গুরুদাসপুরে সার পাচারের অভিযোগ, ৩০ বস্তা ইউরিয়াসহ ৩ অটোভ্যান জব্দ
নাটোরের গুরুদাসপুরে কৃষক পর্যায়ে সারের সংকটের মধ্যে দুই ডিলারের বিরুদ্ধে পাশের উপজেলায় সার পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি অটোভ্যান জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সীমান্তবর্তী বিলবিয়াসপুর এলাকা থেকে এসব সার ও অটোভ্যান জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার অন্য উপজেলায় পাচার করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি অটোভ্যানে থাকা ৩০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে অটোভ্যানচালকসহ জব্দ করা সার ও যানবাহন উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, পাচার হওয়া সারগুলোর মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ৩০ বস্তা সার জব্দ করা হয়েছে এবং তিনটি অটোভ্যান আটক দেখানো হয়েছে। সারের অবৈধ মজুত, পাচার ও কারসাজি রোধে প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানো হবে। এদিকে কৃষি উপকরণের অন্যতম গুরুত্বপূর্ণ এই সারের সরবরাহ নিয়ে যখন কৃষক পর্যায়ে সংকটের অভিযোগ রয়েছে, তখন এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার পাচারের অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিলারদের কার্যক্রম নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
