নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

পুলিশের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা : টাকা না দেওয়ার সতর্কবার্তা

লালপুরে ছয় মাসে সাইবার সুরক্ষা আইনে ৩০টির বেশি মামলা, গ্রেপ্তার- ৯০

পুলিশের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা : টাকা না দেওয়ার সতর্কবার্তা

পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র। কখনো এসআই জহির, কখনো এসআই হাবিব, আবার কখনো এসআই কামরুল কিংবা বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে এ প্রতারণা চালানো হচ্ছে। এ অবস্থায় প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে জনসাধারণকে সতর্ক করেছে পুলিশ। সতর্কবার্তায় জানানো হয়, দিনাজপুর জেলার পুলিশ সুপারের পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি এবং পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খোলা হচ্ছে। এসব আইডি ও বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে রাজশাহীর বাঘা, নাটোরের লালপুরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছে ফোন করা হচ্ছে। পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন ও নানা কৌশলে টাকা দাবি করছে প্রতারক চক্র। ভবিষ্যতেও এ ধরনের ফোনকলের মাধ্যমে প্রতারণার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের প্রতারণার শিকার না হতে অপরিচিত নম্বর থেকে পুলিশের পরিচয়ে ফোন করে টাকা দাবি করা হলে কোনো অবস্থাতেই টাকা দেওয়া যাবে না। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে হবে। একই সঙ্গে ফোনে দেওয়া পরিচয় বা হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি দেখে কাউকে প্রকৃত পুলিশ কর্মকর্তা বলে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় আরও জানানো হয়, এ ধরনের প্রতারণার ঘটনায় দিনাজপুর জেলায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নাটোরের লালপুর থানায় গত ছয় মাসে সাইবার সুরক্ষা আইনে এ-সংক্রান্ত ৩০টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দেশের অন্যান্য থানায়ও এ চক্রের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
যেভাবে সতর্ক থাকবেন :
পুলিশের পরিচয়ে কেউ ফোন করে ভয়ভীতি দেখালে বা মামলা, গ্রেপ্তার কিংবা অন্য কোনো অজুহাতে টাকা দাবি করলে আতঙ্কিত না হয়ে ফোনকলের তথ্য, ব্যবহৃত নম্বর, হোয়াটসঅ্যাপ আইডি ও বার্তার স্ক্রিনশট সংরক্ষণ করুন। এরপর দ্রুত নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয়ে বিষয়টি জানান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় যাচাই করুন। জনসাধারণের প্রতি পুলিশের সতর্কবার্তা— পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করলেই কোনো হোয়াটসঅ্যাপ আইডি বা ফোনকলকে বিশ্বাস করা যাবে না। প্রতারকদের অর্থ দেবেন না, ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রকাশ করবেন না এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।