ারেন্টভুক্ত ২০৪ ও অন্যান্য অপরাধে ২৮৫ জন গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২৫০ জনকে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে।
