পুঠিয়ায় প্রশাসনের পদক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
রাজশাহী পুঠিয়া উপজেলার তারাপুর ৩-নং ওয়ার্ডে বৃহস্পতিবার (১২-নভেম্বর) একটি বাল্যবিবাহের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গে সঙ্গে পুঠিয়া উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এ সময় সংশ্লিষ্ট অভিভাবকরা ভবিষ্যতে আর কখনো বাল্যবিবাহ দেবেন না মর্মে অঙ্গীকার প্রদান করেন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি,এটি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। জনস্বার্থে এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
