নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

বিষের ছোবলে নিধন ৭ লাখ টাকার মাছ হুমকিতে লাড়কিবাড়ী বিলের জীববৈচিত্র্য

বিষের ছোবলে নিধন ৭ লাখ টাকার মাছ হুমকিতে লাড়কিবাড়ী বিলের জীববৈচিত্র্য

নাটোরের সিংড়া উপজেলার লাড়কিবাড়ী বিলে রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের দেওয়া বিষে বিলের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষিরা। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে বিলের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কে বা কারা বিলের পানিতে কীটনাশক প্রয়োগ করে। পরদিন সোমবার সকালে বিলের পানিতে অসংখ্য মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের দাবি, বিষ প্রয়োগের ঘটনায় তাদের প্রায় ৭ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার কতুয়াবাড়ী ও লাড়কিবাড়ী বিলে প্রায় চার দশক ধরে সামাজিক উদ্যোগে মাছ চাষ করে আসছেন স্থানীয়রা। সম্প্রতি কতুয়াবাড়ী ও পারসাঐল গ্রামের প্রায় ৫০ জন ব্যক্তি সম্মিলিতভাবে প্রায় ৩০ লাখ টাকার রুইজাতীয় মাছ বিলে অবমুক্ত করেন। তবে বিলের মালিকানা ও দখল নিয়ে সম্প্রতি স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নিলেও তা সফল হয়নি। এরই মধ্যে বিলের পানিতে বিষ প্রয়োগের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আসাদুজ্জামান বাবু ও আব্দুল কাইয়ুম বলেন, প্রায় ৪০ বছর ধরে সামাজিকভাবে এই বিলে মাছ চাষ হয়ে আসছে। কিন্তু সমাজের বাইরে গিয়ে দু-একজন ব্যক্তি এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আরেক ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি বিপ্লবুর রহমান সবুজ বলেন, বিষ প্রয়োগের কারণে তাঁদের প্রায় চার লাখ টাকার মাছ মারা গেছে। তবে রাতের আধারে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা নিশ্চিত নন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আলোচনায় আসা প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, বিষ প্রয়োগের ফলে বিলে দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু হয়েছে। এতে জলজ জীববৈচিত্র্েযর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।