২০ টাকার সিম এখন ৮০০ টাকা!
নাটোরের গুরুদাসপুরে মোবাইল সিম বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। অথচ কিছুদিন আগেও পাড়া-মহল্লায় এবং হাটবাজারে এ সিম বিক্রি করা হতো মাত্র ২০ টাকায়। মাইকে প্রচার করেও ক্রেতা পাওয়া যায়নি। সেই সিম হঠাৎ করেই অস্বাভাবিক হারে ১৫০ টাকায় বিক্রি শুরু হয়।
বর্তমানে ৮০০ টাকা পর্যন্ত এ সিমের দাম নেওয়া হচ্ছে। সিমের অধিকাংশ গ্রাহক হচ্ছেন অসহায় দিনমজুর ও দরিদ্র শ্রেণির লোক। এরমধ্যে নারীদের সংখ্যাই বেশী। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নতুন সিমে বিকাশ একাউন্ট খুলতে হবে। তাই লাইনে দাঁড়িয়ে বাধ্য হচ্ছেন মোটা টাকায় সিম কিনতে।
জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ অভিযান শুরু হলে একলাফে ৫০০ টাকায় বিক্রি হতে থাকে সিম। তাও লাইনে দাঁড়িয়ে থেকে এ সিম কিনতে হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি হয়। ঘটনাটি গুরুদাসপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা পর্যন্ত গড়িয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় বিষয়টি জড়ালোভাবে উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামীণ সিম কোম্পানীর প্রতিনিধি জানান, কোম্পানীর দেয়া রেট ৪০০ টাকায় সিম বিক্রি করছি।
সিম কিনতে আসা আরিফা বেগম ও খইমন খাতুন আক্ষেপ করে জানান, আমাদের দুঃখ দেখার কেউ নেই। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে থেকে সিম কিনতে হচ্ছে। তবু যদি ফ্যামিলি কার্ড পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
