সিংড়ায় ৮ বছরের শিশুহত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড
নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আট বছর বয়সী শিশু কাইয়ুমকে হত্যার দায়ে আমিনুল ইসলাম নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে। এ মামলায় ২৮ জন আসামি ছিলেন ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাইদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বর্গাচাষি আমিনুল ইসলামের সঙ্গে প্রতিবেশী গোলাম রব্বানীর তিন বিঘা জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০০০ সালের ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল ইসলামসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল গোলাম রব্বানীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা গোলাম রব্বানী ও তার পরিবারের সদস্যদের মারধর করে। একপর্যায়ে তার আট বছর বয়সী ছেলে কাইয়ুমকে ফলা দিয়ে আঘাত করা হয়। এতে শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে রড দিয়ে বেধড়ক মারধর করে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনেরা কাইয়ুমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন ৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গোলাম রব্বানী বাদী হয়ে ২৮ জনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ২৬ বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
