প্রবাসে পুড়েছিল দুই তরুণের স্বপ্ন, দেশে ফিরল নিথর দেহ
সৌদিতে আগুনে পুড়ে নিহত নাটোরের শামীম হোসেন ও সাব্বির হোসেন
যে হাত দুটো একদিন পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে হাজার মাইল দূরের মরুর দেশে পাড়ি জমিয়েছিল, সেই হাত আর কখনো প্রিয়জনের হাত ছুঁয়ে দেখবে না। যে চোখে ছিল স্বচ্ছল জীবনের স্বপ্ন, সেই চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। পরিবারের অভাব ঘোচাতে, স্বজনদের একটু ভালো রাখতে আর ভবিষ্যতের দিনগুলো সুন্দর করতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাটোরের নলডাঙ্গার দুই তরুণ মোহাম্মদ শামীম হোসেন ও সাব্বির হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁদের ফিরতে হলো কফিনবন্দী হয়ে। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান এই দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক। দীর্ঘ অপেক্ষা, পরিচয় শনাক্তের জটিলতা, ডিএনএ পরীক্ষা ও নানা আনুষ্ঠানিকতা শেষে শনিবার (৩১ অক্টোবর) সকালে তাদের মরদেহ দেশে পৌঁছায়। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরের দিকে মরদেহ দুটি নিজ নিজ গ্রামে পৌছলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। তাদের নিথর দেহ একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকে গ্রামবাসী। যে বাড়িগুলোতে একদিন তাদের ফিরে আসার আনন্দঘন মুহূর্তের অপেক্ষা ছিল, সেখানেই এখন চলছে কান্না আর শোকের মাতম। নিহত মোহাম্মদ শামীম নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই ইউনিয়নের খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের রাব্বানির ছেলে। দুজনেরই ছিল পরিবারকে ঘিরে নানা স্বপ্ন। প্রবাসের কঠিন পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের অভাব দূর করা, স্বজনদের মুখে হাসি ফোটানো এবং একটু ভালোভাবে বেঁচে থাকার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না। বিদেশের মাটিতে একটি ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিল তাদের জীবনের পথচলা। পরিবারের কাছে প্রবাসে থাকা সন্তান কিংবা স্বজনের প্রতিটি ফোনকলই ছিল স্বস্তির। দূরদেশে ভালো থাকার খবর শুনে স্বজনেরা নিশ্চিন্ত হতেন। হয়তো প্রতিটি ঈদ, প্রতিটি উৎসব কিংবা পারিবারিক আয়োজনে তাদের ফিরে আসার অপেক্ষা ছিল। কিন্তু এবার আর কোনো ফোনকল আসবে না, দরজায় কড়া নেড়ে কেউ বলবে না—‘আমি ফিরে এসেছি। পারিবারিক সুত্রে জানাযায়, চলতি বছরের গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হন। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। প্রথম পর্যায়ে সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় নিশ্চিত করে। পরে ২৭ আগস্ট তাদের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু শামীম ও সাব্বিরসহ বাকি সাতজনের পরিচয় শনাক্ত করতে সময় লাগে। তাদের পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর শুরু হয় স্বজনদের অপেক্ষার আরেক দীর্ঘ অধ্যায়। একদিকে প্রিয়জনকে হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে তাদের মরদেহ দেশে ফেরার অনিশ্চয়তা—দুইয়ের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে পরিবারগুলো। দীর্ঘ আইনি ও চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। অবশেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরিয়ে আনা হয় শামীম ও সাব্বিরের মরদেহ। দীর্ঘ অপেক্ষার পর স্বজনেরা তাদের প্রিয়জনের মরদেহ ফিরে পেলেও সেই ফিরে আসার মধ্যে নেই কোনো আনন্দ। রয়েছে এমন এক বেদনা, যা ভাষায় প্রকাশ করা কঠিন। দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরে মরদেহ দুটি গ্রামে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে স্থানীয় মাঠে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে নিহত শামীমের বাবা জাকির হোসেন বলেন, ছেলের মরদেহ ভয়াবহভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে সময় লেগেছে। অবশেষে ছেলের মরদেহ দেশে এসেছে। ছেলের মরদেহ দাফন হয়েছে। এটাই ছিল তার কাছে বড় পাওয়া। একই কথা জানালেন সাব্বিরের বাবা গোলাম রাব্বানী। চোখ মুছতে মুছতে তিনি বলেন, ছেলের শরীর এমনভাবে পুড়ে গিয়েছিল যে আঙুলের ছাপ দিয়েও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হয়েছে। ছেলের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, উপার্জনক্ষম স্বজনদের হারিয়ে পরিবার দুটি এখন দিশেহারা হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তিনি জানান, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মরদেহ প্রথম দফায় দেশে আসে। দ্বিতীয় দফায় শনিবার বাকি দুজনের মরদেহ আনা হয়েছে। নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়েছে। দাফনে নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন, খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
