নাটোরে মাড়োয়ারির ইতিকথা
ভারতের রাজপুতনার অধীন সাবেক যোধপুর ছিল একটি করদ রাজ্য যা মাড়োওয়ার নামে খ্যাত। সে রাজ্যের অধিবাসীরাই মাড়োয়ারি নামে অভিহিত। সম্রাট আকবরের আমলে ১৫৯০ সালে পুঠিয়া রাজবংশ প্রতিষ্ঠা লাভ করে। ১৫৯০ থেকে ১৯৫০ পর্যন্ত এই সাড়ে তিনশত বছরেরও অধিক সময় এ রাজবংশটি স্থায়ী ছিল। পিতাম্বর ছিলেন এ রাজবংশের প্রতিষ্ঠাতা। ধারণা করা হয়, সেই রাজবংশের গোড়ার দিকেই ভারতের রাজস্থান অঞ্চল থেকে পুঠিয়া সদরে 'মোর' গোষ্ঠীভুক্ত মাড়োয়ারি উপাধিধারীদের আগমন ঘটে। পুঠিয়া রাজবংশের একাংশের জমিদার পরেশ নারায়ণের সঙ্গে ছিল সেই মাড়োয়ারির গভীর সুসম্পর্ক। পুঠিয়া সদরের বড় শিব মন্দিরের সামনে অবস্থিত কাঠের দোতলা বাড়িটি ছিল তাদেরই সেই পূর্বপুরুষদের বাসস্থান।
তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে ভারতের সর্বস্থানে এবং বিদেশের অনেক দেশে বাসস্থান গড়েছে। "এই মাড়োয়ারির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। তাদের শিরা উপশিরায় প্রবাহিত হয় জুয়ার নেশা। জুয়ার সন্ধান পেলে মাড়ওয়ারি নিছক ব্যবসায়ের দিকে কখনও মন দেয় না।" ইংরেজ আমলে রাজশাহী শহরের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রিত হতো প্রধানত মাড়োয়ারিদের দ্বারা। এরা জৈন ধর্মাবলম্বী। জৈন ধর্মে জমি চাষ করা নিষেধ। এরা তাই ব্যবসা ও সুদের কারবার করে। বিখ্যাত জগৎশেঠ ছিলেন মাড়োয়ারি এবং জৈন ধর্মাবলম্বী। নবাবি আমল থেকেই মাড়োয়ারিরা এদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছে। প্রথমে ইংরেজ ও স্কচার বাংলার পাটের ব্যবসা আরম্ভ করে। কিন্তু প্রথম মহাযুদ্ধের পরে পাটের ব্যবসা বিশেষভাবে চলে আসে মাড়োয়ারিদের হাতে। যখন "নাটোরের বসাক ও প্রামানিক গোষ্ঠী ব্যবসা-বাণিজ্য একচেটিয়া করে রেখেছিল। এখানে তখন মাড়োয়ারিদের অনুপ্রবেশ ঘটেনি। পাক-ভারত বিভক্তির বহু পূর্বে থেকে নাটোর শহরের লালবাজার এলাকায় ব্রহ্ম দত্ত ছাড়াও আরো কয়েকটি মাড়োয়ারি পরিবার ছিল কিন্তু তাদের সম্পর্কে তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। ১৮৫০ সাল থেকে একটানা ১৯৫০ সাল পর্যন্ত মাড়োয়ারি সম্প্রদায়ের সদস্যরা চংধুপইল এলাকায় ব্যবসা করেন বলে জানা যায়। তখন ওই চংধুপইল ছিল উত্তর বঙ্গের প্রধান নৌ-বন্দর বা আমদানি-রপ্তানির ঘাট। ওখানে তখন ১৫০০ থেকে ২০০০ মন মালবাহী নৌকায় মালামাল ওঠানো নামানো করা হতো। কলকাতা থেকে সেসময় ওখানে আসতো কাপড়, তেল, লবণ,টিনসহ নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। তারপর সেগুলো উত্তরবঙ্গের নানা স্থানে সরবরাহ করা হতো। এই বন্দর মাধ্যমেই তখন রপ্তানি করা হতো পাট, খেসারি, মশুরসহ নানা কৃষি পণ্য। লালপুরের চংধুপইল এলাকার প্রাচীনতম মাড়োয়ারি ছিলেন ধনরাজ। নন্দলাল বা নন্দিয়া আগরওয়ালা ছিলেন তার পুত্র। এই পরিবারের সদস্যরাসহ আরো বেশ কয়েকজন মাড়োয়ারি ওখানে ব্যবসা করতেন বলে জানা যায়। তন্মধ্যে মুরালী ধর আগরওয়ালা, তার পুত্র- প্রহল্লাদ আগরওয়ালা, নারয়ণ আগরওয়ালা (নাবানিয়া), গোপালিয়া আগরওয়ালা ও গিরিধারী আগরওয়ালা ছিলেন অন্যতম। এছাড়া মানিক লাল আগরওয়ালা, কানাই লাল আগরওয়ালা, কালিয়া আগরওয়ালা, রাম প্রসাদ আগরওয়ালা (রামু বাবু), গজিয়া বা গজানন আগরওয়ালা, মদন লাল আগরওয়ালা, মুকুন্দ ঠাকুর আগরওয়ালা, সংকরীয়া আগরওয়ালা, গীয়রধারীয়া আগরওয়ালা, জীবন লাল আগরওয়ালা (জীবনিয়া) এবং রসধিয়া আগরওয়ালা ওখানে ব্যাবসা-বাণিজ্য পরিচালনা করতেন। নদী ভাঙনে বিলুপ্ত প্রায় চংধুপইল-এর সাহেব বাজারে ছিলেন মোহন লাল আগরওয়ালা ও তার পুত্র হীরা লাল আগরওয়ালা, বাবু লাল আগরওয়ালা, সঙ্করীয়া আগরওয়ালা, গিরিধারী লাল আগরওয়ালা, সাওরমল আগরওয়ালা প্রমুখ। তন্মধ্যে হীরা লাল আগরওয়ালা, রাধিয়া আগরওয়ালা এক সময় নাটোর শহরে এসে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন। সে সময় নাটোরের গোপালপুর এলাকায় ছিলেন নষ্মীকান, বংশীলাল ও সুরতমল, ঘনশ্যাম আগরওয়ালা, রাধাকৃষ্ণ প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৫-৫৬ সালের দিকে উক্ত গিরিধারী লাল আগরওয়ালা নাটোর মহারাজা জে. এন. উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন।
নাটোর শহরে বসতরত মাড়োয়ারিদের আদি পুরুষ ছিলেন পুঠিয়ার বেগরাজ আগরওয়ালা। পুঠিয়াতেই তার দেহাবসান ঘটে। তার পুত্র সুরজমল আগরওয়ালাও পুঠিয়াতেই দেহত্যাগ করেন। এই সুরজমল আগরওয়ালার ৪ পুত্র। তন্মধ্যে ঝাপরমল আগরওয়ালা বহু পূর্বেই গত হন। তার অপর ৩ পুত্ররা হলেন জগন্নাথ আগরওয়ালা, চিরঞ্জীলাল আগরওয়ালা এবং রাম প্রসাদ আগরওয়ালা। সুরজমল আগরওয়ালার জ্যেষ্ঠ পুত্র জগন্নাথ আগরওয়ালার পুত্ররা হচ্ছেন- হরদোয়ার আগরওয়ালা এবং মদন আগরওয়ালা। হরদোয়ার আগরওয়ালার ৬ পুত্র- দীলিপ আগরওয়ালা, প্রদীপ আগরওয়ালা, শ্যাম আগরওয়ালা, মোহন আগরওয়ালা, সোহন আগরওয়ালা এবং কানাই আগরওয়ালা। মাদন আগরওয়ালার ৩ পুত্র- বিকাশ আগরওয়ালা, রঞ্জন আগরওয়ালা এবং রাজিব আগরওয়ালা । চিরঞ্জী লাল আগরওয়ালার প্রথম স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গেলে তিনি মহাদেব আগরওয়ালাকে দত্তক গ্রহণ করেন। এরপর চিরঞ্জী লাল আগরওয়ালা দ্বিতীয় বিবাহ করেন। চিরঞ্জী লাল আগরওয়ালার ওই পোষ্যপুত্র মহাদেব আগরওয়ালার ৫ পুত্র। তারা হলেন- পরিমল আগরওয়ালা, নির্মল কুমার আগরওয়ালা (নিমু), স্বপন কুমার আগরওয়ালা, কমল কুমার আগরওয়ালা এবং শরৎ কুমার আগরওয়ালা। অপরদিকে চিরঞ্জী লাল আগরওয়ালা-র ঔরসে তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া একমাত্র পুত্র গোপাল লাল আগরওয়ালা। এই গোপাল লাল আগরওয়ালার বংশধররা এমন: জয় প্রকাশ আগরওয়ালা এবং রতন কুমার আগরওয়ালা।
রাম প্রসাদ আগরওয়ালার একপুত্র শ্রী রাম আগরওয়ালা এবং তার পুত্র অজয় আগরওয়ালা ভুট্টু। সেসময় পুঠিয়া এলাকায় বসবাস করা মাড়োয়ারি সম্প্রদায় কেবল পাট ব্যবসার সাথে জড়িত ছিলেন। ১৯৫৩ সালে উক্ত তিন পরিবারের সকল সদস্যই পুঠিয়া থেকে নাটোর শহরে উঠে আসেন। তাদের পরবর্তী বংশধরগণ ১৯৫৩-১৯৬৫ সাল পর্যন্ত এ শহরে পৈতৃক পাট ব্যবসাকেই ধরে ছিলেন কিন্তু ১৯৬৫ সালের পর থেকে তারা পাটের পাশাপাশি ডাল এবং তেল ব্যবসাও শুরু করেন। এরপর ১৯৮৫ সাল থেকে তারা পাট,ডাল,তেল,ভুসিমালসহ নানাবিধ ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। এ শহরের জয়কালী বাড়ি চত্বরে হনুমান মন্দির প্রতিষ্ঠায় নাটোরের মাড়োয়ারি সম্প্রদায়ের অবদান রয়েছে বলে জানা যায়।
দেশ স্বাধীনের পূর্বে এবং পরে নাটোরের মাড়োয়ারির অনেকেই নাটোর থেকে দৌলতপুর, খুলনা, জয়পুরহাট, ভারতসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন।
