নাটোরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট
প্রধান শিক্ষকসহ ৫৫৩টি পদ শূন্য, ব্যাহত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম
নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে। জেলার সাতটি উপজেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে ৫৫৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের ৪৪৩টি এবং সহকারী শিক্ষকের ৯০টি পদ ফাঁকা রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় তৈরি হয়েছে নানা জটিলতা। বিশেষ করে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের একদিকে শ্রেণিকক্ষে পাঠদান, অন্যদিকে বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সামলাতে হচ্ছে। এতে বাড়ছে কর্মব্যস্ততা ও মানসিক চাপ। ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। এ অবস্থায় দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নাটোরের সাতটি উপজেলায় প্রধান শিক্ষকের ৪৪৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সিংড়া উপজেলায় সবচেয়ে বেশি ১৩২টি পদ ফাঁকা। এ ছাড়া নাটোর সদরে ৪৭টি, লালপুরে ৭৩টি, বড়াইগ্রামে ৫৬টি, গুরুদাসপুরে ৪৬টি, নলডাঙ্গায় ৫২টি এবং বাগাতিপাড়ায় ৩৭টি পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯৮টি বিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ৩৪৫টি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে অনেক বিদ্যালয়েই প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য নির্ধারিত প্রধান শিক্ষক না থাকায় ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি সামলাতে হচ্ছে নানা ধরনের দাপ্তরিক কাজ। সরকারি চিঠিপত্র আদান-প্রদান, অনলাইনে বিভিন্ন তথ্য প্রদান, শিক্ষক সমন্বয়, প্রাতিষ্ঠানিক সভা আয়োজন এবং শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগসহ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের বড় অংশই তাদের পরিচালনা করতে হচ্ছে। দাপ্তরিক প্রয়োজনে বিদ্যালয়ের বাইরে যেতে হলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। আবার বিদ্যালয়ে অবস্থান করে প্রশাসনিক কাজ করতে গেলে নিয়মিত পাঠদানের সময় কমে যায়। এতে একদিকে শিক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ছে। একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষক হিসেবে নির্ধারিত রুটিন অনুযায়ী পাঠদান করার পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। একই পদে কর্মরত সহকর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পাঠদান, সভা ও দাপ্তরিক কাজ একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন তারা। নাটোর শহরের ফুলবাগান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর কুমার দত্ত বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী শিক্ষক হিসেবে পাঠদানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব নিয়ে প্রশাসনিক কার্যক্রমও সামলাতে হচ্ছে। কখনো কখনো দাপ্তরিক কাজের প্রয়োজনে বিদ্যালয়ের বাইরে যেতে হলে পাঠদান ব্যাহত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের দাবি জানাই। একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন নাটোর শহরের উপরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আক্তার। তিনি বলেন, সহকারী শিক্ষক হিসেবে নিয়মিত রুটিন অনুযায়ী পাঠদান করতে হয়। পাশাপাশি প্রধান শিক্ষকের দৈনন্দিন প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে। অথচ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বাড়তি কোনো সুবিধা দেওয়া হয় না। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে শিক্ষকদের পদোন্নতি ও দ্রুত নতুন নিয়োগের দাবি জানান তিনি। মছিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। এরপর তাকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এদিকে শিক্ষক সংকটের প্রভাব পড়ছে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমেও। শিক্ষকদের মতে, প্রয়োজনের তুলনায় শিক্ষক কম থাকায় একজনকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে পর্যাপ্ত সময় দেওয়া, শ্রেণিকক্ষের কার্যক্রম পরিচালনা এবং বিদ্যালয়ের অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে উঠছে। অন্যদিকে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষক সমন্বয়েও সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত পাঠদান পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তদারকির ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। অভিভাবক জালাল উদ্দিন, মামুন, রানী খাতুনসহ কয়েকজন বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হচ্ছে। একই সঙ্গে লেখাপড়ার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। প্রাথমিক শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানান। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। এ পর্যায়ে শিক্ষক সংকট দীর্ঘস্থায়ী হলে শিক্ষার্থীদের শিখন-অর্জন ও শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য থাকলে বিদ্যালয়ের নেতৃত্ব, জবাবদিহি ও প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ে। তাই শুধু সাময়িকভাবে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে নয়, নিয়মিত পদায়ন ও নিয়োগের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। এ বিষয়ে নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ২৯৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্মরত এবং ৯৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ৩৪৫টি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারমতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ওপর বাড়তি চাপ দিয়ে সাময়িকভাবে বিদ্যালয় পরিচালনা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে তা শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। তাই শিক্ষক সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
