আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান রনজু
নাটোরের লালপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে একটি পরিবারের ৪টি বসতঘর। আসবাবপত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এমন বিপর্যয়ের খবর পেয়ে সরেজমিনে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি পরিবারটির হাতে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার নবীনগর গ্রামে বুদু মন্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির তিনটি বসতঘরে। এতে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ১৫০ সিসির একটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ চার লাখ টাকাসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পরিবারের সাজানো সংসারের প্রায় সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। বর্তমানে পরনের কাপড় ছাড়া পরিবারটির আর কোনো সম্বল অবশিষ্ট নেই। আকস্মিক এ বিপর্যয়ে কীভাবে আবার নতুন করে সংসার গড়বেন, তা ভেবে দিশেহারা পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, বিষয়টি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরপর তিনি সরেজমিনে গিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি আরও বলেন, আগুনে একটি পরিবারের সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এমন বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা করেছি। এই অর্থ তাদের ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুঃসময়ে কিছুটা হলেও কাজে আসবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানাই, অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ান। সম্মিলিত সহযোগিতায় পরিবারটি যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।
চেয়ারম্যানের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, বিপদের মুহূর্তে জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তা নয়, আগুনে সর্বস্ব হারানো পরিবারটির স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সহযোগিতা। তাই অসহায় পরিবারটির পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।
