নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
ক্রীড়াঙ্গন

দেশসেরা লালপুরের ফারিহা-আমান: এবার স্বপ্নপূরণের লড়াই, পাশে দাঁড়াবে কে?

দেশসেরা লালপুরের ফারিহা-আমান: এবার স্বপ্নপূরণের লড়াই, পাশে দাঁড়াবে কে?

অভাব-অনটন ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে নাটোরের লালপুরের দুই ক্রীড়াপ্রতিভা জান্নাতুল ফেরদৌস ফারিহা মনি ও মোহাম্মদ আমান। ২০২৬ সালের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ কৃতিত্ব দেখিয়ে তারা পেয়েছে দেশসেরার স্বীকৃতি। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারের চেক, জেলা প্রশাসনের সংবর্ধনা ও আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের প্রশিক্ষণ নিচ্ছে তারা। তবে প্রশিক্ষণ শেষে তাদের ক্রীড়াজীবন কিভাবে এগোবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন সকলের একটাই কথা তাদের পাশে দাঁড়াবে কে?
আট কিলোমিটার পথ পেরিয়ে ফারিহার সাফল্য:
লালপুরের নান্দরায়পুর গ্রামের মেয়ে ফারিহার বাবা মুকুল হোসেন বাক্প্রতিবন্ধী এবং মা আজেলা বেগম দিনমজুর। পরিবারের কাজে সহায়তার পাশাপাশি ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে তাকে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনুশীলনে যেতে হতো। নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির কোচ মোহাম্মদ জুয়েল আলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে ফারিহা জাতীয় পর্যায়ে নিজের দক্ষতার প্রমাণ দেয়। অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে রাজশাহী বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫-০ গোলের জয়ে একাই চারটি গোল করে সে। খুলনা বিভাগের বিপক্ষে ২-০ গোলের জয়েও একটি গোল করে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও অর্জন করে এই কিশোরী। বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছে ফারিহা। তবে তার এই সাফল্য ধরে রাখতে নিয়মিত অনুশীলন, উন্নত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।
২৩ দশমিক ৮৭ সেকেন্ডে দেশসেরা আমান:
লালপুরের রুইগাড়ী গ্রামের আক্তারুজ্জামান ও রোজিনা খাতুনের ছেলে আমান রুইগাড়ী
উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ২০২৬ সালের ২৬ জুলাই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে ২৩.৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে সে। বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছে আমানও। তার এই সাফল্য ধরে রাখতে নিয়মিত অনুশীলন, উপযুক্ত ক্রীড়া সরঞ্জাম, দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।
একাডেমির কার্যক্রম নিয়ে উদ্বেগ:
ফারিহার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির কার্যক্রম নিয়েও উদ্বেগ রয়েছে। কোচ মোহাম্মদ জুয়েল আলীর দাবি, বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেলেও প্রত্যাশিত সহায়তা এখনো নিশ্চিত হয়নি। স্থানীয় ফুটবলপ্রেমীদের সহযোগিতায় সীমিত পরিসরে একাডেমির কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, ফারিহার মতো আরও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা জরুরি। তাই শুধু ফারিহার ব্যক্তিগত উন্নয়ন নয়, তার প্রশিক্ষণকেন্দ্রের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
ইউএনওর বক্তব্য: প্রয়োজন সমন্বিত উদ্যোগ:
লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, ফারিহা ও আমানের অর্জন এলাকার গর্ব। তাদের ভবিষ্যৎ উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ক্রীড়া সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, খেলোয়াড়দের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য করণীয় নির্ধারণের চেষ্টা করা হবে। পুরস্কারের পর প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ফারিহা ও আমানের সাফল্য প্রমাণ করেছে, যথাযথ সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও পুরস্কারই দীর্ঘমেয়াদি সাফল্যের নিশ্চয়তা নয়। প্রশিক্ষণ শেষে তারা কোথায় নিয়মিত অনুশীলন করবে, যাতায়াত ও সরঞ্জামের ব্যয় কীভাবে মেটাবে এবং উচ্চতর পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ কিভাবে পাবে—এসব বিষয়ে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বেসরকারি পৃষ্ঠপোষকদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা জরুরি। সংবর্ধনা সাফল্যের স্বীকৃতি, পুরস্কার অর্জনের সম্মান আর প্রশিক্ষণ ভবিষ্যতের প্রস্তুতি। এখন প্রয়োজন এই স্বীকৃতিকে বাস্তব সুযোগে রূপ দেওয়া। সংশ্লিষ্টদের ধারাবাহিক উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ফারিহা ও আমানের ক্রীড়াজীবন আরও এগিয়ে যাওয়ার পথ পাবে।