নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
আখচাষে নতুন আশার আলো:

নাটোরে ৯ হাজার ৫২৩ কৃষক পেলেন ৪ কোটি ১৯ লাখ টাকার প্রণোদনা

উন্নত পদ্ধতিতে আখ চাষ, আবাদি জমি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য

নাটোরে ৯ হাজার ৫২৩ কৃষক পেলেন ৪ কোটি ১৯ লাখ টাকার প্রণোদনা

দেশের চিনিশিল্পের উন্নয়ন এবং আখ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় নাটোর জেলার দুটি চিনিকল এলাকার ৯ হাজার ৫২৩ জন আখচাষিকে এবার মোট ৪ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৫০০ টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে কৃষকদের আগ্রহী করে তোলা এবং আখের আবাদি জমি ও ফলন বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারের এই আর্থিক সহায়তা পেয়ে ইতোমধ্যে প্রণোদনাভোগী কৃষকেরা তাদের জমিতে আগামী মৌসুমের আখ রোপণের কার্যক্রম শুরু করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সময়োপযোগী এই উদ্যোগ আখ চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি করার পাশাপাশি দেশের চিনিশিল্পের সংকট উত্তরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। সম্প্রতি রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের দুটি চিনিকলের চারজন আখচাষির প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুজন করে কৃষকের হাতে প্রণোদনা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রণোদনার অর্থের মধ্যে নর্থ বেঙ্গল চিনিকল এলাকার ৫ হাজার ৪৫৪ জন আখচাষিকে দেওয়া হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকা। অন্যদিকে নাটোর চিনিকল এলাকার ৪ হাজার ৬৯ জন কৃষক পেয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। দুই চিনিকল এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা এই অর্থ আখ চাষের বিভিন্ন পদ্ধতি ও ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। নাটোর চিনিকলের কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উন্নত পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে জমির ধরন ও চাষপদ্ধতি বিবেচনায় একরপ্রতি বিভিন্ন হারে প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে এসটিপি পদ্ধতিতে সাথি ফসলসহ আখ চাষে একরপ্রতি ৫ হাজার টাকা, বীজ থেকে এসটিপি পদ্ধতিতে আখ চাষে ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ পদ্ধতিতে আখ চাষে ৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এ ছাড়া ১৫ ডিসেম্বরের আগে আগাম আখ চাষের জন্য একরপ্রতি ৩ হাজার ৫০০ টাকা এবং মুড়ি আখ চাষের জন্য ৩ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। এসব পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় সামাল দেওয়ার পাশাপাশি উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রণোদনা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) ফারুক আহমেদ জানান, প্রণোদনার জন্য প্রথমে তৃণমূল পর্যায়ে আখচাষিদের তালিকা প্রস্তুত করা হয়। এরপর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরেজমিনে তালিকাভুক্ত কৃষকদের তথ্য যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তালিকা চূড়ান্ত করা হলে অনলাইনে কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পাঠানো হয়।তিনি আরও জানান, এ প্রক্রিয়ায় প্রকৃত আখচাষিদের শনাক্ত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে কৃষকেরা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রণোদনার অর্থ পেয়েছেন।নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট আখচাষিদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে। অন্যদিকে নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, আখ চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি আখের আবাদি এলাকা ও উৎপাদন বৃদ্ধিতে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি এই সহায়তার ফলে কৃষকেরা উন্নত পদ্ধতিতে আখ চাষে আরও আগ্রহী হবেন। এতে একদিকে যেমন আখের উৎপাদন বাড়বে, অন্যদিকে চিনিকলগুলোর কাঁচামালের চাহিদা পূরণেও ইতিবাচক প্রভাব পড়বে। সর্বোপরি দেশের চিনিশিল্পের উন্নয়ন ও বিকাশে এ উদ্যোগ সহায়ক হবে।
আখ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত :
বাংলাদেশের চিনিশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল আখ। অথচ উৎপাদন ব্যয়, কৃষকের ন্যায্যমূল্য, উন্নত বীজ ও আধুনিক চাষপদ্ধতির অভাবসহ নানা কারণে অনেক এলাকায় আখ চাষে আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় নাটোরের কৃষকদের জন্য সরকারের এই প্রণোদনা কর্মসূচি একটি ইতিবাচক পদক্ষেপ। বিশেষ করে আগাম আখ চাষ, এসটিপি পদ্ধতি এবং সাথি ফসল চাষে আর্থিক সহায়তা কৃষকদের জন্য বাড়তি উৎসাহ হিসেবে কাজ করতে পারে। পরিকল্পিতভাবে এসব পদ্ধতির সম্প্রসারণ করা গেলে একই জমিতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধির সুযোগও তৈরি হবে। তবে এই উদ্যোগের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রণোদনার ধারাবাহিকতা, উন্নত জাতের আখের বীজ সরবরাহ, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং উৎপাদিত আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চিনিকল কর্তৃপক্ষ ও কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। সব মিলিয়ে নাটোরের দুটি চিনিকল এলাকার ৯ হাজার ৫২৩ জন আখচাষির হাতে ৪ কোটি ১৯ লাখ টাকার বেশি প্রণোদনা পৌঁছে দেওয়া শুধু আর্থিক সহায়তা নয়; এটি আখ চাষ সম্প্রসারণ এবং চিনিশিল্পকে ঘিরে নতুন আশার সঞ্চার করেছে। যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ সফল হলে কৃষকের মুখে হাসি ফুটবে, বাড়বে আখের উৎপাদন এবং শক্তিশালী হবে দেশের চিনিশিল্পের ভিত্তি।