নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

গাছের সাথে শত্রুতা- এক রাতেই দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা!

গাছের সাথে শত্রুতা- এক রাতেই  দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা!

পরিশ্রম আর বিনিয়োগের পর কলাগাছে ফলন আসার অপেক্ষায় ছিলেন কৃষক মো. সজিব আলী (৩২)। পুকুরপাড়জুড়ে সবুজে ভরে উঠেছিল তাঁর কলাবাগান। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে কেটে ও ভেঙে ফেলা হয়েছে তাঁর প্রায় ১০০ থেকে ১৫০টি কলাগাছ। এতে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
শনিবার (২১ নভেম্বর) সকালে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরপাড়ের বিভিন্ন স্থানে পড়ে রয়েছে সারি সারি কাটা ও ভাঙা কলাগাছ। কোনো গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, আবার কোনোটি মাঝখান থেকে ভেঙে ফেলা হয়েছে। পরিচর্যায় বেড়ে ওঠা কলাগাছগুলো এভাবে নষ্ট হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক সজিব আলী।
সজিব আলী ওই গ্রামের বাদশা আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের পুকুরপাড়ে কলার আবাদ করে আসছিলেন তিনি। গাছগুলোর পেছনে অর্থ ব্যয়ের পাশাপাশি নিয়মিত শ্রম ও সময় দিয়েছেন। গাছগুলো যখন ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠছিল, ঠিক তখনই এমন ঘটনা ঘটল।
ক্ষতিগ্রস্ত সজিব আলী বলেন, ‘আমি অনেক কষ্ট করে এই পুকুরটি ও কলাগাছগুলো আবাদ করছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বের কোনো শত্রুতা থেকে কেউ এ ক্ষতি করেছে বলে মনে হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তিনি জানান, কলাগাছগুলো কেটে ও ভেঙে ফেলায় তাঁর আনুমানিক এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। কৃষিকাজের ওপর নির্ভরশীল তাঁর জন্য এ ক্ষতি পুষিয়ে নেওয়া বেশ কঠিন।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পরিকল্পিতভাবে কলাগাছগুলো নষ্ট করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।