বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্য নবান্ন উৎসব
নবান্ন উৎসবের ইতিহাস বাঙালির কৃষিভিত্তিক সমাজব্যবস্থার সমান প্রাচীন। প্রাচীনকাল থেকেই এই জনপদের মানুষের জীবন ও জীবিকা ছিল কৃষিনির্ভর। বছরজুড়ে হাড়ভাঙা পরিশ্রমের পর হেমন্তকালে নতুন ধান কাটার মধ্য দিয়ে কৃষকের ঘরে সচ্ছলতা ও আনন্দের জোয়ার আসত।
প্রাচীন বাংলায় অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হতো। 'অগ্র' অর্থ প্রথম এবং 'হায়ণ' অর্থ ধান বা বছর; অর্থাৎ যে মাসে প্রথম ধান কাটা হয় সেটিই অগ্রহায়ণ। লোকজ বিশ্বাস অনুযায়ী, নতুন ফসল তোলার পর তা প্রকৃতি বা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিবেদন না করে গ্রহণ করা হতো না। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই নতুন ধানের চাল দিয়ে পায়েস ও পিঠা তৈরি করে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের নিয়ে খাওয়ার রীতি চালু হয়। একসময় নবান্ন এলেই গ্রামবাংলায় সাজ সাজ রব পড়ে যেত। বাড়ির উঠানে চালের গুঁড়া দিয়ে আঁকা হতো দৃষ্টিনন্দন আলপনা। ঢেঁকির তালে তালে নারীরা তৈরি করতেন ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি পিঠাসহ হরেক রকমের পিঠা-পুলি। উৎসবকে কেন্দ্র করে গ্রামের খোলা মাঠে বসত গ্রামীণ মেলা। সেখানে জারি, সারি, ভাটিয়ালি ও বাউল গানের আসরের পাশাপাশি লাঠিখেলা, কুস্তি ও নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হতো। ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামের সব মানুষ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। সময়ের বিবর্তনে এবং নগরায়ণের ফলে গ্রামীণ সেই চিরায়ত দৃশ্যপট কিছুটা ম্লান হলেও নবান্নের আবেদন আজও ফুরিয়ে যায়নি। নতুন প্রজন্মের কাছে বাঙালির শিকড়ের সংস্কৃতি তুলে ধরতে ১৯৯৮ সাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়।
বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্য ও নতুন ধান কাটার আনন্দকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ এই উৎসবের আয়োজন করে।
সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। উৎসবকে কেন্দ্র করে কৃষি অনুষদ চত্বর গ্রামীণ আবহে সেজে ওঠে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল পিঠা উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনী ও বিক্রয় স্টল। স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশি পিঠা ও পাকনসহ প্রায় শতাধিক পদের গ্রামীণ পিঠার সমাহার ঘটে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব, শোভাযাত্রা ও লোকসংগীতের মাধ্যমে নবান্ন পালিত হচ্ছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে নাগরিক সমাজকেও এটি একদিনের জন্য ফিরিয়ে নিয়ে যায় গ্রামবাংলার স্নিগ্ধ প্রকৃতি ও ঐতিহ্যের কাছে। নবান্ন তাই কেবল ফসল কাটার উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও ঐক্যের চিরন্তন স্মারক।
