নাটোর স্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি
তিনি ট্রেনে করে দর্শনা সীমান্ত হয়ে ভারত যাওয়ার জন্য প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন এসে নাটোরে ব্যাগসহ ল্যাপটপ ও ক্যামেরা খুইয়েছেন জার্মান এক পর্যটক।
৭ অক্টোবর ২০২৬ তারিখ বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ১৮ বছর বয়সী এক জার্মান পর্যটকের (কিরিল ল্যান্ডার-ওয়েবার) ল্যাপটপ ও ক্যামেরা সম্বলিত একটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে যান তিনি। সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে করে নাটোরে পৌঁছান। নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে দর্শনা সীমান্ত হয়ে ভারত যাবেন; এজন্য প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
এ সময় হলুদ রঙের কটি পরিহিত এক অজ্ঞাত যুবক তার সাথে কৌশলে সখ্যতা গড়ে তোলে। কিরিল স্টেশনের পাশে একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় সরল বিশ্বাসে তার মূল্যবান ব্যাগটি ওই যুবকের জিম্মায় রেখে যান। তিনি চলে যাওয়ার পরপরই যুবকটি ব্যাগটি নিয়ে চম্পট দেয়।
কিরিল বলেন, পরে তাকে আর খুঁজে পাননি তিনি। এরপর নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানান।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, কিরিলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার কথা বলেন তিনি।
ব্যাগটিতে একটি দামি ক্যামেরা, ল্যাপটপ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। আইক্লাউড (iCloud) ট্র্যাকিংয়ের মাধ্যমে ল্যাপটপটির সর্বশেষ লোকেশন নওগাঁ এলাকায় দেখা গেছে।
নাটোর রেলস্টেশনের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত চোরকে শনাক্ত করতে পেরেছে। খোয়া যাওয়া মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার এবং চোরকে গ্রেফতার করতে রেলওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
