নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
নাটোরে শিক্ষার মান নিয়ে উদ্বেগ

এইচএসসিতে শূন্য পাসের তালিকায় ১৮ প্রতিষ্ঠান, জবাবদিহি চেয়ে শোকজ

১৩৫ পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হয়নি; তিন দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ

এইচএসসিতে শূন্য পাসের তালিকায় ১৮ প্রতিষ্ঠান, জবাবদিহি চেয়ে শোকজ

নাটোরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। জেলার ১৮টি কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৮৩ জন শিক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে জেলার শিক্ষার মান, পাঠদান কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কেন এমন ফল হলো, কোথায় ঘাটতি রয়েছে এবং এর জন্য কারা দায়ী—তা অনুসন্ধানে মাঠে নেমেছে জেলা শিক্ষা বিভাগ। শূন্য পাসের হারের কারণ অনুসন্ধান ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে ইতোমধ্যে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় জেলা শিক্ষা অফিস। নোটিশে তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানের জমি-জমা, শিক্ষক-কর্মচারীসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে এবং পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানদের গত ৩ নভেম্বর সকাল ১০টায় জেলা শিক্ষা অফিসে উপস্থিত হয়ে মৌখিক বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। সে অনুযায়ী মৌখিক বক্তব্য গ্রহণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে। জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার স্বাক্ষরিত এসব নোটিশ ১ নভেম্বর পাঠানো হয়। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য পাসের হারের তালিকায় থাকা ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষার কলেজ আটটি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সাতটি এবং মাদরাসা তিনটি। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নাটোর সদর উপজেলার বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে আটজন পরীক্ষায় অংশ নেন। বাগাতিপাড়া উপজেলার পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ৩১ জন, তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে দুজন এবং চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেন। গুরুদাসপুর উপজেলার নূর মোহাম্মদ বিশ্বাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে ২৩ জন, চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্স কলেজ থেকে ২৩ জন, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইনস্টিটিউট থেকে ১৫ জন পরীক্ষায় অংশ নেন। লালপুর উপজেলার মাঝগ্রাম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন, রাধাকান্তপুর উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে আটজন, নেংগোপাড়া দারুসসুন্নাত আলিম মাদরাসা থেকে একজন এবং রায়পুর জাফরিয়া আলিম মাদরাসা থেকে ছয়জন পরীক্ষার্থী অংশ নেন। এ ছাড়া সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে চারজন এবং দুর্গাপুর আইডিয়াল টেকনিক্যাল হাইস্কুল থেকে আটজন পরীক্ষায় অংশ নেন। নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া ফাজিল মাদরাসা থেকে ২৩ জন, সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নেন। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। ফলাফল নিয়ে বিস্ময়, খাতা পুনর্নিরীক্ষণের আবেদন এমন ফলাফলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি কোনো কোনো প্রতিষ্ঠানপ্রধান ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। গুরুদাসপুর উপজেলার চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্স কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জানান, ২০০০ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০ জন শিক্ষক ও ১৩ জন কর্মচারী কর্মরত রয়েছেন। তাঁর দাবি, বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটির পাসের হার ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে ছিল। কিন্তু এবার সবাইকে হতবাক করে দিয়েছে ফলাফল। অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে আটজন বাংলা ও ইংরেজি বিষয়ে এবং অন্য দুজন হিসাবরক্ষণ বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের কারও ফলাফল এমন হওয়ার কথা নয় বলে দাবি করে তিনি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। মোখলেছুর রহমান আরও জানান, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ২ নভেম্বর জেলা শিক্ষা অফিসে জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দেওয়া হবে। অন্যদিকে, নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া ফাজিল মাদরাসার প্রধান হাবিবুর রহমানের কাছে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী জানান, শূন্য পাসের হার পাওয়া প্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানদের ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিক্ষা অফিসে ডেকে মৌখিক বক্তব্য নেওয়া হয়েছে। এ সময় তাদের কাছে ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়। তিনি বলেন, প্রতিষ্ঠানপ্রধানদের মৌখিক বক্তব্য এবং শোকজের লিখিত জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সংশ্লিষ্টদের দাবি, জেলায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা নিছক ফলাফল বিপর্যয় হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষার মান, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা, শিক্ষকদের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং প্রতিষ্ঠান পরিচালনার সামগ্রিক ব্যবস্থাপনার প্রশ্ন। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি, নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক শিক্ষকসংকট এবং পরীক্ষার প্রস্তুতির বিষয়গুলোও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তবে কেবল শোকজ বা জবাবদিহির মধ্যেই যেন তদন্ত সীমাবদ্ধ না থাকে। প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাটোরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এই ফলাফল বিপর্যয় শিক্ষা বিভাগের জন্য একটি সতর্কবার্তা। তদন্তে কি উঠে আসে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তা জানতে এখন অপেক্ষা করতে হবে জেলা শিক্ষা বিভাগের পরবর্তী সিদ্ধান্তের জন্য।