নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

ঐতিহ্যের কাঁচাগোল্লার কারখানায় তেলাপোকার উপদ্রপ : মালিকের এক বছরের কারাদন্ড

আল মদিনা বেকারি মালিককে লাখ টাকা জরিমানা

ঐতিহ্যের কাঁচাগোল্লার কারখানায় তেলাপোকার উপদ্রপ : মালিকের এক বছরের কারাদন্ড

নাটোরের ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত মিষ্টি কাঁচাগোল্লা তৈরির কারখানায় মিলেছে তেলাপোকার উপদ্রব ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এ ঘটনায় নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালীবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বারিক মিষ্টান্ন ভান্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫৫) এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা এবং সেখানে মজুত প্রায় চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর এ দন্ডাদেশ দেওয়া হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু নাটোর শহরের জয়কালীবাড়ী এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নাটোর জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান ও স্থানীয়রা জানান, নাটোরের কাঁচাগোল্লা শুধু একটি মিষ্টান্ন নয়; এটি জেলার প্রায় ২৫০ বছরের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। দেশজুড়ে এ মিষ্টির ব্যাপক চাহিদা রয়েছে। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবেও সরকারি স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা। তিনি জানান, দ্বারিক মিষ্টান্ন ভান্ডার নাটোরের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী মিষ্টির প্রতিষ্ঠান। একসময় এ প্রতিষ্ঠানের তৈরি আদি কাঁচাগোল্লা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। স্বাদ ও মানের কারণে প্রতিষ্ঠানটির সুনামও ছিল। তবে সাম্প্রতিক অভিযানে কারখানাটির উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার ভয়াবহ চিত্র উঠে আসে। অভিযানকালে কারখানার কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির স্থান এবং সংরক্ষণাগারে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। মেঝেতে খোলা অবস্থায় খাদ্যপণ্য পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি খাদ্যপণ্যের আশপাশে ছিল অসংখ্য তেলাপোকার উপস্থিতি। খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এসব অনিয়মের বিষয়ে অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। পাশাপাশি কারখানায় থাকা আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়। একই রাতে নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকায় আল মদিনা নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পণ্য সংগ্রহ ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা পলাশ কুমারসহ অনেকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর অনিয়ম ও অবহেলার কারণে নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি জেলার ঐতিহ্যের জন্যও ক্ষতিকর। এ ধরনের কর্মকান্ডে জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নাটোর জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি কর্মকর্তা মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। স্থানীয় সচেতন মহলের মতে, নাটোরের কাঁচাগোল্লার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে খাদ্যনিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করা জরুরি। কোনো একটি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে যেন শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যবাহী জিআই পণ্যের আন্তর্জাতিক ও জাতীয় পরিচিতি প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উৎপাদক ও ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।