নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

বড়াইগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ২০ দিনেও শুরু হয়নি তদন্ত

নাটোরের বড়াইগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অভিযোগ জমা দেওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্ত শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারীরা। এতে বিপাকে পড়েছেন প্রকৃত সার ব্যবসায়ীরা।
উপজেলার জোয়াড়ী ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, অর্থের বিনিময়ে আওয়ামী লীগপন্থী ও যুবলীগ কর্মী হিসেবে পরিচিত আরিফ খা কে সার ডিলারশিপের লাইসেন্স দেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, আরিফ খার সার বিক্রির পূর্ব অভিজ্ঞতা নেই। এমনকি সরকারি বিধি অনুযায়ী সার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্ধারিত গোডাউনও তার নেই। এসব শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও কীভাবে তিনি ডিলারশিপের লাইসেন্স পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি বিভাগ ও নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে অভিযোগ জমা দেওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম শুরু হয়নি বলে দাবি তাদের।
অভিযোগকারীরা জানান, বিষয়টি জানতে একাধিকবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। প্রতিবারই তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রকৃত ও দীর্ঘদিনের সার ব্যবসায়ীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, লিখিত অভিযোগ পাওয়ার পরও তদন্ত শুরু করতে এত দীর্ঘসূত্রতা কেন? কার স্বার্থে তদন্ত কার্যক্রম থমকে আছে? সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নাসিমা জাহান বলেন, “সকল ধাপ সুষ্ঠুভাবে পর্যালোচনার মাধ্যমেই সার ডিলারশিপের লাইসেন্স দেওয়া হয়েছে। তারপরও যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারীদের দাবি, সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। একই সঙ্গে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।