লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (০২) ও শিউলী খাতুন (০৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বেরেলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন উপজেলার বেরেলাবাড়ী গ্রামের মো. আনারুল ইসলামের মেয়ে ও শিউলী খাতুন একই গ্রামের সেরাজুল হকের মেয়ে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের আশপাশে খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃতদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই প্রকৃত অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। কারণ এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।
